২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়সওয়ালের পর গিলের সেঞ্চুরিতে ভারতের বিশাল সংগ্রহ, বিপদে উইন্ডিজ

দ্বিতীয় টেস্টেও দ্বিতীয় দিনেই বেশ কোণঠাসা হয়ে পড়েছে ক্যারিবিয়ানরা।

জয়সওয়ালের পর গিলের সেঞ্চুরিতে ভারতের বিশাল সংগ্রহ, বিপদে উইন্ডিজ
শুবমান গিলের (ডানে) সঙ্গে ধ্রুব জুরেল। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 07:15 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

দিনের দ্বিতীয় ওভারেই রান আউটে কাটা পড়লেন সেঞ্চুরিয়ান ইয়াশাসভি জয়সওয়াল। এরপর দলকে এগিয়ে নিলেন শুবমান গিল। চমৎকার ব্যাটিংয়ে ভারত অধিনায়কও উপহার দিলেন সেঞ্চুরি। পাঁচশ ছাড়ানো বিশাল পুঁজি গড়ল স্বাগতিকরা। পরে ব্যাটিং নামা ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরলেন রাভিন্দ্রা জাদেজা।

দিল্লি টেস্টে শনিবার ৫ উইকেটে ৫১৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করে দ্বিতীয় দিন শেষ করে ক্যারিবিয়ানরা। এখনও ৩৭৮ রানে পিছিয়ে তারা।

আগের দিনের ১৭৩ রানের সঙ্গে দুই রান যোগ করতেই ফিরে যান জয়সওয়াল। তবে শেষ পর্যন্ত খেলেন গিল। ২০ রান নিয়ে নতুন দিন শুরু করে তিনি খেলেন ১২৯ রানের ইনিংস। তার ১৯৬ বলের অপরাজিত ইনিংসটি সাজানো ২ ছক্কা ও ১৬ চারে।

টেস্টে এটি গিলের দশম সেঞ্চুরি। গত জুনে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করার পর ১২ ইনিংসে পঞ্চমবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি। ভারতীয় অধিনায়কদের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম। নেতৃত্বের প্রথম ১০ ইনিংসে পাঁচ ফিফটি করে রেকর্ডটি সুনিল গাভাস্কারের।

ওয়েস্ট ইন্ডিজের এখন পর্যন্ত হারানো চার উইকেটের তিনটিই নিয়েছেন বাঁহাতি স্পিনার জাদেজা। অন্যটি বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভের।

অরুণ জেটলি স্টেডিয়ামে নতুন দিনে জয়সওয়ালকে বিদায় করার কয়েক ওভার পর নিতিশ কুমার রেড্ডিকেও ফেরানোর সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি তারা। জোমেল ওয়ারিক্যানের বলে মিড-অফে নিতিশ কুমারের সহজ ক্যাচ ছাড়েন অ্যান্ডারসন ফিলিপ।

২০ রানে জীবন পেয়ে আরও কিছুটা সময় গিলকে সঙ্গ দেন নিতিশ। তাদের ব্যাটে চারশ ছাড়িয়ে যায় ভারতের রান। ৯৫ বলে ফিফটি স্পর্শ করেন গিল। অল্পের জন্য এই স্বাদ পাননি নিতিশ; ওয়ারিক্যানের বলেই তিনি ফেরেন ২ ছক্কা ও ৪টি চারে ৪৩ রান করে। ভাঙে ৯১ রানের যুগল বন্দি।

এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ধ্রুব জুরেলকে নিয়ে শতরানের জুটি গড়েন গিল। ১১৭ বলে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন তিনি। ইংল্যান্ডে চারটি সেঞ্চুরি করেছিলেন ডানহাতি ব্যাটসম্যান।

ভারতীয় অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে গিলের সেঞ্চুরি হয়ে গেল পাঁচটি, যা যৌথভাবে সর্বোচ্চ। ২০১৭ ও ২০১৮ সালে পাঁচটি করে সেঞ্চুরি করেছিলেন তখনকার ভারত অধিনায়ক ভিরাট কোহলি। ১৯৯৭ সালে অধিনায়ক হিসেবে টেন্ডুলকার টেস্টে চারবার শতকের স্বাদ পেয়েছিলেন।

জুরেলের স্টাম্প ভেঙে ১০২ রানের জুটিতে ফাটল ধরান রোস্টন চেইস। ৫ চারে ৪৪ রান করেন জুরেল। এরপরই ইনিংস ঘোষণা করে দেয় ভারত।

সফরকারীদের দ্বিতীয় ইনিংসে আক্রমণে এসেই হানা দেন জাদেজা। নিজের দ্বিতীয় বলে জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দেন তিনি। এই উইকেটে ছিল সৌভাগ্যের ছোঁয়া।

জাদজাকে সজোরে সুইপ করেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্যাম্পবেল। শর্ট লেগে সাই সুদার্শান মুখ ফিরিয়ে নেন অন্য দিকে। তার হাতে হালকা ছুঁয়ে হেলমেটে লাগা বল কোনোমতে ধরে রেখে সবাইকে অবাক করে দেন সুদার্শান। 

শুরুর সেই ধাক্কা সামলে ওঠার চেষ্টা চালান তেজনারাইন চান্দারপল ও আলিক আথানেজ। ভালো শুরু পেলেও দুই ব্যাটসম্যানের কেউই বড় করতে পারেননি ইনিংস। ১ ছক্কা ও ৪টি চারে ৩৪ রান করা চান্দারপলকে ফিরিয়ে ৬৬ রানের জুটি ভাঙেন জাদেজা।

কয়েক ওভার পর কুলদিপের বলে জাদেজার হাতে ধরা পড়েন ১ ছক্কা ও ৫ চারে ৪১ রান করা আথানেজ। পরের ওভারে রোস্টন চেইসের ফিরতি ক্যাচ নেন জাদেজা।

দিনের বাকি সময়ে দলকে আর উইকেট হারাতে দেননি টেভিন ইমলাচ ও শেই হোপ। ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন তারা। ৫ চারে ৩১ রান করেন হোপ, ২ চারে ১৪ রান ইমলাচ।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ১৩৪.২ ওভারে ৫১৮/৫ ডিক্লে. (আগের দিন ৩১৮/২) (জয়সওয়াল ১৭৫ গিল ১২৯*, নিতিশ ৪৩, জুরেল ৪৪; সিলস ২২-২-৮৮-০, ফিলিপ ১৭-২-৭২-০, গ্রেভস ১৪-১-৫৮-০, পিয়ের ৩০-২-১২০-০, ওয়ারিক্যান ৩৪-৬-৯৮-৩, চেইস ১৭.২-০-৮৩-১)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৩ ওভারে ১৪০/৪ (ক্যাম্পবেল ১০, চান্দারপল ৩৪, আথানেজ ৪১, হোপ ৩১, চেইস ০, ইমলাচ ১৪; বুমরাহ ৬-৩-১৮-০, সিরাজ ৪-০-৯-০, জাদেজা ১৪-৩-৩৭-৩, কুলদিপ ১২-৩-৪৫-১, ওয়াশিংটন ৭-১-২৩-০)