২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দান্ত ক্যাচে দ্রাবিড়কে ছাড়িয়ে রুটের নতুন রেকর্ড

লর্ডস টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরির পর ক্যাচ নিয়েও রেকর্ড গড়লেন ইংলিশ তারকা।

দুর্দান্ত ক্যাচে দ্রাবিড়কে ছাড়িয়ে রুটের নতুন রেকর্ড
চমৎকার ক্যাচটি নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন জো রুট। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 10:50 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

বেন স্টোকসের বল ব্যাটসম্যান কারুন নায়ারের ব্যাট ছুঁয়ে গেল উইকেটের পেছনে। প্রথম স্লিপ থেকে দারুণ ক্ষিপ্রতায় চোখের পলকে নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে বল মুঠোয় জমালেন জো রুট। চোখধাঁধানো ক্যাচটি নিয়ে রেকর্ড গড়লেন ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান।

টেস্ট ক্রিকেটে উইকেটকিপারদের বাইরে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে স্পর্শ করেছিলেন রুট। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় গ্রেট রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে নতুন চূড়ায় উঠলেন তিনি।

কারুনের ক্যাচটি নিয়ে ১৫৬ টেস্টে রুটের ক্যাচ হলো ২১১টি। ১৬৪ টেস্টে ২১০ ক্যাচ নিয়ে ক্যারিয়ার শেষ করেন দ্রাবিড়। 

ক্যাচ নেওয়ার দ্বিশতক আছে আর কেবল তিন জনের। মাহেলা জায়াওয়ার্দেনে ১৪৯ টেস্টে ক্যাচ নেন ২০৫টি, জ্যাক ক্যালিস ১৬৬ টেস্টে ২০০টি। ১১৮ টেস্টে স্টিভেন স্মিথের ক্যাচও ২০০টি।

জায়াওয়ার্দেনে ও ক্যালিস খেলা ছেড়েছেন অনেক আগেই। তাদের ছাড়িয়ে যাওয়া স্মিথের জন্য কেবল সময়ের ব্যাপার বলা যায়।

এখানে তাই লড়াইটা এখন হবে রুট ও স্মিথের মধ্যে।

ক্যাচের রেকর্ডের আগে এ দিন ব্যাট হাতে ৩৭ নম্বর টেস্ট সেঞ্চুরি করেও রেকর্ড বইয়ের বেশ কিছু পাতায় নাম লেখান রুট।