১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেস্ট দলে ব্যাপক রদবদলের পর পাকিস্তানের নির্বাচক মিসবাহর পদত্যাগের খবর

লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ব্যাটিং পরামর্শকের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টেস্ট দলে ব্যাপক রদবদলের পর পাকিস্তানের নির্বাচক মিসবাহর পদত্যাগের খবর
মিসবাহ-উল-হাক। ছবি: পিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 08:39 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

চলমান ইংল্যান্ড সফরের মাঝপথে পাকিস্তানের টেস্ট স্কোয়াড ও টিম ম্যানেজমেন্টে ব্যাপক রদবদল করায় তোলপাড় চলছে দেশটির ক্রিকেটে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিস্ময়কর সিদ্ধান্তের পরদিন জাতীয় নির্বাচক কমিটি থেকে ‘পদত্যাগ করেছেন’ সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হাক।

ক্রিকইনফো জানতে পেরেছে, মিসবাহর পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি পিসিবি। তিনি লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির ব্যাটিং পরামর্শকের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লর্ডস টেস্টে ১৯৪ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর, পিসিবি টেস্ট স্কোয়াড থেকে সাত জন খেলোয়াড়কে বাদ দিয়েছে এবং ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ উমার গুলকে অব্যাহতি দিয়েছে।

দল থেকে বাদ পড়া সাত জন হলেন- মোহাম্মাদ রিজওয়ান, ইমাম-উল-হাক, সালমান আলি আগা, আলি উসমান, আমের জামাল, আওয়াইস জাফার ও খুররাম শাহজাদ। তাদের জায়গায় নেওয়া হয়েছে আরাফাত মিনহাস, মোহাম্মাদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মাদ ইমরান, রাজাউল্লাহ, সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফাজালকে। এর মধ্যে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার পাঁচ জন।

সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে টেস্ট দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন।

২০১৭ সালে পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে অবসর নেওয়ার পর থেকে মিসবাহ পিসিবিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে তাকে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দ্বৈত দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের অক্টোবর পর্যন্ত তিনি উভয় পদে দায়িত্ব পালন করেন, এরপর প্রধান কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন। তবে পরের বছর কোচের পদ থেকেও সরে দাঁড়ান তিনি।

দুই বছর পর তৎকালীন অ্যাড-হক ম্যানেজমেন্ট কমিটির প্রধান জাকা আশরাফ উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করেন মিসবাহকে। তখন থেকে তিনি পিসিবির সঙ্গে যুক্ত ছিলেন। 

বিভিন্ন দায়িত্বে কাজ করার পর, চলতি বছরের মার্চে আকিব জাভেদ, সারফারাজ আহমেদ ও আসাদ শাফিককে নিয়ে গঠিত চার সদস্যের নির্বাচক কমিটিতে মিসবাহকে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া তিনি পিসিবির সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে বছরে ১৮০ দিনের চুক্তিতেও ছিলেন।