‘আমাকে কিং ডাকবেন না’, বললেন বাবর
পাকিস্তানি এই ব্যাটসম্যানকে ভালোবেসে 'কিং বাবর' নামে ডাকেন ভক্তদের অনেকে।
পাকিস্তান ক্রিকেটে সময়ের সবচেয়ে বড় তারকা বাবর আজম। ভক্তদের কাছে তো তিনি পরিচিত ‘কিং বা রাজা’ নামে। যদিও নিজেকে সেই জায়গায় দেখেন না বাবর। তাই এই নামে তাকে না ডাকার অনুরোধ জানিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান।
সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বিবেচনা করা হয় বাবরকে। আন্তর্জাতিক ক্রিকেটের অনেক কীর্তি ও রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে অবশ্য নিজেকে খুঁজে ফিরছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
যে সংস্করণে সবচেয়ে ভালো করছিলেন বাবর, সেই ওয়ানডেতেও এখন কিছুটা ভুগছেন তিনি। ২০২৩ সালের এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত ২৫ ওয়ানডে খেলে ৮ ফিফটির পাশে সেঞ্চুরি করতে পেরেছেন কেবল একটি।
ওয়ানডেতে তার ক্যারিয়ার গড় যেখানে প্রায় ৫৬, সেখানে এই সময়ে রান করেছেন ৪২.৯০ গড়ে। এশিয়া কাপে নেপালের বিপক্ষে সেঞ্চুরিটি বাদ দিলে তো গড় নেমে যায় ৩৮ এর নিচে।
চলতি ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে বাবর করেছেন ১০ ও ২৩ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাবেক অধিনায়কের এমন পারফরম্যান্স পাকিস্তানের জন্য চিন্তার কারণ।
প্রোটিয়াদের বিপক্ষে বুধবার রেকর্ড গড়া জয়ের পর বাবর ভক্তদের উদ্দেশ্যে ওই অনুরোধ করেন।
“প্রথমত, আমাকে 'কিং' নামে ডাকা বন্ধ করুন। আমি এখনো তা হইনি। দেখা যাক, অবসরের পর মানুষ আমাকে কী নামে ডাকে। ওপেনিং আমার জন্য নতুন পজিশন এবং দলের চাহিদা অনুযায়ী আমি এই দায়িত্ব নিয়েছি।”
ওয়ানডে ক্যারিয়ারের সিংহভাগ সময় তিনে ব্যাটিং করেছেন বাবর। এই পজিশনে ১০৪ ইনিংসে ১৯ সেঞ্চুরিতে রান করেছেন পাঁচ হাজার ৪১৬, ব্যাটিং গড় ৬০.১৭। কিন্তু দলের প্রয়োজনে এখন তাকে খেলতে হচ্ছে ওপেনিংয়ে। যে পজিশনে এখনও নিজেকে মানিয়ে নিতে পারেননি তিনি; চার ম্যাচে করতে পেরেছেন কেবল ৫৯ রান।
তবে অতীতের সাফল্য নিয়ে পড়ে থাকতে নারাজ বাবর। চলমান ব্যর্থতা ভুলে সামনের দিকে তাকাতে চান তিনি।
“আমি অতীত নয়, বর্তমানে দৃষ্টি দিচ্ছি। যদি আগের পারফরম্যান্স নিয়ে পড়ে থাকি, তাহলে সেটা আমার ভবিষ্যতকে বাধাগ্রস্ত করবে। প্রত্যেকটি নতুন দিন নতুন পরিকল্পনা এবং মানসিকতা নিয়ে আসে।”
সবশেষ ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ায় রেকর্ড গড়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৫৩ রানের লক্ষ্য মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার সেঞ্চুরি এবং তাদের রেকর্ড গড়া জুটিতে ৬ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছে তারা, জায়গা করে নিয়েছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।
আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে লড়বে পাকিস্তান।
