বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান, খবর গালফ নিউজের
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তাকে কেন্দ্র করে পাকিস্তানের অবস্থান নিয়ে সংবাদমাধ্যমগুলো ছড়াচ্ছে নানা ধরনের খবর।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নাকি সময় বেঁধে দিয়েছে আইসিসি। এর মাঝেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়, বাংলাদেশ না খেললে নাকি বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও। এদিকে গালফ নিউজের খবর, এমন কোনো ভাবনা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যমটি তাদের সোমবারের প্রতিবেদনে লিখেছে, রেভস্পোর্টজকে নাকি পিসিবির ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বাংলাদেশকে সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান।
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ভারতে। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে নিজেদের ম্যাচগুলো সেখান থেকে সরিয়ে নিতে আইসিসির কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা নিয়ে দুই দফায় এরই মধ্যে আইসিসির সঙ্গে বসেছে বিসিবি।
দুটি সভাতেই ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে আগের অবস্থানে অনড় থাকার কথা আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। আইসিসিও জানিয়ে দেয়, সূচিতে কোনো পরিবর্তন তারা আনবে না।
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতের যাবে কিনা, সেই সিদ্ধান্ত আগামী বুধবারের মধ্যে নাকি বিসিবিকে নিতে বলেছে আইসিসি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, বিশ্বকাপে খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায়, তাহলে বিকল্প দলকে বেছে নেওয়া হবে। র্যাঙ্কিং অনুযায়ী, সেই দল হবে স্কটল্যান্ড।
এদিকে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশের দাবি না মানলে তারাও নাকি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এর আগে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে পিসিবির আগ্রহের কথাও আসে গণমাধ্যমে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার পিসিবির এক সূত্রের বরাত দিয়ে সোমবার লিখেছে, বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় নিজেদের অনুশীলন বন্ধ রেখেছে পাকিস্তান। এদিনই পরে পিসিবির আরেক সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ বলছে, বিশ্বকাপ বর্জনের কোনো ভাবনা নেই পাকিস্তানের।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে এই টানাপোড়েনের শুরু। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে বাংলাদেশের পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। পরে তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা নাইট রাইডার্স।
পাল্টা জবাবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপে আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটিও কলকাতায়, শেষটি নেপালের বিপক্ষে মুম্বাইয়ে।
