টি-টোয়েন্টির রেকর্ডের পাতায় স্পেন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার কীর্তি গড়েছে ইউরোপের দলটি।
ফুটবল বিশ্বের শক্তিশালী দলগুলোর একটি স্পেন ক্রিকেটেও দেখাচ্ছে নিজেদের সামর্থ্য। ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়ে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছে তারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তিটি এখন স্প্যানিশদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে গ্রিসকে রোববার ৭ উইকেটে হারায় স্পেন। এনিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৪ ম্যাচ জিতল তারা।
গ্রিসের বিপক্ষে এই জয়ে মালয়েশিয়াকে পেছনে ফেলে রেকর্ডটি নিজেদের করে নিল স্পেন। ২০২২ সালে টানা ১৩টি ম্যাচ জিতেছিল মালয়েশিয়া।
স্প্যানিশদের রেকর্ড গড়ার পথচলা শুরু হয় গত ফেব্রুয়ারিতে। এরপর একের পর এক ম্যাচ জিতেই চলেছে তারা। এই সময়ে সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ জয় তাদের ক্রোয়েশিয়ার বিপক্ষে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার সমান টানা ১৩ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে বারমুডা। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১২ ম্যাচ জিতেছে আফগানিস্তান ও ভারত। তাদের মতো ১২ ম্যাচ জেতার কীর্তি আছে রোমানিয়াও।
