Published : 08 Jun 2026, 06:50 PM
বিসিবির নতুন কমিটি গঠনের পরদিনই পদত্যাগ করলেন পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। ক্যাটেগরি-১ বা জেলা-বিভাগের প্রতিনিধি হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন রাজশাহী বিভাগ থেকে।
নির্বাচনের বেশ কিছু দিন আগেই অবশ্য তার পদত্যাগের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে গঠনতন্ত্র অনুযায়ী, তাকে অপেক্ষা করতে হয়েছে নির্বাচন হওয়া পর্যন্ত। নির্বাচনের পরই রোববার সন্ধ্যায় বোর্ডের প্রথম জরুরি সভায় নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান তিনি। সেই অনুযায়ী সোমবার তিনি বোর্ডে পদত্যাগপত্র দেন এবং তা গৃহীত হয়।
বিসিবি নির্বাচনে এবার সরকারি দল বিএনপি সংশ্লিষ্ট যে কজন পরিচালক আছেন, তাদেরই একজন ছিলেন সীমান্ত। তারা বাবা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পদত্যাগপত্রে সীমান্ত বলেছেন, পারিবারিক সব ব্যবসার দায়িত্ব তার ওপর বর্তানোয় তিনি বিসিবিতে সময় দিতে পারবেন না বলেই এই সিদ্ধান্ত।
পরে বিএনপির মিডিয়া সেল থেকে তার পদত্যাগের কথা সামাজিক মাধ্যমে জানিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
“তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।"
"দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।”
এবারের বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক। রোববারের ভোটে নির্বাচিত হন আরও ১৫ পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদের সরাসরি মনোনয়নের পরিচালক হয়েছেন দুজন।
সীমান্ত পদত্যাগ করায় গঠনতন্ত্র অনুযায়ী, রাজশাহীতে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।