Published : 06 Sep 2026, 10:43 PM
খুব কঠিন সময় পার করছে পাকিস্তান ক্রিকেট। এমন পরিস্থিতিতে জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হতে আগ্রহী মুশতাক আহমেদ। তবে মহসিন নাকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ‘সম্মান ও চাকরির নিরাপত্তার অভাব’ নিয়ে শঙ্কিত দেশটির এই লেগ স্পিনিং গ্রেট।
বর্তমানে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মুশতাক। এর আগে পিসিবিতে বিভিন্ন পদে কাজ করেছেন তিনি।
মাঠে বাজে পারফরম্যান্স, বাইরে বিশৃঙ্খলা ও অস্থিরতা মিলিয়ে পাকিস্তান ক্রিকেট এখন জেরবার। চলতি ইংল্যান্ড সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে বাজেভাবে হারের পর প্রধান কোচ ও বোলিং কোচকে সরিয়ে দিয়েছে পিসিবি। দেশে ফেরত পাঠানো হয়েছে সাত ক্রিকেটারকে। তাদের বদলে যে সাত ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে, এর মধ্যে পাঁচ জনেরই টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।
সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে পাকিস্তান ক্রিকেটকে নিয়ে চলছে ‘হাসাহাসি।’ সিরিজের মাঝপথে এসব কাণ্ডের জন্য পিসিবির দিকে আঙুল তুলেছেন রামিজ রাজা, শাহিদ আফ্রিদিসহ সাবেক ক্রিকেটারদের অনেকেই।
বিবিসির স্টাম্পড পডকাস্ট-এ মুশতাক বললেন, এমন পরিস্থিতিতে দেশের হয়ে কাজ করতে আগ্রহী তিনি, তবে শঙ্কার কথাও তুলে ধরলেন।
“অবশ্যই, আমার দেশের জন্য কাজ করতে চাই আমি, বিশেষ করে এই সময়ে। আমার শুধু একটি জিনিস প্রয়োজন। মাঝে মাঝে নিজের দেশের জন্য কাজ করতেও ভয় লাগে, যখন মানুষ আপনাকে সম্মান করে না এবং কিছু আবেগতাড়িত সিদ্ধান্তের কারণে আপনাকে বরখাস্ত করে দেয় … যখন এই জিনিসগুলো দেখেন, সফরে গিয়ে কোচদের বরখাস্ত হতে দেখেন, তখন উদ্বিগ্ন ও ভীত হয়ে পড়বেন।”
মুশতাক বলেন, সিরিজের মাঝপথে প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ উমার গুলকে বরখাস্ত হতে দেখে সাবেক ক্রিকেটার হিসেবে তিনি ব্যথিত হয়েছেন। তার মতে, সিরিজের শেষ পর্যন্ত অপেক্ষা করে পিসিবির অন্তত সৌজন্য দেখানো উচিত ছিল।
“আমার মনে হয়, এই বিষয়গুলো যদি ঠিকঠাক করা যায়, তাহলে শুধু আমিই নই, কোচিংয়ে থাকা প্রত্যেক পাকিস্তানিই দেশের সেবা করতে চাইবে। আমার জন্য এই চ্যালেঞ্জ গ্রহণ করার, এই খেলোয়াড়দের সেরা ফর্মে ফিরিয়ে আনার, আন্তর্জাতিক ক্রিকেটে তাদের আত্মবিশ্বাসী করে তোলার এবং বর্তমানে প্রতিপক্ষ দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারে- এমন একটি দল তৈরি করার এটাই সেরা সময়।”
সাবেক এই স্পিনার ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তিনি স্পিন বোলিং কোচ হিসেবে জাতীয় দলে ফেরেন এবং ২০২২ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন।