২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভালের সবুজ উইকেটে ইংলিশ পেস সামলে কারুনের ফিফটি

চ্যালেঞ্জিং কন্ডিশনে দলের বিপর্যয়ের মধ্যে চোয়ালবদ্ধ লড়াইয়ে প্রায় ৯ বছর পর টেস্ট ক্রিকেটে পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত আছেন কারুন নায়ার।

ওভালের সবুজ উইকেটে ইংলিশ পেস সামলে কারুনের ফিফটি
পঞ্চাশ ছুঁয়ে প্রথম দিন শেষে অপরাজিত আছেন কারুন নায়ার। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 12:53 AM

Updated : 26 Aug 2026, 01:29 PM

সিরিজের আগের ম্যাচগুলোর চেয়ে পুরোপুরি ভিন্ন এবারের উইকেট। ওভালের ২২ গজ যেন সবুজ ঘাসের চাদরে মোড়ানো। পাশাপাশি মেঘলা আকাশ। সহায়ক কন্ডিশনে দারুণ বোলিংয়ে ভারতের টপ ও মিডল অর্ডার নাড়িয়ে দিলেন ইংল্যান্ডের পেসাররা। দলের বিপর্যয়ের মধ্যেই চোয়ালবদ্ধ লড়াইয়ে ফিফটি উপহার দিলেন কারুন নায়ার।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে বৃষ্টির বাগড়ায় প্রথম দিনে খেলা হয়েছে কেবল ৬৪ ওভার। একপর্যায়ে ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ১৫৩। আর কোনো উইকেট না হারিয়ে ২০৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা সফরকারীরা।

টেস্ট ক্রিকেটে প্রায় ৯ বছর পর পঞ্চাশ ছুঁয়ে ৯৮ বলে ৭ চারে ৫২ রানে অপরাজিত আছেন কারুন। তার সঙ্গে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে খেলছেন আগের টেস্টের সেঞ্চুরিয়ান ওয়াশিংটন সুন্দার।

প্রথম দিন ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সিরিজে প্রথম খেলতে নামা গাস অ্যাটকিনসন ও একাদশে ফেরা জশ টং। অন্যটি ক্রিস ওকসের। সিরিজের সব ম্যাচেই খেলা এই পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে এখন বড় দুশ্চিন্তায় ইংল্যান্ড। দিনের শেষ দিকে বাউন্ডারিতে চার বাঁচাতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের বাকি অংশে তাকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

কয়েন ভাগ্য এই ম্যাচেও পাশে পাননি ভারত অধিনায়ক শুবমান গিল। নেতৃত্বের অভিষেক সিরিজে পাঁচ টেস্টের সবগুলোতে টস হারের তেতো স্বাদ পেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের টানা টস হারের বিশ্বরেকর্ড পৌঁছে গেল ১৫ ম্যাচে।

টস জিতে অনুমিতভাবে বোলিং নেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক অলিভার পোপ। পাঁচ টেস্টে নেতৃত্ব দিয়ে তার প্রথম টস জয় এটি।

ওভালে টানা সাত টেস্টে ও প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ২২ ম্যাচে টস জয়ী দলের আগে বোলিং নেওয়ার নজির এটি।

সেই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে ইংল্যান্ড প্রথম উইকেটের দেখা পায় চতুর্থ ওভারেই। ভেতরে ঢোকানো ডেলিভারিতে বাঁহাতি ওপেনার ইয়াশাসভি জয়সওয়ালকে এলবিডব্লিউ করে দেন অ্যাটকিনসন। আম্পায়ার যদিও শুরুতে আউট দেননি, রিভিউ নিয়ে সাফল্য পায় স্বাগতিকরা।

ইংল্যান্ডকে ম্যাচের শুরুতেই সাফল্য এনে দেন গাস অ্যাটকিনসন। ছবি: রয়টার্স

ইংল্যান্ডকে ম্যাচের শুরুতেই সাফল্য এনে দেন গাস অ্যাটকিনসন

টেস্ট নেতৃত্বে ফিল্ডিংয়ে এই নিয়ে ১৪ বার রিভিউ নিয়ে প্রথমবার সফল হলেন পোপ।

শুরুর ধাক্কা সামলে প্রথম ঘন্টার বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন লোকেশ রাহুল ও সাই সুদার্শান। ইংলিশ পেসারদের চ্যালেঞ্জ বেশ ভালোভাবেই সামলাচ্ছিলেন তারা। তবে পানি-পানের বিরতির পর ওকসের বল স্টাম্পে টেনে আনেন রাহুল (৪০ বলে ১৪)।

চার নম্বরে নেমে ১১ রানে পৌঁছে ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের সুনিল গাভাস্কারের রেকর্ড ভেঙে দেন গিল। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করে রেকর্ডটি গড়েছিলেন সেই সময়ের অধিনায়ক গাভাস্কার।

একটু পর প্রথম দফায় বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। লাঞ্চ বিরতি নেওয়া হয় আগেভাগে।

ঘণ্টা দুয়েক পর আবার খেলা শুরু হলে বেশিক্ষণ টেকেননি গিল। রান আউটে উইকেট বিলিয়ে আসেন তিনি। 

অ্যাটকিনসনের অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করেছিলেন গিল। শর্ট কাভারে খুব কাছেই ছিল বল, কিন্তু আচমকাই রানের জন্য দৌড় শুরু করে প্রায় মাঝ পিচে চলে যান গিল। বল ধরে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন বোলার।

৩৫ বলে ২১ রান করে ফেরেন ভারত অধিনায়ক। সিরিজে তার মোট রান এখন ৭৪৩। 

আরেক দফা বৃষ্টিতে চা-বিরতির পর বেশ দেরিতে শুরু হয় খেলা। চমৎকার এক ডেলিভারিতে সুদার্শানকে (১০৮ বলে ৩৮) কট বিহাইন্ড করে ফেরান জশ টং। আরেকটি দারুণ ডেলিভারিতে আগের টেস্টের সেঞ্চুরিয়ান রাভিন্দ্রা জাদেজাকেও দ্রুত বিদায় করেন তিনি।

ভারতের রান তখন ৫ উইকেটে ১২৩। রিশাভ পান্তের চোটে সিরিজে প্রথমবার ব্যাটিংয়ের সুযোগ পাওয়া ধ্রুব জুরেল ও কারুন নায়ার দেড়শ পার করেন দলের স্কোর।

অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচেন জুরেল। তবে পরের বলেই বাড়তি বাউন্সে ক্যাচ দিয়ে ফেরেন এই কিপার-ব্যাটসম্যান (৪০ বলে ১৯)।

সেখান থেকেই ওয়াশিংটনকে নিয়ে আবার প্রতিরোধ গড়েন কারুন। দিনের শেষ দিকে ফিফটি পূর্ণ করেন তিনি ৮৯ বলে। 

এই সিরিজ দিয়ে আট বছর পর টেস্ট ক্রিকেটে ফেরেন কারুন। প্রথম দুই টেস্টে ভালো করতে না পারায় পরের দুই ম্যাচের একাদশে জায়গা পাননি তিনি। শেষ ম্যাচে ফিরে পঞ্চাশের দেখা পেলেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। 

২০১৬ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে অপরাজিত ৩০৩ রানের পর তার প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। ১০ টেস্টের ক্যারিয়ারে এই দুটি ছাড়া আর পঞ্চাশ ছুঁতে পারেননি তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৬৪ ওভারে ২০৪/৬ (জয়সওয়াল ২, রাহুল ১৪, সুদার্শান ৩৮, গিল ২১, কারুন ৫২*, জাদেজা ৯, জুরেল ১৯, ওয়াশিংটন ১৯*; ওকস ১৪-১-৪৬-১, অ্যাটকিনসন ১৯-৭-৩১-২, টং ১৩-৩-৪৭-২, ওভারটন ১৬-০-৬৬-০, বেথেল ২-১-৪-০)