চূড়ায় পা রেখে সাকিবের পাশে তাইজুল
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড যৌথভাবে এখন এই দুজনের।
দেশের বাইরে নিয়মিত টেস্ট খেলার সুযোগ মেলে না বলে একটা সময় কত আক্ষেপ করেছেন তাইজুল ইসলাম। সেই তিনি এখন দেশের টেস্ট ইতিহাসের সফলতম বোলার। এককভাবে অবশ্য এখনও নয়। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের রেকর্ডে তিনি স্পর্শ করেছেন সাকিব আল হাসানকে।
সাকিবের চেয়ে চার উইকেট পেছনে থেকে তাইজুল শুরু করেছিলেন মিরপুর টেস্ট। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে তার শিকার ঠিক চার উইকেটই।
বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব ২৪৬ উইকেট নিয়েছেন ১২১ ইনিংস বোলিং করে। তাইজুল তাকে ছুঁলেন ২০ ইনিংস কম বোলিং করে।
বোলিং গড় ও স্ট্রাইক রেটেও কিছুটা গিয়ে তাইজুল। সাকিবের গড় ৩১.৭২, স্ট্রাইক রেট ৬৩.৭। তাইজুলের বোলিং গড় ৩১.১৪, স্ট্রাইক রেট ৬১.২।
ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তিতে অবশ্য এখনও বাংলাদেশের সেরা সাকিব (১৯ বার)। তাইজুল পেয়েছেন ১৭ বার। ম্যাচে ১০ উইকেট দুজনেরই সমান ২ বার করে।।
এই টেস্টের দ্বিতীয় দিনে তাইজুল নিয়েছিলেন এক উইকেট। তৃতীয় দিনে শুক্রবার প্রথম সেশনে তিনি আউট করে স্টিভেন ডোহেনি ও অ্যান্ডি ম্যাকব্রাইনকে। পরে শেষ ব্যাটসম্যান ম্যাথু হামফ্রিহকে ফিরিয়ে তিনি পৌঁছে যান রেকর্ডের উচ্চতায়।
সাকিব-তাইজুলের পরে আছেন মেহেদী হাসান মিরাজ। ৯৭ ইনিংসে ২০৯ উইকেট তার।
বাংলাদেশের হয়ে আর ১০০ উইকেট আছে কেবল মোহাম্মদ রফিকের। সেই ২০০৯ সালে শেষ টেস্ট খেলা মাশরাফি বিন মুর্তজা এখনও পাঁচে আছেন ৭৮ উইকেট নিয়ে।
এই টেস্টের দ্বিতীয় ইনিংসেই তাইজুলের সামনে হাতছানি থাকবে সাকিবকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে ওঠার।
