সুরিয়াভানশিকে সামলানোর ‘ব্যবস্থা করে রেখেছে’ জাপান
ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচের আগে এই আগ্রাসী ব্যাটসম্যানকে নিয়ে পরিকল্পনা জানালেন জাপান অধিনায়ক।
বিধ্বংসী ব্যাটিংয়ে বৈভাব সুরিয়াভানশি ১৫ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে নিজের যে অবস্থান তৈরি করে ফেলেছেন, তাকে নিয়ে হয়তো আলাদা করেই ভাবতে হয় প্রতিপক্ষের। তবে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচের আগে জাপান অধিনায়ক কেন্দাল কাদোওয়াকি-ফ্লেমিং বললেন, এই আগ্রাসী ব্যাটসম্যানকে নিয়ে তারা খুব একটা চিন্তিত নন এবং তাকে সামলানোর ‘উপায় জানা আছে’ তাদের।
প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হওয়ার অপেক্ষায় জাপান। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচটি।
উইজডেনের ‘দা স্কুপ’-এ আলাপে সুরিয়াভানশিকে নিয়ে পরিকল্পনা জানালেন জাপান অধিনায়ক। বললেন, তাদের ১৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার চার্লি হারা-হিঞ্জ আগেও আউট করেছেন সুরিয়াভানশিকে।
“আমাদের ১৭ বছর বয়সী তরুণ বাঁহাতি স্পিনার আগেও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের এশিয়া কাপে তাকে আউট করেছে। তাই তাকে সামলানোর উপায় জানা আছে আমাদের। চিন্তা করবেন না।”
চার্লি এই কাজটি করেছিলেন ২০২৪ সালে একদিনের ম্যাচের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। শারজায় ইনিংসের অষ্টম ওভারে চার্লির বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে তিনটি চার ও একটি ছক্কায় ২৩ রান করেছিলেন সুরিয়াভানশি।
যদিও তখন খুব একটা পরিচিতি ছিল না সুরিয়াভানশির। ২০২৫ সালের আইপিএলে বিস্ফোরক এক সেঞ্চুরিতে ক্রিকেট বিশ্বের নজর কাড়েন তিনি। তারপর থেকে তো প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে তার ব্যাটের তেজ।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসও হতে যাচ্ছে জাপানে। যেখানে ছেলেদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর। ভারতের বিপক্ষে ম্যাচটিতে তাই স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শক সমাগমের আশা করছে জাপান।
আয়োজকরা প্রস্তুতি জোরদার করছে বলে জানালেন জাপান অধিনায়ক।
“আমার মনে হয়, তারা এই মুহূর্তে সেখানে কিছু অস্থায়ী স্ট্যান্ড বসানোর চেষ্টা করছে। আমাদের সাধারণত দুটি স্ট্যান্ড থাকে এবং মাঠে প্রায় ৫০০ লোকের জায়গা হয়। কিন্তু আমি যতদূর জানি, এই ম্যাচের জন্য আমরা প্রায় দুই থেকে তিন হাজার দর্শকের আশা করছি।
“অবশ্যই এই ভারতীয় খেলোয়াড়রা প্রথম সারির তারকা এবং আমার মনে হয় টোকিও এবং দেশের সব জায়গা থেকে প্রচুর সমর্থক- ভারতীয় ক্রিকেট সমর্থকরা আসবেন। তাই অনেক নিরাপত্তা এবং সম্ভবত এমন সব লজিস্টিক ব্যবস্থা থাকবে, যা আমরা জাপানে আগে কখনও দেখিনি।”
