হেডকে ড্রেসিং রুমের পথ দেখিয়ে সিরাজ যখন ‘খলনায়ক’
সিরাজের আচরণ ভালো লাগেনি সুনিল গাভাস্কারের, হতাশা প্রকাশ করলেন হেডও।
আগের বলে হজম করেছিলেন ছক্কা, পরের বলে ট্রাভিস হেডকে ইয়র্কারে বোল্ড করে ‘প্রতিশোধ’ নেন মোহাম্মদ সিরাজ। মেতে ওঠেন বুনো উল্লাসে। হেডের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় তার। হাত উঁচিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে ড্রেসিং রুমের পথ দেখান ভারতীয় পেসার। উত্তরসূরির এমন আচরণ ভালো লাগেনি দেশটির ব্যাটিং গ্রেট সুনিল গাভাস্কারের। তার মতে, সেঞ্চুরিয়ান হেডকে অভিবাদন জানিয়ে বরং দর্শকদের প্রশংসা পেতে পারতেন সিরাজ।
অ্যাডিলেইডে দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করেন হেড। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮২তম ওভারে তার ১৪১ বলে ১৪০ রানের আগ্রাসী ইনিংস থামিয়ে তাকে ‘সেন্ড অফ’ দেখান সিরাজ।
চা-বিরতির সময় স্টার স্পোর্টসে আলাপে সিরাজের এমন আচরণকে অযাচিত বলে মন্তব্য করেন এই সিরিজের ধারাভাষ্যকার ও ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার।
“আমাকে জিজ্ঞেস করলে, আমি বলব অপ্রয়োজনীয় ছিল এটি। সে (হেড) ১৪০ রান করেছে। সে তো ৪-৫ রান করে আউট হয়ে যায়নি। সে ১৪০ রান করেছে, তাকে ‘সেন্ড অফ’ দেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণভাবে অযাচিত।”
“সে এখানকার (অ্যাডিলেইডের) ছেলে, এখানকার তারকা। তাকে অভিবাদন জানিয়ে দর্শকদের কাছে সিরাজ নায়ক হতে পারত। এর পরিবর্তে তাকে ড্রেসিং রুমের পথ দেখিয়ে সে খলনায়ক হয়ে গেছে।”
ওই ঘটনার পর সিরাজের সঙ্গে কথা বলেন আম্পায়াররা। হয়তো তাকে শান্ত থাকতে বলেন তারা।
পরের কয়েকটি বল করার সময় সিরাজকে দুয়ো দিতে থাকে অ্যাডিলেইড ওভালে অস্ট্রেলিয়ার সমর্থকরা। এই পেসারের কাঁধে হাত রেখে তাকে কিছু বলতে দেখা যায় রিশাভ পান্ত ও শুবমান গিলকে। হয়তো তাকে শান্ত থাকতে বলেন তারাও।
ওভাবে আউট হওয়ায় হতাশ ছিলেন হেড। দিনের খেলা শেষে ফক্স ক্রিকেটে আলাপে সিরাজের আচরণ নিয়েও কিছুটা হতাশা প্রকাশ করেন তিনি।
“আমি তাকে (সিরাজ) বলেছিলাম, ‘ভালো বল করেছো’, কিন্তু সে হয়তো অন্যরকম বুঝেছে। যখন সে আমাকে ড্রেসিং রুমের দিকে যেতে ইঙ্গিত করে, তখন আমার থেকেও কিছুটা ফেরত পেয়েছে সে। আগের কয়েকটি ইনিংসে যা ঘটেছে, তাতে কিছুটা হতাশ আমি। এটাই ব্যাপার। ওরা (ভারত) যদি ওরকম আচরণ করতে চায় এবং নিজেদের ওরকমভাবে তুলে ধরতে চায়, তাহলে তাই করুক।”
পরে সংবাদ সম্মেলনে নিজের আচরণেও দুঃখ প্রকাশ করেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
“আমি যেভাবে ক্রিকেট খেলি, আমি আরও ভালো প্রতিক্রিয়া দেখতে চাই। খেলার পরিস্থিতির প্রেক্ষিতে অমন প্রতিক্রিয়া দেখে আমি অবাক হয়েছি। বড় কোনো সংঘাত ছিল না। আমার মতে, ওই পরিস্থিতিতে হয়তো একটু বেশিই হয়ে গেছিল। এ কারণে যে প্রতিক্রিয়া আমি দেখিয়েছি, তাতে আমিও হতাশ।”
মাঠে দুই দলের একে অপরের প্রতি যথেষ্ট সম্মান আছে বলেই মনে করেন হেড।
“(দুই দলের মাঝে) সম্পর্ক সত্যিই ভালো। আমার মনে হয়, এ কারণেই আউট হওয়ার পর যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে হতাশ হয়েছি।”
