২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কিংবদন্তি’ সাকিবের দলে না থাকা নিয়ে ‘পাবলিকলি’ বলতে চান না প্রধান নির্বাচক

শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা যেত কি না, সে বিষয়ে খোলামেলা আলোচনা করতে চাইলেন না প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 03:55 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারায় সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা একরকম নিশ্চিতই ছিল। দল ঘোষণা করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানালেন, শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবকে দলে জায়গার উপযুক্ত মনে করেননি তিনি। অলরাউন্ডারকে কিংবদন্তি হিসেবে উল্লেখ করলেও তার দলে না থাকার কারণ ব্যাখ্যায় খুব বেশি গভীরে যেতে চান না প্রধান নির্বাচক।

২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার পর ওই বছরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন সাকিব। সেই থেকে কখনোই কোনো বৈশ্বিক আসরে সাকিবকে ছাড়া খেলেনি বাংলাদেশ। ১৯ বছরের সেই ধারাবাহিকতায় ছেদ পড়ছে এবার। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের।

গত সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেটে প্রশ্নবিদ্ধ হয় সাকিবের বোলিং অ্যাকশন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী, গত মাস থেকে সব ধরনের ক্রিকেটে বোলিং থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাননি ইতিবাচক ফল।

রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে গাজী আশরাফ বলেন, সাকিবকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করতে না পারায় দলে রাখা সম্ভব হয়নি।

“বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যায় আছেন সাকিব, সেটা থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষা দিয়েছিলেন। দুঃখজনকভাবে ফলটা নেতিবাচক হওয়ায় তিনি একজন ব্যাটসম্যান হিসেবেই শুধু খেলতে পারবেন।”

“দল নির্বাচনের প্রক্রিয়ায় তাই সাকিব আল হাসানের অবস্থানটা শুধু ব্যাটসম্যান হিসেবে ছিল আমাদের কাছে। এই দলে আসলে সমন্বয় সাজাতে গিয়ে তাকে এই ১৫ জনের মধ্যে আমরা জায়গা দিতে পারিনি।”

২০২৩ সালের বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলেননি সাকিব। এই সংস্করণে সবশেষ ১০ ম্যাচে তিন ফিফটির পাশাপাশি দুটি চল্লিশছোঁয়া ইনিংস আছে তার। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগে ৬ ইনিংসে ৪৩.৬৬ গড় ও ৯৯.২৪ স্ট্রাইক রেটে ২৬২ রান করেছিলেন তিনি।

বাংলাদেশের বাস্তবতায় তাই স্রেফ ব্যাটসম্যান হিসেবেই স্কোয়াডে জায়গা পাওয়ার দাবি তিনি জানাতেই পারেন। এখানেই আর বিস্তারিত ব্যাখ্যায় যেতে অনিচ্ছুক প্রধান নির্বাচক। 

“একজন কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা নিয়ে পাবলিকলি এত খোলামেলা আলোচনা করা খুব একটা ভালো কথা নয়। এই মুহূর্তে যারা দলে আছে, তারা এগিয়ে আছে। কারণ তারা আমাদের সঙ্গে আছে। ঘরোয়া ক্রিকেটে তারা খেলছে। তারা আস্থাশীল সেই কারণেই।” 

ক্রিকেটীয় কারণ ছাড়াও সাকিবকে ঘিরে আছে ভিন্ন আলোচনা। গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আর দেশে ফিরতে পারেননি তিনি। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার জন্য দেশের পথে থাকলেও পরে নিরাপত্তা শঙ্কায় দুবাই থেকে যুক্তরাষ্ট্রে চলে যেতে হয় তাকে। 

বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার আগে থেকেই দেশের হয়ে আর খেলার সুযোগ হয়নি সাকিবের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়ার ক্ষেত্রে মূল কারণটা ক্রিকেটীয় নাকি রাজনীতি, এই প্রশ্নটির উত্তর তাই জরুরি। কারণ, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে। এর মধ্যে সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে পারলে দলে জায়গার আশা করতেই পারেন। 

প্রধান নির্বাচক বললেন, আপাতত তারা শুধু বোলিং অ্যাকশনের ব্যাপারটিই ভেবেছেন। 

 “সাকিবের বিষয়ে বোর্ড প্রেসিডেন্ট (ফারুক আহমেদ) বলেছিলেন, কেউ অবসর না নিলে দল নির্বাচনের প্রক্রিয়ায় অ্যাভেইলঅ্যাবল। বোলিং অ্যাকশনের বিষয়টা আসায় আমরা আর দ্বিতীয় প্রসঙ্গে (রাজনৈতিক সমস্যা) যাইনি। যে কারও ব্যাপারে আমরা কয়েক জায়গা থেকে ছাড়পত্র চাই। ফিটনেস বা কারও অন্য কোনো সমস্যা আছে কিনা।" 

"যাদের দলে নিয়েছি, নামগুলো আগেই বোর্ডে জমা দিয়েছি। আমাদের পরিকল্পনায় সাকিব না থাকার কারণেই সম্ভবত অন্য যে বিষয়টা (রাজনৈতিক সমস্যা), তা নিয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি। যদি সে তালিকায় থাকত, তাহলে হয়তো আরও পরিষ্কারভাবে এটা আমি বলতে পারতাম। বোর্ড থেকেও হয়তো পরিষ্কার উত্তর নিতে পারতাম।”

প্রধান নির্বাচক জানান, দল নির্বাচনের সময় সাকিবের সঙ্গে আলোচনা হয়নি তাদের। সাকিবের ব্যাপারে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের কাছ থেকে তথ্য পেয়েছেন তারা।

“সাকিবের ব্যাপারটা ভিন্ন। বোলিং অ্যাকশন নিয়ে একটা ঝামেলায় ছিল। আমরা সমীচীন মনে করেছি যে, বোর্ডের তরফ থেকে যার সঙ্গে আলোচনা করার... সাধারণত ক্রিকেট অপারেশন্স থেকে এটা হয়। সেখান থেকে আমরা ফিডব্যাক পেয়ে থাকি। সেই প্রক্রিয়াই অনুসরণ করা হয়েছে। ক্রিকেট অপারেশন্স তার সঙ্গে যোগাযোগে ছিল। আমরা সেখান থেকেই ফিডব্যাক পাচ্ছি।”

২০২৩ বিশ্বকাপের পর বাংলাদেশের হয়ে আর ওয়ানডে খেলেননি সাকিব। নাটকীয় কোনো পালাবদল না হলে ধরে নেওয়া যায়, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ।