১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গল্ফ ছেড়ে সাত বছর পর ক্রিকেটে ফিরলেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক

৩৯ ছুঁইছুঁই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লড়াইয়ে লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার, যার অভিষেক হয়েছিল ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে।

গল্ফ ছেড়ে সাত বছর পর ক্রিকেটে ফিরলেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক
সবশেষ ২০১৮ সালে বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ের হয়ে খেলেন গ্রায়েম ক্রিমার। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 02:05 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

আগামী মাসেই বয়স পূর্ণ হবে ৩৯। বেশির ভাগ আন্তর্জাতিক ক্রিকেটার এই বয়সের আগেই চলে যান অবসরে। গ্রায়েম ক্রেমার সেখানে শুরু করছেন ফেরার লড়াই। জিম্বাবুয়ের হয়ে সবশেষ ম্যাচ খেলার সাড়ে সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অভিযান শুরু করেছেন সাবেক এই অধিনায়ক।

গত রোববার জিম্বাবুয়ের ন্যাশনাল প্রিমিয়ার লিগে ফেরেন ক্রিমার। ৪৫ ওভারের ম্যাচের টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই ৪৩ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। সেই পথ ধরে ছুটে পরের ম্যাচেও শিকার করেন ৪৪ রানে ৪ উইকেট। 

আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সবশেষ দেখা গেছে ২০১৮ সালের মার্চে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে। স্বীকৃত ক্রিকেটে সবশেষ ম্যাচটি খেলেন ওই বছরের ডিসেম্বরে ঘরোয়া প্রো৫০ চ্যাম্পিয়নশিপে। 

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে ক্রিমারের আন্তর্জাতিক অভিষেক সেই ২০০৫ সালে। যে ম্যাচে বাংলাদেশ পেয়েছিল প্রথম টেস্ট জয়ের স্বাদ। সেই সিরিজের দুই টেস্টে ছয়টি উইকেট শিকার করেন তিনি। পরে দক্ষিণ আফিকা সফরেও দুই টেস্টে পান ছয় উইকেট। ওই বছর নিউ জিল্যান্ডের বিপক্ষেও দুটি টেস্ট খেলেন তিনি। পরে টেস্ট থেকে নির্বাসনে যায় জিম্বাবুয়ে।

পরের বছর দক্ষিণ আফ্রিকায় গিয়ে ট্রায়াল দেন তিনি নতুন অধ্যায় শুরুর আশায়। তবে সেখানে সফল হননি। ফিরে আসেন জিম্বাবুয়ের ক্রিকেটে। টি-টোয়েন্টি অভিষেক হয় তার ২০০৮ সালে, ওয়ানডে অভিষেক ২০০৯ সালে। লেগ স্পিনের পাশাপাশি পরে ব্যাটিংয়েও দারুণ উন্নতি করেন।

২০১৬ সালে জিম্বাবুয়ের অধিনায়কত্ব পান তিনি। ২০১৮ সাল পর্যন্ত দেশকে নেতৃত্ব দেন ৮ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টিতে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে একটি সেঞ্চুরিও উপহার দেন অধিনায়ক হিসেবে।

সাত বছর পর ক্রিকেটে ফিরেই পরপর দুই ম্যাচে চার উইকেট শিকার করেন গ্রায়েম ক্রিমার। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট।

সাত বছর পর ক্রিকেটে ফিরেই পরপর দুই ম্যাচে চার উইকেট শিকার করেন গ্রায়েম ক্রিমার

২০১৮ সালে তার নেতৃত্বে বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ হয়ে ২০১৯ বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। পরে তার জীবনও নেয় নতুন বাঁক।

তার স্ত্রী মের্না উড়োজাহাজের পাইলট। বাচ্চাদের দেখভাল ও পরিবার সামলানোর জন্য ক্রিকেটের অধ্যায় থামিয়ে তিনি স্ত্রীর সঙ্গে থিতু হন দুবাইয়ে। 

তখন বলেছিলেন, এই বিরতি সাময়িক, জিম্বাবুয়ের ক্রিকেটে ফিরতে চান তিনি দ্রুত। কিন্তু বিরতির সেই সময়টা পেরিয়ে গেল সাত বছরের বেশি। 

মাঝের সময়টায় অবশ্য ক্রিকেটের সঙ্গে কিছুটা যুক্ত ছিলেন নানা সময়ে। সংযুক্ত আরব আমিরাতের কোচিং স্টাফে কাজ করেছেন, জয়পুরে রাজস্থান রয়্যালস ক্রিকেট একাডেমির পরিচালকও ছিলেন। এছাড়া ব্যস্ত ছিলেন গল্ফ খেলা নিয়েও। এখন আবার তার পরিচয় ক্রিকেটার।

জিম্বাবুয়ের ন্যাশনাল প্রিমিয়ার লিগে তাকাসিংহা প্যাট্রিয়টস ওয়ান ক্রিকেট ক্লাবের হয়ে দুই ম্যাচ খেলার পর এখন তিনি আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। কোয়েকোয়ে স্পোর্টস ক্লাব মাঠে গত বুধবার কুইন্স স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচ শেষে রোমাঞ্চের কথা শোনালেন তিনি ৩-মব ডট কমকে। 

“ফিরতে পারাটা অসাধারণ। কোয়েকোয়ে আমার ঘরের মাঠ ছিল অনেক বছর। এখানে আবার হাঁটতে পেরে এবং তাকাসিংহার মতো নামী ক্লাবে খেলতে পেরে দারুণ লাগছে। তারা আমাকে দলে আলিঙ্গন করে নিয়েছে এবং দলের আবহ চমৎকার। শুরুটা যেভাবে হয়েছে, আমি তাতে উচ্ছ্বসিত।”

গত রোববার ক্রেমারের ফেরার ম্যাচটিতে খেলেন ব্রেন্ডান টেইলরও। সেদিন ৬৩ রান করেন তিনি। ড্রাগ ও অ্যালকোহলের আসক্তি থেকে মুক্তি পেয়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পরে টেস্ট ক্রিকেটেও ফিরেছেন সাবেক এই অধিনায়ক।

টেইলরের সঙ্গে আবার খেলতে পেরেও ক্রিমার যেন আনন্দে উড়ছিলেন। 

“আমি ও ব্রেন্ডান অনেক আগে থেকেই ঘনিষ্ঠ বন্ধু। তার সঙ্গে আবার মাঠে থাকতে পারা ও তাকে রান করতে দেখাটা দারুণ ব্যাপার। তাকে ব্যাট করতে দেখা, একসঙ্গে মাঠে নামা, যেভাবে সে যোগাযোগ করে মাঠে… সবকিছুই চমৎকার, একসঙ্গে অনেক ক্রিকেট আমরা খেলেছি। তার মতো একজনকে পাশে পাওয়াটা আমাকেও সহায়তা করেছে।”

টেইলর ও ক্রিমার দুজনই মূলত চোখ রাখছেন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দেশের মাঠে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। গতবার টি উগান্ডার কাছে হেরে -টোয়েন্টি বিশ্বকাপের বাছাই উতরাতে পারেনি জিম্বাবুয়ে, ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি তারা ২০১৫ সালের পর আর একবারও। 

এবার দলকে বিশ্বকাপে নেওয়ার লড়াইয়ে টেইলর ফিরেছেন, ফেরার অপেক্ষায় পুরোনো সঙ্গী ক্রিমার।