২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, আরও এগোলেন হৃদয়

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

র‍্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, আরও এগোলেন হৃদয়
জাকের আলি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 03:05 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের পারফরম্যান্স হতাশাজনক হলেও, ব্যাট হাতে লড়াই করেছেন জাকের আলি। এর প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। ব্যাটসম্যানদের তালিকায় ৩২ ধাপ এগিয়েছেন তিনি। 

পুরুষ ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। এতে ব্যাটসম্যানদের তালিকায় কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ব্যাটসম্যান তৌহিদ হৃদয়েরও।

শ্রীলঙ্কা সফরে মঙ্গলবার শেষ হওয়া সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের কোনোটিতেই তারা ব্যাটিংয়ে নিজেদের সেরাটা মেলে ধরতে পারেনি।

প্রথম ম্যাচে ২৪৫ রান তাড়ায় ১৬৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। বিপর্যয়ের মাঝে সেদিন সাত নম্বরে নেমে ৬৪ বলে ৫১ রান করেন জাকের। দ্বিতীয় ম্যাচে দলের কোনোমতে জয়ের পথে ২৪ ও শেষ ম্যাচে আবার ব্যাটিংয়ে বিপর্যয়ের মাঝে ২৭ রান করেন তিনি। 

ধারাবাহিকভাবে লড়াকু ব্যাটিংয়ে র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে এখন ৫৯ নম্বরে আছেন জাকের।

প্রথম ম্যাচে মাত্র ১ রান করা হৃদয় শেষ দুই ম্যাচে ভালো করেন। দলের একমাত্র জয়ের ম্যাচে ৬৯ বলে ৫১ রানের পর, শেষ ম্যাচেও ৫১ রান করেন তিনি। র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ৫১ নম্বরে আছেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।

এছাড়া প্রথম ম্যাচে ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলা তানজিদ হাসান এগিয়েছেন ১৯ ধাপ। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার পিছিয়েছেন সাত ধাপ। দুজনেই যৌথভাবে আছেন ৮৫ নম্বরে।

সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর বাকি দুই ম্যাচের দলে জায়গা পাননি লিটন দাস। ৮ ধাপ পিছিয়ে তিনি আছেন ৭৮ নম্বরে এবং ব্যাট হাতে তিন ম্যাচেই ব্যর্থ নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে আছেন ৩৪ নম্বরে।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের শুবমান গিল।

সিরিজ জুড়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন কুসাল মেন্ডিস। প্রথম দুই ম্যাচে ৪৫ ও ৫৬ রানের পর শেষ ম্যাচে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১০ ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছেন এই টপ-অর্ডার ব্যাটসম্যান।

আর প্রথম ম্যাচে ১০৬ রানের পর শেষ ম্যাচে ৫৮ রানের ইনিংস খেলা চারিথ আসালাঙ্কা দুই ধাপ এগিয়ে আছেন ষষ্ঠ স্থানে।    

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে তানজিম হাসানের। তিন ম্যাচে ৬ উইকেট নেন তিনি, ১৮ ধাপ এগিয়ে আছেন ৯২ নম্বরে। 

আর প্রথম ম্যাচে ৪ ও শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে।

পিছিয়েছেন বাংলাদেশের বাকি সবাই। মুস্তাফিজুর রহমান ১১ ধাপ পিছিয়ে ৪৬ ও মেহেদী হাসান মিরাজ ১ ধাপ পিছিয়ে ২৯ নম্বরে আছেন।

বাংলাদেশের একমাত্র জয়ের ম্যাচে ৫ উইকেট নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তানভির ইসলাম। অন্য দুই ম্যাচেও একটি করে উইকেট নেন তিনি। কিন্তু এই বাঁহাতি স্পিনার এখনও র‌্যাঙ্কিংয়ের ১০০ এর মধ্যে আসেননি।

শ্রীলঙ্কার সিরিজ জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার, আছেন আট নম্বরে।

এছাড়া দলটির দুনিথ ওয়েলালাগে পাঁচ ধাপ এগিয়ে ৩১ এবং আসিথ ফের্নান্দো ২৩ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে আছেন।

বোলারদের তালিকায় আগে থেকেই শীর্ষে শ্রীলঙ্কার অফ স্পিনার মাহিশ থিকশানা।

আবার এক নম্বর ব্রুক, ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে গিল