২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া সেঞ্চুরিতে পন্টিংয়ের কীর্তি মনে করালেন ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান

স্যাম কনস্টাসকে বলা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘নতুন মাইকেল ক্লার্ক’, তবে দারুণ কীর্তি গড়ে তিনি মনে করিয়ে দিলেন রিকি পন্টিংয়ের একটি রেকর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2024, 10:22 AM

Updated : 26 Aug 2026, 10:38 AM

প্রথম ইনিংসের সেঞ্চুরিতেই যথেষ্ট সাড়া জাগিয়েছিলেন স্যাম কনস্টাস। সঙ্গে এবার যোগ হলো দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি। ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের নাম উঠে গেল রেকর্ড বইয়ে। যে কীর্তি গড়ে একসময় অস্ট্রেলিয়ান ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছিলেন রিকি পন্টিং।

শেফিল্ড শিল্ডের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি উপহার দেন কনস্টাস।

১৯ বছর ৬ দিন বয়সে ম্যাচটি শুরু করেন কনস্টাস। শেফিল্ড শিল্ডে সুদীর্ঘ ইতিহাসে এক ম্যাচে দুই সেঞ্চুরি করা তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান তিনি।

অস্ট্রেলিয়ার এই প্রথম শ্রেণির টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে জোড়া সেঞ্চুরির রেকর্ডটি পন্টিংয়ের। ১৯৯৩ সালের মার্চে তাসমানিয়ার হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে ১০৭ ও ১০০ রানের ইনিংস খেলেছিলেন সেই সময়ের তুমুল আলোচিত তরুণ প্রতিভা। তিনি ম্যাচটি শুরু করেছিলেন ১৮ বছর ৮২ দিন বয়সে।

৩১ বছর পর পন্টিংয়ের সেই কীর্তি আবার আলোয় এলো কনস্টাসের সৌজন্যে। অস্ট্রেলিয়ান ক্রিকেটে যদিও তাকে বলা হচ্ছে ‘নতুন মাইকেল ক্লার্ক।’ তার প্রতিভা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। এই বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই আলাদা করে নজর কাড়েন এই ওপেনার। তাকে নিয়ে ভবিষ্যতের বাজি ধরছেন অনেকেই।

গত মৌসুমে শেফিল্ড শিল্ডে আবিভার্বে অবশ্য সেভাবে ভালো করতে পারেননি কনস্টাস। চার ইনিংস খেলে ফিফটি ছিল একটি। সেই ইনিংসও থেমে যায় ৫৭ রানে।

নতুন মৌসুমের শুরুটা করলেন তিনি নতুনভাবে। ম্যাচের প্রথম দিনেই ২৪১ বলে ১৫২ রানের ইনিংস খেলেন তিনি ১৩ চার ও ৪টি ছক্কায়। প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় সেঞ্চুরিটিও ধরা দিল এই ম্যাচেই। দ্বিতীয় ইনিংসে করলেন ২২৫ বলে ১০৫। 

পন্টিং ছাড়া শেফিল্ড শিল্ডে কনস্টাসের চেয়ে কম বয়সে জোড়া সেঞ্চুরি করেছেন আর কেবল আর্চি জ্যাকসন। ১৮ বছর ১২৪ দিন বয়সে প্রথম রেকর্ড গড়েছিলেন তিনি ১৯২৮ সালে। 

দুই ইনিংস মিলিয়ে কনস্টাসের ২৫৭ রান শেফিল্ড শিল্ডে ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানের রেকর্ড। টপকে গেছেন তিনি ৬০ বছর আগে গড়া ডগ ওয়াল্টার্সের রেকর্ড।