২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৯৯ রানে আউট, মার্টিন ক্রোর স্মৃতি ফেরালেন ভারতীয় ব্যাটসম্যান

প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে প্রথম ভারতীয় ও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই অভিজ্ঞতা হলো সুদিপ কুমার ঘরামির।

২৯৯ রানে আউট, মার্টিন ক্রোর স্মৃতি ফেরালেন ভারতীয় ব্যাটসম্যান
সুদিপ কুমার ঘরামি। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 07:02 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

লেগ স্পিনার শেখ রাশিদের নিচু হওয়া ডেলিভারি সুদিপ কুমার ঘরামির ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানল স্টাম্পে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন ব্যাটসম্যান। দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দুয়ারে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু স্রেফ এক রানের জন্য ছুঁতে পারলেন না মাইলফলক।

একরাশ হতাশা সঙ্গী করে হাঁটা দিলেন তিনি ড্রেসিং রুমের পথে। এগিয়ে এসে তার পিঠ চাপড়ে দিলেন প্রতিপক্ষের কেউ কেউ। নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান মোহাম্মাদ শামি এসে হেলমেটে হাত রেখে দিলেন সান্ত্বনা। কিন্তু এসবে আর কতটুকুই বা কাজ হয়, ২৯৯ রানে আউট হলে কোনো সান্ত্বনা কি কাজে আসে!

ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালে সোমবার এই অভিজ্ঞতা হয় ঘরামির। বাংলার হয়ে আন্ধ্রার বিপক্ষে ৩১ চার ও ৬ ছক্কায় ৫৯৬ বলে ২৯৯ রানের ম্যারাথন ইনিংস খেলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটের শুরু ধরা হয় ১৭৭২ সাল থেকে। সুদীর্ঘ এই ইতিহাসে প্রথম ভারতীয় ও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ২৯৯ রানে আউট হলেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

২৯৯ রানে আউট বললেই সবার প্রথমে চলে আসে মার্টিন ক্রোর কথা। গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন বলে পরিচিত ক্রোর এই অভিজ্ঞতা হয় টেস্ট ক্রিকেটে। ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে ওয়েলিংটন টেস্টে নিউ জিল্যান্ডের অধিনায়ককে দ্বিতীয় ইনিংসে ২৯৯ রানে আউট করেন শ্রীলঙ্কার অধিনায়ক আর্জুনা রানাতুঙ্গা, যিনি আদতে পার্ট টাইমার।   

ক্রো এই তালিকায় সঙ্গী পান ২০০৬ সালে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামরগনের হয়ে গ্লস্টারশায়ারের বিপক্ষে ২৯৯ রানে আউট হন ইংলিশ ব্যাটসম্যান মাইক পাওয়েল।

২৯৯ রানে অপরাজিত থাকার নজির আছে দুটি। সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত স্যার ডন ব্র্যাডম্যান ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেইড টেস্টে ২৯৯ রানে অপরাজিত রয়ে যান অস্ট্রেলিয়া অলআউট হয়ে যাওয়ায়।

১৯৮৯ সালে রাঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে মধ্য প্রদেশের বিপক্ষে ২৯৯ রানে অপরাজিত ছিলেন ভারতের শান্তানু সুগওয়েকার। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯৯ রান করার নজির কারও নেই। ৩৯০ এর ঘরে আটকে পড়েছেন কেবল দুজন- নাভিদ লাতিফ (৩৯৪) ও স্টিফেন কুক (৩৯০)। কিংবদন্তি হানিফ মোহাম্মাদ ৪৯৯ রানে রান আউট হয়েছিলেন ১৯৫৯ সালে। 

ঘরামির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি এটি। তার আগের সর্বোচ্চ ছিল ১৮৬। এই নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরি হলো মোট সাতটি।