২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচের আশা, আমিরাতে হার জাগিয়ে তুলবে বাংলাদেশ দলকে

সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারলেও দলের মনোবাল চাঙা আছে, বললেন প্রধান কোচ ফিল সিমন্স।

কোচের আশা, আমিরাতে হার জাগিয়ে তুলবে বাংলাদেশ দলকে
পাকিস্তানে সিরিজ জয়ের আশা করছেন বাংলাদেশ কোচ। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 01:52 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

‘আধমরাদের ঘা মেরে তুই বাঁচা’, কবির লেখা এই বাক্যই যেন এখন ফিল সিমন্সের প্রেরণা। তার ধারণা, সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের ধাক্কা দলকে উজ্জীবিত করে তুলবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়েরও ভালো সম্ভাবনা দেখছেন বাংলাদেশের প্রধান কোচ।

সংযুক্ত আরব আমিরাতের কাছে বিব্রতকর সিরিজ হারের পর বাংলাদেশ দল এখন পাকিস্তানে। সিরিজের আগে লাহোরে প্রথম অনুশীলন করেছে দল সোমবার সন্ধ্যায়। তিন ম্যাচের সিরিজ শুরু বুধবার। 

অনুশীলনের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ কোচ বলেন, আমিরাতে সিরিজ হারলেও দলের মানসিক অবস্থা ভালো। পাকিস্তানে সিরিজ জয়ের আশাবাদও জানান তিনি। 

“সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হারটা ছিল কঠিন। তবে কখনও কখনও এসবই দলকে জাগিয়ে তোলে। আশা করি, এটা দলকে চাঙা করে তুলবে। আমাদের মনোবল দুর্দান্ত।”

“মনোবল দারুণ, খুব ভালো মানসিকতায় আছে ওরা। আমি মনে করি, এই সিরিজ জয়ের দারুণ সুযোগ আছে। লোকে বলতেই আছে, পাকিস্তান খুব ভালো ফর্মে নেই। তবে ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে কী হয়। আমাদের ভালো সুযোগ আছে সিরিজ জয়ের।”

এই অনুশীলন পর্ব দিয়েই বাংলাদেশের কোচিং স্টাফে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন শন টেইট। দলের নতুন পেস বোলিং কোচকে পেয়ে বেশ রোমাঞ্চিত প্রধান কোচ।

“আমি মনে করি, শট টেইট দারুণ এক সংযুক্তি। শুধু বোলারদের জন্যই নয়, গোটা দলের জন্যও।”

সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের কোচিং স্টাফে ছিলেন টেইট। পিএসএলেরই আরেক দল পেশাওয়ার জালমির কোচিং স্টাফে ছিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তাদের কাছ থেকে ধারণা নিয়ে সিরিজের পরিকল্পনা সাজাতে চান সিমন্স।

“মাত্রই এসেছি আমরা, কন্ডিশন পর্যালোচনা করব। আমাদের এখানে শন (টেইট) যোগ দিয়েছে, যে পিএসএলে ছিল। মুশি (মুশতাক) পিএসএলে ছিল। ওদের কাছ থেকে ধারণা পাব এবং সেভাবে সিদ্ধান্ত নেব।”

বাংলাদেশ দলের মনোবল চাঙা আছে, দাবি প্রধান কোচের। ছবি: বিসিবি।

বাংলাদেশ দলের মনোবল চাঙা আছে, দাবি প্রধান কোচের

চোটের কারণে বাংলাদেশ এই সিরিজে পাচ্ছে না সবচেয়ে অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। নিজ থেকেই এই সফরে আসেননি ফাস্ট বোলার নাহিদ রানা। 

আইপিএলে নিজেদের শেষ ম্যাচে তিন উইকেট পেলেও চোট নিয়ে ফেরা মুস্তাফিজের শূন্যতাই বেশি লাগছে কোচের কাছে। ঘাটতি পূরণে তিনি তাকে অন্যদের দিকে। 

“তার (মুস্তাফিজ) অভাব তো অনুভূত হবেই। সে এখন দলের সিনিয়র সিমার। এছাড়া আইপিএলে যেভাবে বোলিং করেছে, আমরা তাকে অবশ্যই মিস করব। তবে এটা অন্য একজনের জন্য সুযোগ এগিয়ে আসার এবং এই সিরিজে তার জায়গা নেওয়ার।”

“কাউকে না কাউকে সেই দায়িত্বটা নিতে হবে। আশা করি, কোনো একজন বোলার এগিয়ে আসবে এবং বলবে যে, আমি এই সিরিজে ফিজের ভূমিকা পালন করব।”

পাকিস্তান এই সিরিজের দলে রাখেনি শাহিন শাহ আফ্রিদিকে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন আগের সিরিজেই। তবে তাতে নিজেদের কাজ সহজ দেখছেন না বাংলাদেশ কোচ সিমন্স। 

“সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তরুণরা আছে। সবসময়ই কেউ না কেউ থাকেই, নিজেকে যে মেলে ধরতে চায়। কাউকেই তাই হালকা করে দেখার সুযোগ নেই। ওরা না থাকলেও ১১ জনের বিপক্ষেই খেলতে হবে আমাদের। আমরা সেদিকেই তাকিয়ে আছি।”

পাকিস্তান সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খর্বশক্তির নিউ জিল্যান্ডের কাছে পাত্তা পায়নি। আগের সিরিজে তারা হেরেছ দক্ষিণ আফ্রিকার কাছে। 

তবে বাংলাদেশ টি-টোয়েন্টিতে সবশেষ পাকিস্তানকে হারিয়েছে ২০১৬ এশিয়া কাপে। ২০২৩ এশিয়ান গেমসে জিতলেও আদতে সেখানে জাতীয় দল খেলেনি। 

এবারই পাকিস্তানকে হারানোর সেরা সময় কি না, প্রশ্ন উঠল। বাংলাদেশ কোচ বললেন নিজেদের সম্ভাবনার কথা। 

“পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর সেরা সময় কি না, জানি না। তবে আমাদের সেরাটা খেলার সময় অবশ্যই। সিরিজ জিতলে জিতব। তবে পাকিস্তান সবসময়ই বিপজ্জনক দল। নিশ্চিত ধরে নেওয়ার কিছু নেই।”