২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের স্টাম্প এলোমেলো করে রেকর্ড গড়ে রাবাদার ৩০০

টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততায় তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার।

মুশফিকের স্টাম্প এলোমেলো করে রেকর্ড গড়ে রাবাদার ৩০০
৩০০ উইকেট হয়ে গেল কাগিসো রাবাদার। ছবি: ক্রিকেট সাউথ আফিকা ফেইসবুক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 12:17 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

লেংথ থেকে তীক্ষ্ণভাবে ভেতরে ঢুকে যাওয়া ডেলিভারি। বলের লাইন কাভার করতে সেকেন্ডের ভগ্নাংশের মতো সময় দেরি করে ফেললেন মুশফিকুর রহিম। ওইটুকুই যথেষ্ট। চোখের পলকে ছত্রখান স্টাম্প। মুশফিক যখন মাথা নিচু করে দাঁড়িয়ে, রাবাদা তখন হারিয়ে গেলেন সতীর্থদের আলিঙ্গনে। উদযাপনটা একটু স্পেশালই হলো। উপলক্ষটাও যে বিশেষ!

আর দশটি উইকেটের মতো নয় এটি। এই উইকেটেই ৩০০ উইকেটের ঠিকানায় পৌঁছে গেলেন রাবাদা।

এই মাইলফলক ছোঁয়া ষষ্ঠ দক্ষিণ আফ্রিকান বোলার তিনি। টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকারি বোলার সব মিলিয়ে এখন ৩৯ জন। তবে একটি জায়গায় তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন রাবাদা। ৩০০ উইকেটের দেখা পেতে টেস্ট ইতিহাসের সবচেয়ে কম ডেলিভারি লাগল তারই।

আগের রেকর্ড গড়া ওয়াকার ইউনিসকে অনেকটা ব্যবধানে পেছনে ফেলে কীর্তিটি গড়লেন রাবাদা। এক সময়ের বিধ্বংসী ফাস্ট বোলার ওয়াকার ৩০০ ছুঁয়েছিলেন ১২ হাজার ৬০২ ডেলিভারি করে। রাবাদার লাগল কেবল ১১ হাজার ৮১৭ ডেলিভারি।

এই তালিকার শীর্ষ পাঁচে প্রোটিয়াদের ছড়াছড়ি। ১২ হাজার ৬০৫ ডেলিভারিতে তিনশ ছুঁয়ে রেকর্ডের তিনে ডেল স্টেইন, ১৩ হাজার ৮৪০ ডেলিভারি করে পাঁচে আরেক কিংবদন্তি অ্যালান ডোনাল্ড। 

স্টেইন ও ডোনাল্ডের ঠিক মাঝে আছেন ম্যালকম মার্শাল। ১৩ হাজার ৭২৮ ডেলিভারি লেগেছিল তার, অনেকেই যাকে মনে করেন সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ ফাস্ট বোলার। 

রাবাদার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা বাংলাদেশেই। ২০১৫ সালে ওয়ানডে অভিষেক হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন তিনি। তবে টেস্ট অভিষেক ওই সফরে হয়নি। ওই বছরই ভারতের বিপক্ষে মোহালিতে তার টেস্ট অভিষেক।

ভারতের কন্ডিশনে অভিষেক সিরিজে ভালো না করলেও পরের সিরিজেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা টের পান রাবাদার উত্তাপ। দ্রুতই দলের বড় ভরসা হয়ে উঠে ক্রমে বিশ্ব ক্রিকেটের সেরা বোলারদের একজন হয়ে ওঠেন তিনি। আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে যান অভিষেকের দুই বছরের পরপরই। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে ৯০০ র‌্যাঙ্কিং পয়েন্টও স্পর্শ করেন।

সেই পথ ধরে এবার ৩০০ উইকেটে পৌঁছে গেলেন তিনি। 

৬৫ টেস্ট খেলে এই মাইলফলক ধরা দিল তার। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে তার চেয়ে কম টেস্ট খেলে তিনশর স্বাদ পেয়েছেন ডেল স্টেইন (৬১) ও অ্যালান ডোনাল্ড (৬৩)।

সবচেয়ে কম টেস্ট খেলে তিনশ উইকেটের বিশ্বরেকর্ড রাভিচান্দ্রান অশ্বিনের। ভারতীয় অফ স্পিনারের লেগেছিল ৫৪ টেস্ট। 

মুশফিকের পর লিটন দাসকেও ফিরিয়ে প্রথম দিন লাঞ্চের আগে রাবাদার উইকেট ৩০১টি।