২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি সভাপতির বিরুদ্ধে বিসিবি পরিচালকের অভিযোগ এবং এরপর…

বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন, তবে পরে এই প্রসঙ্গে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 06:03 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে রোববার দুপুরে যখন অনুশীলন করছে বিপিএলের দুটি দল, তখন মূল মাঠে দেখা গেল নাজমুল আবেদীনকে। বিসিবির এই পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মাঠের মাঝে গিয়ে কথা বললেন কিউরেটরের সঙ্গে। বেশি কিছুটা সময় নিয়ে উইকেট পরখ করে দেখলেন তিনি। একটা সময় তিনি ব্যস্ত হয়ে পড়লেন ফোনে। মাঠে দাঁড়িয়ে লম্বা সময় কথা বলতে থাকলেন। তার দিকে তখন দৃষ্টি সংবাকর্মীদের সবার। ততক্ষণে যে তাকে নিয়ে শুরু হয়েছে তোলপাড়! 

যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি বেশ কিছু অভিযোগ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে। জানিয়েছেন সভাপতিকে নিয়ে নিজের অসন্তোষের কথাও। এমনকি বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন না করলেই ভালো, এমন কথাও বলেছেন এই ক্রিকেট ব্যক্তিত্ব। বাংলাদেশের ক্রিকেটে এই ধরনের ঘটনা শুধু বিরল নয়, বলা চলে অভূতপূর্ব। তাকে ঘিরে তাই প্রবল কৌতূহল থাকারই কথা। তবে পরে বারংবার জিজ্ঞাসাতেও এসব নিয়ে কথা বলতে রাজী হননি নাজমুল।  

বিসিবি সভাপতিও সিলেটে এসেছেন রোববার দুপুরে। তবে মাঠে দেখা যায়নি তাকে। টিভি সাক্ষাৎকারে নাজমুল আবেদীন যা বলেছেন, তাতে তার অভিযোগ এ দিনের বা একদিন-দুদিনের নয়। রোববার প্রচারিত সেই সাক্ষাৎকারে বিসিবির এই পরিচালক শুরুতে আক্ষেপ করলেন তাকে নিয়ে করা বিসিবি সভাপতির একটি মন্তব্য নিয়ে।

“ওরকম একটা মন্তব্য… আমি সুনির্দিষ্ট করে বলতে চাই না, মন্তব্যটি কী ছিল। তবে সেটি আমাকে খুবই হতাশ করেছে এবং সেটা বুঝিয়ে দিয়েছে, এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়তো সেভাবে আমাকে তার কনফিডেন্সে নিচ্ছেন না। আমি জানি না, প্রেসিডেন্ট কেন মন্তব্য করেছেন আমার ব্যাপারে। এটা শুনে আমি খুব অবাকও হয়েছিলাম এবং স্বাভাবিকভাবেই, আমি মোটেও আশা করিনি এমন মন্তব্য। সেটা অনেকগুলো মানুষের সামনে… মন্ত্রণালয়ের মানুষ ছিল, বোর্ডের ও বাইরের লোকজনও ছিল।”

গত অগাস্টে দেশে রাজনৈতিক পালাবদলের পথ ধরে ক্রিকেট বোর্ডেও যে পরিবর্তন আসে, সেই স্রোতেই গত ২১ অগাস্ট একই সঙ্গে বিসিবি পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন। একই দিনে ফারুক সভাপতি নির্বাচিত হন ফারুক। 

একসঙ্গে বোর্ডে এলেও ফারুকের আস্থা খুব একটা পাননি বলে দাবি করলেন নাজমুল আবেদীন। 

“যেটা আমার কাছে মনে হয়েছে যে, বোর্ড প্রেসিডেন্ট হয়তো বোর্ড পরিচালকদের যে জায়গাটা দেওয়ার কথা, সেই জায়গাটা কতটা দিতে চান, সেটা… কিংবা আমার ব্যাপারটা হয়তো কিছুটা ভিন্ন হওয়ার কথা, কারণ যে দুজন আমরা সম্প্রতি এসেছি, বোর্ড প্রেসিডেন্ট একজন, আমি আরেকজন, আমাদের মধ্যে যে বোঝাপড়া থাকার কথা, একসঙ্গে কাজ করার যে ব্যাপারটি থাকার কথা, সেখানে এই ধরনের মন্তব্য করাটা কতটা সমীচীন হয়েছে…।”

ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব পাওয়ার পর সাড়ে চার মাস পেরিয়ে গেলেও বোর্ডের স্থায়ী কমিটি গঠন করা হয়নি একটিও। বিসিবি সভাপতি অবশ্য আশ্বাস দিয়েছেন বারবার। সবশেষ গত শুক্রবার বিপিএলের ম্যাচ চলার সময়ও তিনি প্রেসবক্সে জানান, খুব শিগগিরই বিভিন্ন কমিটির প্রধানের নাম জানানো হবে। তবে তা হয়নি এখনও।

নাজমুল আবেদীনের অভিযোগের তির এ দিকেও। 

“আমরা এখনও আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলোকে দাঁড় করাতে পারিনি। তাতে যেটা হয়েছে, কর্তৃত্ব নিয়ে কাজ করা… এই বিভাগ বা ওই বিভাগের পুরো দায়িত্ব আমার, সেই অধিকার নিয়ে কাজ করাটা হয়নি। তাতে যতটা গতিশীল হতে পারত, সেটি আসেনি। আমার যে ভূমিকা রাখার সুযোগ ছিল, সেভাবে আমি পারছি না। যেসব বিষয়ে আমার জানা প্রয়োজন, যেসবে আমার অবদান রাখার সুযোগ আছে, সেসব বিষয়ে যে করতে পারছি, তা নয়…।”

নাজমুল আবেদীন বিসিবিতে গেম ডেভেলপমেন্ট, উইমেন’স উইংসহ নানা ভূমিকায় কাজ করেছেন দীর্ঘদিন। পরে বোর্ডের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নাজমুল হাসানের (পাপন) নেতৃত্বাধীন বোর্ডের নানা অনিয়ম-অসঙ্গতি নিয়ে তিনি বেশ সোচ্চার ছিলেন সংবাদমাধ্যমে।

এখন তার মনে হচ্ছে, বোর্ড পরিচালক হওয়ার পর তার কথা বলা ও কাজ করার সুযোগ সীমিত হয়ে গেছে। যা তিনি মেনে নিতে পারছেন না। 

“আমার অনেক সময় মনে হয়, আমার মনে হয় বোর্ডে না থাকলেই ভালো। কারণ বোর্ডের বাইরে থেকে যেভাবে ভূমিকা রাখতে পারি, যে ধরনের আলাপ-আলোচনা করতে পারি, বোর্ডের ভেতরে থেকে আমার পক্ষে করা সম্ভব নয়। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। কাজ করতে যদি না পারি, তার চেয়ে ভালো বাইরে থাকা। বাইরে থাকলে হয়তো কী হতে পারে, না পারে, কী হওয়া উচিত ছিল, এসব নিয়ে আলোচনা করতে পারি। বোর্ডে থাকা আমার জন্য খুব জরুরি নয়।”

“কাজ করতে যদি না পারি, নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার না থাকে… আমার জন্য খুব জরুরি স্বাধীনতা নিয়ে কাজ করাটা। কারণ, নিজের চিন্তাভাবনা মেলে ধরার সুযোগ থাকাটা দরকার।”

এই সাক্ষাৎকার প্রচারের পর তাকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ম্যাসেজ পাঠানো হলেও জবাব দেননি। এক পর্যায়ে শুধু জানান, পরে কথা বলবেন।

পরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। কিন্তু বিপিএল সংক্রান্ত নানা কিছুর বাইরে আর কোনো কথা বলতে রাজি হননি। বিসিবি সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে জিজ্ঞেস করা হলেও তা এড়িয়ে যান তিনি।

বিসিবি সভাপতিকে ফোন করা হলে তিনিও কোনো মন্তব্য করতে রাজি হননি।