৩ রানে ৫ উইকেট মুকিমের, জিম্বাবুয়েকে ৫৭ রানে গুটিয়ে সিরিজ পাকিস্তানের
রেকর্ডগড়া জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল পাকিস্তান।
প্রথম চার ওভারে বিনা উইকেটে ৩৭ রান। নিঃসন্দেহে দারুণ শুরু। কিন্তু এরপর যা হলো, সেটাকে অবিশ্বাস্য বললেও কম বলা হয়ে যায়। ভয়াবহ ব্যাটিং ধসে ২০ রানের মধ্যে ১০ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে গুটিয়ে গেল স্রেফ ৫৭ রানে! ৩ রানে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল পাকিস্তান।
বুলাওয়ায়োতে মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয় ১০ উইকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে এই প্রথম সবগুলো উইকেট হাতে রেখে জিতল তারা।
প্রথম দল হিসেবে এই সংস্করণে আড়াইশ ম্যাচের মাইলফলক স্পর্শ করার উপলক্ষ দারুণ জয়ে রাঙাল পাকিস্তান।
মাস দেড়েক আগে টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড ৩৪৪ রান জিম্বাবুয়ে করেছিল গাম্বিয়ার বিপক্ষে। সেই তারা এবার গুটিয়ে গেল এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন রানে। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় ৮২ রান ছিল তাদের আগের সর্বনিম্ন।
জিম্বাবুয়েকে ১২.৪ ওভারে অল আউট করে দেওয়া পাকিস্তান লক্ষ্য ছুঁয়ে ফেলে ৮৭ বল হাতে রেখে। এই সংস্করণে রান তাড়ায় প্রথমবার পঞ্চাশের বেশি বল হাতে রেখে জিতল তারা। গত এপ্রিলে রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৭ বল বাকি থাকতে জিতেছিল দলটি।
ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি খেলতে নেমে মুকিম ৩ রানে ৫ উইকেট নেন স্রেফ ১৬ বল করেই। এই সংস্করণে পাকিস্তানের হয়ে সেরা বোলিং এটি। আগের রেকর্ড ছিল উমর গুলের। এই পেসার ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন দুই দফায়।
আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে মুকিমের চেয়ে কম রানে পাঁচ উইকেট নিতে পারেননি আর কেউ। তার সমান ৩ রানে ৫ উইকেট আছে শ্রীলঙ্কার রাঙ্গানা হেরাথ ও আফগানিস্তানের রাশিদ খানের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্রায়ান বেনেট ও টাডিওয়ানাশে মারুমানির ব্যাটে উড়ন্ত শুরু করে জিম্বাবুয়ে। পঞ্চম ওভারে মারুমানিকে (১৪ বলে ১৬) ফিরিয়ে ৩৭ রানের শুরুর জুটি ভাঙেন আব্বাস আফ্রিদি। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং।
বেনেটকে (১৪ বলে ২১) থামান হারিফ রউফ। সিকান্দার রাজাকে ফিরিয়ে দ্বিতীয় শিকার ধরেন আব্বাস।
ষষ্ঠ বোলার হিসেবে মুকিম বল হাতে পান নবম ওভারে। ওই ওভারে পরপর দুই বলে রায়ান বার্ল ও মুসেকিওয়াকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ২৫ বছর বয়সী ক্রিকেটার। হ্যাটট্রিক না হলেও, নিজের পরের ওভারে তিনি শিকার ধরেন আরও দুটি।
পরের ওভারে একটি উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদ। ক্লাইভ মাডান্ডেকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ উইকেট পূর্ণ করেন মুকিম।
আগের ম্যাচেও ধসে পড়েছিল জিম্বাবুয়ের ব্যাটিং, রান তাড়ায় ৩১ রানে শেষ ৮ উইকেট হারিয়েছিল তারা।
উইকেট যে ব্যাটিংয়ের জন্য ভয়াবহ কিছু ছিল না, তার প্রমাণ মেলে উমাইর ইউসুফ ও সাইম আইয়ুবের ব্যাটিংয়ে। অনায়াসে লক্ষ্য ছুঁয়ে ফেলেন তারা ৫.৩ ওভারেই।
৬ চার ও এক ছক্কায় ১৮ বলে ৩৬ রান করেন সাইম। ২ চার ও এক ছক্কায় ১৫ বলে ২২ রান করেন ইউসুফ।
একই মাঠে আগামী বৃহস্পতিবার হবে শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১২.৪ ওভারে ৫৭ (বেনেট ২১, মারুমানি ১৬, মায়ার্স ৩, রাজা ৩, বার্ল ১, মাডান্ডে ৯, মুসেকিওয়া ০, মাসাকাদজা ৩, এনগারাভা ০, মুজারাবানি ০, গুয়ান্ডু ১*; আবরার ৩-০-২১-১, জাহানদাদ ১-০-১১-০, রউফ ২-০-১৩-১, আব্বাস ২-১-২-২, সালমান ২-০-৭-১, মুকিম ২.৪-০-৩-৫)
পাকিস্তান: ৫.৩ ওভারে ৬১/০ (ইউসুফ ২২*, সাইম ৩৬*; রাজা ১-০-১১-০, এনগারাভা ২-০-১৫-০, মুজারাবানি ১.৩-০-২১-০, গুয়ান্ডু ১-০-১৩-০)
ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সুফিয়ান মুকিম
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে পাকিস্তান
