লন্ডনে ছুটির সময়ও অনুশীলনে কোহলি, দৃষ্টিতে ২০২৭ বিশ্বকাপ
ক্যারিয়ার শেষে ইংল্যান্ডে থিতু হওয়ার ভাবনায় এখন সন্তানদের নিয়ে বেশির ভাগ সময় সেখানেই কাটান ভিরাট কোহলি ও আনুশকা শার্মা।
খেলার ব্যস্ততা না থাকলে বেশির ভাগ সময় এখন ইংল্যান্ডেই থাকেন ভিরাট কোহলি। তবে দেশের বাইরে থাকলেও মাঠের বাইরে থাকেন না তিনি। ২০২৭ বিশ্বকাপ তো খেলেত হবে! নিজেকে প্রস্তুত রাখতে তাই লম্বা ছুটির সময়ও নিয়মিত ঘাম ঝরান এই ব্যাটিং গ্রেট, জানালেন তার সাবেক সতীর্থ দিনেশ কার্তিক।
ক্যারিয়ার শেষে কোহলি যে ইংল্যান্ডে থিতু হতে চান, এটা এখন পরিষ্কার। সন্তান জন্মের আগে জটিলতার সময় তার বলিউড তারকা স্ত্রী আনুশকা শার্মা ও তিনি অনেকটা সময় কাটিয়েছিলেন ইংল্যান্ডে। সেখানে পাদপ্রদীপের আলোর বাইরে নিরিবিলি সময়টুকু দারুণ মনে ধরেছিল দুই আঙিনার দুই তারকার। এরপরই তারা সিদ্ধান্ত নেন, তারকা খ্যাতির ঝলকানি থেকে সরে নির্ঝঞ্ঝাট জীবন বেছে নেবেন তারা।
গত বছর টি-টোয়েন্টি আর এই বছর টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর কোহলির ক্রিকেটীয় ব্যস্ততা কমে গেছে অনেক। সেই জুনের শুরুতে আইপিএল শেষ হওয়ার পর কোনো ধরনের ক্রিকেটে তাকে আর দেখা যায়নি। আনুশকা তো বলিউডে ব্যস্ততা অনেক কমিয়ে দিয়েছেন আরও আগেই। আইপিএল শেষ হওয়ার পর থেকেই দুই সন্তানকে নিয়ে তারা দুজন ছিলেন ইংল্যান্ডে।
চার মাসের বেশি সময় পর কোহলি সম্প্রতি দেশে ফেরেন। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে খেলতে দিল্লি থেকেই গোটা দলের সঙ্গে রওনা হন তিনি।
অস্ট্রেলিয়ায় এই সফরে তার সঙ্গী শুধু সতীর্থরাই নয়, একটি প্রশ্নও। আগামী অনেক দিনও সেই প্রশ্ন তার সঙ্গী হবে। ২০২৭ বিশ্বকাপে কি খেলতে পারবেন তিনি? একটি সংস্করণেই এখন খেলছেন আন্তর্জাতিক ক্রিকেটে, ৩৮ বছর বয়সে তাকে বিশ্বকাপ অভিযানে রাখবে ভারত?
সামাজিকমাধ্যমে আলোচনায় সেই উত্তরটিই দিয়েছেন ধারাভাষ্যকার, বিশ্লেষক ও সাবেক কিপার-ব্যাটার দিনেশ কার্তিক।
“দীর্ঘদিন পর যে লম্বা বিরতি সে পেয়েছে, এই সময়টাতেও সে লন্ডনে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছে। আমি জানি, সে খুব সহজেই ক্রিকেট চর্চা চালিয়ে গেছে। সপ্তাহে দু-তিনটি সেশন করেছে। এটিই বলে দিচ্ছে, সে আগামী বিশ্বকাপকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে।”
ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কতটা পারফর্ম করতে পারবেন, স্রেফ একটি সংস্করণ খেলে মান কতটা ধরে রাখতে পারবেন, এমন প্রশ্নের ছড়াছড়িও চলছে এখন। তবে কোহলির মতো পরীক্ষিত একজনকে নিয়ে কোনো সংশয়ের কারণ দেখেন না কার্তিক।
“সে যদি ক্রিকেট চালিয়ে যায়, আমার মতে তার টেনশনের কোনো ব্যাপারই নেই। কারণ সে জানে, চাপের মধ্যে পারফর্ম কীভাবে করতে হয়। নানা সময়ে বছরের পর বছর সে এটা করেছে এবং আমি আত্মবিশ্বাসী, সামনেও সে করবে।”
গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের পর কোহলিকে প্রথমবার ভারতের জার্সিতে দেখা যাবে রোববার পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে।
