২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগীয় দল নির্বাচন বিভাগ থেকেই করার ঘোষণা

বছরের পর বছর ধরে অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে বিভাগীয় দল নির্বাচনী প্রক্রিয়া পরিবর্তনের ঘোষণা দিল বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 07:51 AM

Updated : 26 Aug 2026, 05:05 PM

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লুকিয়ে থাকা প্রতিভার গল্প আছে প্রচুর, কিন্তু সেগুলোর বড় অংশই হারিয়ে গেছে ঢাকাকেন্দ্রিক দল নির্বাচনের প্রক্রিয়ায়। পঞ্চগড়ের লেগ স্পিনার, বরিশালের ব্যাটার বা রাজশাহীর তরুণ পেসার, দেশের নানা প্রান্তের অনেকেই সুযোগ না পেয়ে থেমে গেছেন মাঝপথে। জাতীয় নির্বাচকদের ব্যস্ত সূচিতে বিভাগীয় দল গঠনের কাজটা ছিল বরাবরই প্রায় আনুষ্ঠানিক। 

বছরের পর বছর ধরে অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে সেই ধারায় বদলের আশ্বাস মিলেছে। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, আগামী মৌসুম থেকে বিভাগীয় দল বাছাই হবে সরাসরি বিভাগ থেকেই।

এতদিন বয়সভিত্তিক দল থেকে প্রথম শ্রেণীর লিগ, সবকিছুর নির্বাচনী সিদ্ধান্ত হতো ঢাকার মিরপুরে বসেই। জাতীয় স্কোয়াড বাছাই, পারফরম্যান্স মূল্যায়ন, ঢাকা প্রিমিয়ার লিগ বা প্রথম শ্রেণীর ম্যাচ দেখা, এত কাজ সামলাতে গিয়ে মাঠপর্যায়ে প্রতিভা খোঁজার জায়গাটা ফাঁকা পড়ে যাচ্ছিল। সেই শূন্যতাই সামনে পূরণ করার ঘোষণা দিলেন বিসিবি সভাপতি।  

‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটা নিয়েছি… সম্ভবত এ বছরই শেষবার, আমরা বিভাগ থেকে বিভাগীয় দলের খেলোয়াড় মিরপুর থেকে নির্বাচন করছি। এনসিএল, বিসিএল বা যুব প্রিমিয়ার লিগ, এই টুর্নামেন্টগুলোর খেলোয়াড় নির্বাচন সামনে সম্পূর্ণ বিভাগ থেকেই হবে। বিভাগীয় নির্বাচকরাই সেটা করবেন। আমাদের মনে হয়েছে এই সিদ্ধান্তের জন্য আজকের দিনটা ফলপ্রসূ সময়।‘’

দেশের সব জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া অফিসার, জেলার ক্রিকেট কোচ, জেলার নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের নিয়ে দুই দিনের এই ক্রিকেট কনফারেন্স চলছে। রোববার প্রথম দিনে সেই কনফারেন্স থেকে বিসিবি কর্তারা শুনেছেন নানা অভিযোগ, পরামর্শ, অভিজ্ঞতা, সুপারিশ। আলোচনার পর আসে কাঠামো বদলের সিদ্ধান্ত।

বিভাগ থেকে বিভাগীয় দল নির্বাচনে কিছু সমস্যার উদ্ভবও হবে নিশ্চিতভাবেই। সেসব সমাধানের সম্ভাব্য পথও ঠিক করে রাখছে বিসিবি।

‘‘বিভাগীয় নির্বাচকরা সঠিকভাবে খেলোয়াড় নির্বাচন করছে, এটা দেখভাল করবে কে? প্রশ্নটা যুক্তিসঙ্গত। এখন যে নির্বাচনটা হয়, সেটা করে পেশাদার জাতীয় নির্বাচকরা। তাদের কাজ স্বচ্ছ। তবে এটাও ঠিক, তারাও মানুষ। তারা হয়তো জানে না পঞ্চগড়ে একটা বাঁহাতি লেগ স্পিনার আছে, বা বরিশালে নতুন একজন ভালো ব্যাটার উঠেছে। এজন্যই আমরা স্টেজ টু করছি। স্টেজ ওয়ান ছিল আজকের কনফারেন্স।’’

‘‘স্টেজ টুতে আমরা ছোট ছোট বিসিবি অফিস তৈরি করব। সেখানে থাকবে হেড অব চট্টগ্রাম ক্রিকেট, হেড অব রংপুর ক্রিকেট। যে লোক দায়িত্ব নেবে, তার রেফারেন্স, প্রক্রিয়া আর বিচারবোধের ওপরই নির্বাচনের মান নির্ভর করবে। এসব প্রক্রিয়া আমরা ঠিক করে ফেলব।’’ 

বিভাগভিত্তিক নির্বাচন প্রক্রিয়ায় কোনো ত্রুটি থাকলে পুরো কাঠামোটাই ভেঙে পড়তে পারে, এমন আশঙ্কাও তুলে ধরলেন বিসিবি সভাপতি। তাই বিভাগীয় নির্বাচকদের স্বচ্ছ্বতা নিশ্চিত করতে চান তারা।

‘‘এখানে যদি কোথাও ফাঁক থাকে, যদি ব্যক্তি দোষে কাজ ব্যাহত হয়, তাহলে সব প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে। এখন পেশাদার নির্বাচকরা কিছু পদ্ধতি অনুযায়ী নির্বাচন করেন-পাঁচ ব্যাটার, এক উইকেটকিপার, তিন ফাস্ট বোলার। তখন দেখতে হবে নির্বাচনটা কতটা স্বচ্ছভাবে হচ্ছে। কাজটা খুব চ্যালেঞ্জিং। তাই যোগ্য লোক নিয়োগ দেওয়া এবং তাকে সঠিক নীতিমালা দেওয়া দুটোই গুরুত্বপূর্ণ।’’

‘‘অবশ্যই বিসিবির মিরপুরে সরাসরি কোনো জবাবদিহি থাকবে না। জবাবদিহি থাকবে রাজশাহী, চট্টগ্রাম—যে বিভাগে হেড অব ক্রিকেট থাকবেন, তার কাছে। আমরা ঢাকা থেকে খেলাগুলো আয়োজন করব। আমি নিজেও ঢাকা বিভাগের প্রতিনিধি। ঢাকা বিভাগের নিজস্ব নির্বাচক প্যানেল থাকবে।’’

বিভাগীয় নির্বাচন প্রক্রিয়া ঢেলে সাজানোয় পারিপার্শ্বিক আরও ইতিবাচক দিকও দেখছেন বোর্ড প্রধান।  

‘‘ক্রিকেট বোর্ড শুধু ক্রিকেট খেলে না। আমরা কর্মসংস্থানও তৈরি করব। বিভিন্ন স্টেজে লোক কাজ করবে। নতুন নির্বাচক আসবে। বয়সভিত্তিক দলে, ছেলেদের- মেয়েদের ক্রিকেটে। ক্রিকেট ছড়িয়ে দেওয়ার জন্য আজ স্টেজ ওয়ান হলো, স্টেজ টু ও স্টেজ থ্রি সামনে। আমরা দেখব নির্বাচন যেন সঠিক হয়।’’

তবে শঙ্কার একটি জায়গা নিয়েও কড়া ভাষায় সতর্কতা জানিয়ে রাখলেন সাবেক এই অধিনায়ক। 

“যিনি জেলার কোচ, তার নিজের একাডেমি আছে। তখন তো স্বার্থের সংঘাত তৈরি হবে। এটা রোধে আমরা পদক্ষেপ নিচ্ছি। জেলা বা বিভাগীয় কোচরা হয় একাডেমি চালাবেন, না হয় জেলা কোচিং করবেন, দুটো একসঙ্গে নয়।”

“এটাও সত্য, বর্তমান বেতনে শুধুই ক্রিকেট পেশায় টিকে থাকা কঠিন। আমরা কোচদের বেতন কাঠামো নিয়ে আলোচনা করছি। বাড়ানো গেলে তারা জেলা ও বিভাগীয় কাজে আরও মনোযোগী হবে।”