ক্যারিয়ার সেরা দুই নম্বরে রোহিত
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করে এক ধাপ এগিয়েছেন ভারত অধিনায়ক।
শ্রীলঙ্কা সিরিজে দল হারলেও ব্যাট হাতে নিজের কাজটা ঠিকঠাকই করেন রোহিত শার্মা। তার দুই ফিফটির প্রতিফলন পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দুই নম্বরে ফিরেছেন ভারত অধিনায়ক।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে থাকা পাকিস্তান তারকা বাবর আজমের (৮২৪) সঙ্গে রোহিতের (৭৬৫) রেটিং পয়েন্টের ব্যবধান এখন ৫৯।
শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ বছর পর ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। তিন ম্যাচের সিরিজটি শেষ হয়েছে ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচ হয় টাই। ওই সিরিজের সর্বোচ্চ ১৫৭ রান করেন রোহিত। তিন ম্যাচে তার রান যথাক্রমে ৫৮, ৬৪ ও ৩৫।
এই পারফরম্যান্সে রোহিত টপকে যান তার সতীর্থ শুবমান গিলকে। রোহিতের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে গিল। চতুর্থ স্থানে যৌথভাবে ভারতীয় গ্রেট ভিরাট কোহলির সঙ্গে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে উন্নতি করেছেন পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, আভিশকা ফার্নান্দো।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই প্রথম চার স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ, অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও অ্যাডাম জ্যাম্পা এবং ভারতের কুলদিপ ইয়াদাভ। এক ধাপ এগিয়ে নামিবিয়ার বের্নার্ড শুলজ এখন পাঁচ নম্বরে।
১৭ ধাপ এগিয়ে এখন ৫৯তম স্থানে দুনিথ ওয়েল্লালাগে। লঙ্কান এই বাঁহাতি স্পিনার প্রথম ওয়ানডেতে দুই উইকেট নেন। পরে তৃতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধরেন পাঁচ শিকার।
ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে যথারীতি এক নম্বরে আফগানিস্তানের মোহাম্মদ নাবি।
