২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ড সিরিজে ভারতের ভরাডুবির জন্য নিজেকে দায়ী করছেন অশ্বিন

ভারতের ইতিহাসে প্রথমবারের মতো তিন বা এর বেশি টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হওয়া মানতেই পারছেন না অভিজ্ঞ অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 10:40 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

ঘরের মাঠে সবসময়ই ভয়ঙ্কর এক বোলার রাভিচান্দ্রান অশ্বিন। কিন্তু নিউ জিল্যান্ড সিরিজে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ভারতের অভিজ্ঞ এই স্পিনার। সঙ্গে ব্যাটিংয়েও অবদান রাখতে না পারার হতাশায় পুড়ছেন তিনি। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের ভরাডুবির জন্য তাই নিজেকে দায়ী মনে করছেন অশ্বিন।

নিজ আঙিনায় ভীষণ কঠিন এক প্রতিপক্ষ ভারত। এক যুগ ধরে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারেনি তারা। সেই দলটিই অবিশ্বাস্যভাবে হোয়াইটওয়াশড হয় নিউ জিল্যান্ডের বিপক্ষে।

ঘরের মাঠে তিন বা এর বেশি ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশড হওয়ার তেতো স্বাদ পায় ভারত। দেশের মাটিতে এর আগে সিরিজে সবগুলো ম্যাচ তারা হেরেছিল একবারই; ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব‍্যবধানে। এর বাইরে ১৯৮০ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল একমাত্র টেস্ট। 

ভারতে টেস্ট খেলা মানেই অশ্বিনের উজ্জ্বল পারফরম্যান্স। কিন্তু কিউইদের বিপক্ষে তাকে যেন খুঁজেই পাওয়া যায়নি। তিন টেস্টে উইকেট নেন কেবল ৯টি। বেঙ্গালুরুতে তার শিকার ছিল স্রেফ একটি।

শুধু বোলিংয়েই নয়, টেস্ট র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর অলরাউন্ডার হতাশ করেন ব্যাট হাতেও। তিন টেস্টের ৬ ইনিংসে একবারও ২০ রানও করতে পারেননি তিনি। চারবার আউট হন দুই অঙ্ক ছোঁয়ার আগে।

তার নিষ্প্রভ পারফরম্যান্সের সিরিজ বাজেভাবে হারে ভারত। এমন পরাজয় যেন হজমই হচ্ছে না অশ্বিনের। নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় ৩৮ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার তুলে ধরেন তার অনুভূতি।

“নিউজিল্যান্ডের কাছে আমরা ৩-০ ব্যবধানে হেরেছি। আমি পড়েছি, ইতিহাসে ভারতে এমন ঘটনা কখনও ঘটেনি। আমি জানি না, কীভাবে প্রতিক্রিয়া জানাব। আমার ক্যারিয়ারে এবং ক্রিকেটে আমার অভিজ্ঞতায়, আমরা যখন খেলি তখন আমাদের এত আবেগ থাকে না। কিন্তু এটা (নিউ জিল্যান্ডের বিপক্ষে হার) এক বিভীষিকাময় অভিজ্ঞতা। এর জন্য এটাই সঠিক শব্দ। গত ২-৩ দিন ধরে আমি বুঝতে পারছিলাম না, কীভাবে প্রতিক্রিয়া জানাব।” 

“আমি নিজের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করি। আমি এমন একজন মানুষ, যে বলে যা কিছু ভুল হয়েছে তার কারণ আমি। সিরিজটি হারের জন্য আমিও বড় কারণ এবং এর একটা বড় অংশ। লোয়ার অর্ডারে রান করে অবদান রাখতে পারিনি। একজন বোলার হিসেবে আমি জানি, রান একজন বোলারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অনেক জায়গায় ভালো শুরু করেছিলাম, এরপর কয়েকবার সুযোগ হাতছাড়া করেছি। আমি আমার সেরাটা দিয়েছিলাম কিন্তু তা যথেষ্ট ছিল না।”

ভারতের পরের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ায়। আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি।