ওয়াজির মোহাম্মদ আর নেই
পাকিস্তানের বিখ্যাত মোহাম্মদ ভাইদের বড়জন ওয়াজির ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের শুরুর দিকের সেনানীদের একজন ওয়াজির মোহাম্মদ আর নেই। ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশটির ক্রিকেটে বিখ্যাত মোহাম্মদ ভাইদের মধ্যে সবার বড় ওয়াজির।
১৯৫২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ২০ টেস্ট খেলেছেন ওয়াজির। তাদের পাঁচ ভাইয়ের চার জনই টেস্ট খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা রাইস মোহাম্মদই শুধু কখনও টেস্ট খেলার সুযোগ পাননি।
ভাইদের মধ্যে সবচেয়ে বিখ্যাত দেশটির ব্যাটিং গ্রেটদের একজন ও সাবেক অধিনায়ক হানিফ মোহাম্মদ খেলেছেন ৫৫ টেস্ট। মুশতাক মোহাম্মদ খেলেছেন ৫৭ টেস্ট, সাদিক মোহাম্মদ ৪১ টেস্ট।
বেঁচে থাকা মোহাম্মদ ভাইদের মধ্যে এখন সবার বড় রাইস, বয়স ৯২ বছর। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে ২০১৬ সালে ৮১ বছর বয়সে মারা যান হানিফ।
লোয়ার-মিডল অর্ডারে ব্যাটিং করতেন ওয়াজির। ডানহাতি এই ব্যাটসম্যান দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে রান করেছিলেন ৮০১। তার ব্যাটিং গড় ২৭.৬২। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪৮ ইনিংসে ১১ সেঞ্চুরি ও ২৬ ফিফটিতে ৪ হাজার ৯৩০ রান করেছিলেন তিনি।
১৯৫৪ সালে পাকিস্তানের ওভাল টেস্ট জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওয়াজিরের। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। যার সুবাদে স্বাগতিকদের ১৬৮ রানের লক্ষ্য দিতে পারে পাকিস্তান। পরে পেসার ফাজাল মাহমুদের ৬ উইকেটের সৌজন্যে ম্যাচটি ২৪ রানে জিতে নেয় সফরকারী।
প্রথম দল হিসেবে ইংল্যান্ডে নিজেদের প্রথম সফরে টেস্ট জয়ের কীর্তি গড়ে পাকিস্তান। ৪ টেস্টের সিরিজটি ১-১ ড্র হয়।
পাকিস্তানের জার্সিতে ওয়াজিরের সর্বোচ্চ ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজে। ১৯৫৮ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৮৯ রান করেন তিনি। ওই সফরেই ক্যারিয়ারের অন্য সেঞ্চুরিটি পান তিনি, ১০৬ রান। সেবার ৯৭ রানের অপরাজিত একটি ইনিংসও খেলেছিলেন ওয়াজির।
