১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেঞ্চুরি ও ৫ উইকেটে বশের যত কীর্তি

একটি জায়গায় ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে কর্বিন বশের ওপরে আছেন কেবল একজন।

সেঞ্চুরি ও ৫ উইকেটে বশের যত কীর্তি
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরি ও প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন কর্বিন বশ। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

টেস্ট অভিষেকে দেড়শ ছাড়ানো ইনিংস খেলে ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। তবে পুরস্কারটা কর্বিন বশের হাতে উঠলেও কারো আপত্তি হয়তো থাকত না। একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট বলে কথা! দুর্দান্ত এই পারফরম্যান্সে রেকর্ড বইয়ের বেশ কিছু পাতায় জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার।

বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই স্বাদ পেয়েছেন বশ। ৩০ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার অপরাজিত সেঞ্চুরি করেছেন আট নম্বরে নেমে। বল হাতে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও, দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে দলের ৩২৮ রানের জয়ে রেখেছেন বড় অবদান।

এক নজরে দেখে নেওয়া যাক তার অর্জনগুলো:

দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেটের কীর্তি গড়লেন বশ।

দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে এই স্বাদ পান জিমি সিনক্লেয়ার। ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে কেপ টাউন টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। টেস্ট ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেটের প্রথম নজিরও সেটিই।

এই তালিকার পরের জনও আরেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ১৯১০ সালে ইংল্যান্ডের বিপক্ষেই জোহানেসবার্গ টেস্টে অব্রে ফকনার ৫ উইকেট নেন প্রথম ইনিংসে, সেঞ্চুরি করেন দ্বিতীয় ইনিংসে।

দক্ষিণ আফ্রিকার একমাত্র ক্রিকেটার হিসেবে দুইবার এই স্বাদ পেয়েছেন জ্যাক ক্যালিস। এই অলরাউন্ডার ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেপ টাউন টেস্টে ৫ উইকেট নেন দ্বিতীয় ইনিংসে, প্রথম ইনিংসে করেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হতে পারত তার, কিন্তু তিনি ৮৮ রানে অপরাজিত থাকার সময় ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক হান্সি ক্রনিয়ে।

২০২২ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে ক্যালিস অপরাজিত সেঞ্চুরি করেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট।

দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে দেশের বাইরে টেস্টে এই যুগলের স্বাদ পেলেন বশ। সিনক্লেয়ার, ফকনার ও ক্যালিস পান ঘরের মাঠে। 

এই অর্জনে বশই দক্ষিণ আফ্রিকার দ্রুততম। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই তিনি পেলেন এই স্বাদ। তার আগে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ৫ টেস্ট লেগেছিল সিনক্লেয়ারের।

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে বশের চেয়ে কম টেস্ট খেলে এই কীর্তি গড়তে পেরেছেন কেবল একজন- নিউ জিল্যান্ডের ব্রুস টেইলর। ১৯৬৫ সালে টেস্ট অভিষেকে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেন তিনি, প্রথম ইনিংসেই নেন ৫ উইকেট।

এই স্বাদ পাওয়া নিউ জিল্যান্ডের প্রথম ও একমাত্র ক্রিকেটার তিনিই। 

বশের সমান ২ ম্যাচ করে লেগেছে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেইস ও অস্ট্রেলিয়ার জ্যাক গ্রেগরির।  

ভারতের রাভিচান্দ্রান অশ্বিন ও জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটের লেগেছে ৩ টেস্ট করে। 

ইয়ান বোথামের লেগেছিল ৪ টেস্ট। একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট সর্বোচ্চ পাঁচবার পেয়েছেন এই ইংলিশ গ্রেট। অশ্বিন পেয়েছেন চার।

দুইবার করে পেয়েছেন স্যার গ্যারি সোবার্স, মুশতাক মোহাম্মদ, জ্যাক ক্যালিস, সাকিব আল হাসান ও রাভিন্দ্রা জাদেজা। 

বশসহ ২১ জন পেয়েছেন একবার করে।

বুলাওয়ায়োতে এই তালিকায় নাম লেখানোর খুব কাছে যান ভিয়ান মুল্ডার। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া অলরাউন্ডার সেঞ্চুরি করেন দ্বিতীয় ইনিংসে।