৫ বলে ৫ উইকেটের অবিশ্বাস্য কীর্তি, ২৫৪ বছরের ইতিহাসে প্রথম
টানা ৫ বলে ৫ উইকেট ও ৮ বলের মধ্যে ৬ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে অনন্য কীর্তি গড়েছেন ৩০ বছর বয়সী পেসার।
একবার হ্যাটট্রিক করতে পারাই অনেক বোলারের এক জীবনের স্বপ্ন। কত গ্রেট বোলারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে এই স্বাদ না পেয়েই! প্রথম শ্রেণির ক্রিকেটের সুদীর্ঘ পথচলায় ৪ বলে ৪ উইকেটের নজিরও আছে বেশ কিছু। তবে এবার ব্রেট র্যান্ডেল যা করলেন, ইতিহাসেই নজির নেই একটিও!
চোখ কপালে ওঠার মতোই এক কীর্তি গড়েছেন নিউ জিল্যান্ডের এই পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটের ঐতিহ্যবাহী আসর প্লাঙ্কেট শিল্ডে রোববার নর্দান ডিস্ট্রিক্টসের বিপক্ষে টানা ৫ বলে উইকেট নিয়েছেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের এই পেসার!
প্রথম শ্রেণির ক্রিকেটের শুরুর ম্যাচটি ধরা হয় ১৭৭২ সালের জুনে। সেই থেকে এখনও পর্যন্ত প্রায় ২৫৪ বছরের ইতিহাসে কোনো বোলার ৫ বলে ৫ উইকেট নিতে পারেননি আগে কখনোই।
প্রতিপক্ষকে দুটি বল স্বস্তি দিয়ে পরে আরেকটি উইকেট শিকার করেন র্যান্ডেল। ৮ বলের মধ্যে ৬ উইকেটও প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম নজির।
অথচ এই ম্যাচে তার খেলারই কথা ছিল না। চোটের কারণে খেলতে পারেননি দু্ই বোলার, আরও দুজন অনুপস্থিত ছিলেন ব্যক্তিগত কারণে। সেই সুযোগই অবিশ্বাস্যভাবে কাজে লাগালেন র্যান্ডেল
তার টানা ৫ শিকার ছিল ২ ওভারে ছড়িয়ে। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে তিনি দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন হেনরি কুপারকে। দারুণ ইনডিপার অনেকটা দেরিতে সুইং করে ভেতরে ঢুকে ছোবল দেয় স্টাম্পে। বল ছেড়ে দিয়ে বোকা বনে যান ব্যাটসম্যান।
পরের ওভারের প্রথম বলে তিনি বোল্ড করেন নিউ জিল্যান্ডের হয়ে ২৪ টেস্ট খেলা ব্যাটসম্যান জিত রাভালকে। বাঁহাতি ব্যাটসম্যানের জন্য রাউন্ড দা উইকেটে বল করে ভেতরে ঢোকা ডেলিভারিতেই এলোমেলো করে দেন স্টাম্পস।
এরপর অফ স্টাম্প ঘেঁষা দারুণ ডেলিভারিতে জো কার্টারকে ফিরিয়ে পূর্ণ করেন তিনি হ্যাটট্রিক। উইকেটের পেছনে ক্যাচ নেন কিপার ডেন ক্লিভার। ব্যাটসম্যানকে অবশ্য সন্তুষ্ট মনে হয়নি আম্পায়ারের সিদ্ধান্তে।
হ্যাটট্রিক পূর্ণ করে বাঁধনহারা উদযাপতে মেতে ওঠেন র্যান্ডেল। তাকে ঘিরে উল্লাস করেন সতীর্থরা। কে জানত, ইতিহাসের ক্ষণগণনা চলছে!
পরের উইকেট আসে আউট সুইঙ্গারে। স্টাম্প ঘেঁষে বেরিয়ে যাওয়া বলে স্লিপে ধরা পড়ের রবার্ট ও’ডনেল।
ইহিসান গড়ার মুহূর্তটি ছিল বেশ নাটকীয়। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিটি ছেড়ে দেওয়া যেত অনায়াসেই। কিন্তু সম্মোহিতের মতো ব্যাট পেতে ডিফেন্স করার চেষ্টা করেন ক্রিস্টিয়ান ক্লার্ক। বল সেখানেই এক ড্রপ খেয়ে আলতো করে স্টাম্পে ছুঁয়ে ফেলে দেয় বেলস। ব্যাটসম্যান চেষ্টা করছিলেন হাত দিয়ে আটকাতে, সেটিও পারেননি।
ক্রিকেটের পরিভাষায় টানা চার বলে উইকেটকে বলা হয় ‘ডাবল হ্যাটট্রিক।’ এবার টানা ৫ বলে উইকেটে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেট দেখে ফেলল ‘ট্রিপল হ্যাটট্রিক।’
বিনা উইকেটে ৪ রান থেকে নর্দান ডিস্ট্রিক্টসের রান হয়ে যায় চোখের পলকে ৫ উইকেটে ৯। র্যান্ডেলের বোলিং বিশ্লেষণ তখন ২.৪-১-২-৫!
নতুন ব্যাটসম্যান বেন পোমারে আর বিপদ হতে দেননি পরের বলে। তবে টিকতেও পারেননি বেশিক্ষণ। র্যান্ডেলের পরের ওভারের প্রথম বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। ৮ বলে ৬ উইকেট নিয়ে আরেকটি ইতিহাস গড়েন বোলার।
পরে স্কট কুগেলাইনকে ফিরিয়ে সপ্তম শিকার ধরেন তিনি। ইনিংস শেষ করেন ২৫ রানে ৭ উইকেট নিয়ে। তার ক্যারিয়ার সেরা বোলিং এটি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে আগের ৩৭ ম্যাচে তার উইকেট ১০৩টি। ইনিংসে ৫ উইকেট ছিল মাত্র ২ বার।
দিনের খেলা শেষে উচ্ছ্বসিত ৩০ বছর বয়সী পেসার প্রতিক্রিয়া প্রকাশের উপযুক্ত ভাষা যেন খুঁজে পাচ্ছিলেন না।
“সত্যি বলতে, আমি উচ্ছ্বাসে ভেসে যাচ্ছি। পাগলাটে মুহূর্ত, স্বপ্নের ঘোরে থাকার মতো। আমি চেষ্টা করছিলাম মাথা ঠাণ্ডা রেখে একই জায়গায় বল রাখার। হ্যাটট্রিক হয়ে যাওয়ার পরও একই চেষ্টাই করছিলাম, একই জায়গায় বল রাখার।”
“আমার কোনো ধারণাই ছিল না যে, বিশ্বে প্রথমবার এটি (৫ বলে ৫ উইকেট) হলো আজকে। সত্যিকার অর্থেই দারুণ ব্যাপার। এই মুহূর্তে সত্যি বলতে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। অবশ্যই সানন্দেই নিচ্ছি এই অর্জন।”
প্রথম শ্রেণির ক্রিকেটে র্যান্ডেল প্রথম হলেও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে এই কীর্তি গড়েছেন কার্টি ক্যাম্ফার। আইরিশ পেস বোলিং অলরাউন্ডার গত জুলাইয়ে ডাবলিনে ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে। নারী ক্রিকেটে জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কেলিস এনডিলোভু এই নজির দেখান ২০২৪ সালে জিম্বাবুয়ে ক্রিকেট উইমেন’স টি-টোয়েন্টি কাপে।
প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ৪ বলে উইকেটের নজির আগে ছিল ৪৪টি। এর মধ্যে বাংলাদেশের আছেন কেবল একজন ২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে মধ্যাঞ্চলের হয়ে টানা ৪ বলে উইকেট নিয়েছিলেন মাহমুদউল্লাহ।
