২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুমরাহর সঙ্গে স্টোকসের তুলনা পছন্দ নয় ভারত কোচের

রায়ান টেন ডেসকাটের মতে, ছোট স্পেলেই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন জাসপ্রিত বুমরাহ।

বুমরাহর সঙ্গে স্টোকসের তুলনা পছন্দ নয় ভারত কোচের
জাসপ্রিত বুমরাহ (বাঁয়ে) ও বেন স্টোকস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 04:21 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

জাসপ্রিত বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে তুমুল আলোচনা। দলটির সেরা পেসারকে মাঝেমধ্যেই বিশ্রাম দেওয়া নিয়ে হচ্ছে সমালোচনা। লর্ডস টেস্টে লম্বা স্পেলে বোলিং করা বেন স্টোকসের সঙ্গে তুলনাও করা হচ্ছে বুমরাহর, যা একদমই ভালো লাগছে না ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটের।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির রোমাঞ্চকর তৃতীয় টেস্টে ইংল্যান্ডের ২২ রানের জয়ে বড় অবদান রাখেন স্টোকস। ম্যাচে ৪৪ ওভার বোলিং করেন ইংলিশ অধিনায়ক। দুই দল মিলিয়েই যা সর্বোচ্চ।

ম্যাচের শেষ দিন ভারতের রান তাড়ায় প্রথম সেশনে ৯ ওভারের স্পেল করেন স্টোকস। পরে দ্বিতীয় সেশনে করেন টানা ১০ ওভার। দ্বিতীয় ইনিংসে ২৪ ওভার করে ৩ উইকেট নেন তিনি।

দুই ইনিংস মিলিয়ে পাঁচ শিকার ধরেন স্টোকস। সঙ্গে ব্যাট হাতে দুই ইনিংসে যথাক্রমে ৪৪ ও ৩৩ রান করে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।

গত ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য অস্ত্রোপচার করাতে হয় স্টোকসের। এরপর ফিটনেস প্রোগ্রামে অংশ নিয়ে ১০ কেজি ওজন কমান তিনি।

চোট কাটিয়ে ফেরা স্টোকসের এমন লম্বা স্পেলে বোলিং করা অবাক করেছে জো রুটকে। এক পর্যায়ে স্টোকসকে নিয়ে তো ভয়ই পাচ্ছিলেন ইংলিশ তারকা ব্যাটসম্যান, আবার না চোটে ছিটকে যান অধিনায়ক। শেষ পর্যন্ত অবশ্য কোনো অঘটন ছাড়াই ম্যাচটি শেষ করেন স্টোকস।

সবশেষ অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের সবগুলো টেস্টই খেলেন বুমরাহ। কিন্তু শেষ ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। যার ফলে তিন মাসের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি।

তাই বুমরাহকে নিয়ে সতর্ক থাকতে চায় ভারত। ইংল্যান্ড সফরে তারকা এই পেসারকে বিশ্রাম দিয়ে খেলাচ্ছে তারা। প্রথম টেস্টে খেলানোর পর দ্বিতীয় ম্যাচে বুমরাহকে খেলায়নি দলটি। পরে তাকে ফেরানো হয় লর্ডসে। স্টোকস অবশ্য তিনটি ম্যাচই খেলেছেন।

হেরে যাওয়া সবশেষ ম্যাচের প্রথম ইনিংসে ২৭ ওভার করে পাঁচ উইকেট নেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে কেবল ১৬ ওভার করেন তিনি। টানা খুব বেশি ওভারও করতে দেখা যায়নি তাকে।

সব মিলিয়ে তাই, বুমরাহ সঙ্গে স্টোকসের ওয়ার্কলোড নিয়ে তুলনা করা হচ্ছে। টেন ডেসকাটের সংবাদ সম্মেলনেও ওঠে সেই প্রসঙ্গ। সেখানে বুমরাহকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন সাবেক ডাচ অলরাউন্ডার।

“শেষ দিনে বেনের (স্টোকস) এভাবে আবির্ভাব এবং যে তীব্রতা নিয়ে এত ওভার করেছে, একই সঙ্গে ব্যাটিং ও ফিল্ডিংয়ে তাড়না দেখিয়েছে, সত্যিই অসাধারণ। তবে অন্য দলের কারো সঙ্গে আমাদের বোলারের তুলনা করতে আমরা এখানে আসিনি। আমাদের নিজস্ব শক্তি আছে। নিজের পছন্দমতো সংক্ষিপ্ত স্পেলেই বুমরাহ কী করতে পারে, আমরা জানি।”

পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট শুরু আগামী বুধবার।