Published : 02 Jan 2026, 08:47 PM
অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজের ব্যর্থতায় ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের ভবিষ্যৎ ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। তবে এই দুটি পদে নিজেদেরই সঠিক ব্যক্তি মনে করছেন স্টোকস। ম্যাককালামকে ছাড়া অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ কল্পনাও করতে পারছেন না তিনি।
অ্যাশেজ জয়ের স্বপ্ন নিয়ে এবার অস্ট্রেলিয়ায় গিয়ে মুখ থুবড়ে পড়েছে ইংল্যান্ড। খর্বশক্তির অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে গেছে প্রথম তিন টেস্টেই। একটি প্রাপ্তি অবশ্য ধরা দিয়েছে ইংল্যান্ডের। মেলবোর্ন টেস্ট জিতে অস্ট্রেলিয়ায় এই সংস্করণে জয়ের স্বাদ পেয়েছে তারা ১৫ বছর পর।
আগামী রোববার সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম টেস্ট। ম্যাককালাম ও স্টোকসের ভাগ্য নির্ধারণে হয়তো বড় ভূমিকা রাখবে শেষ টেস্টে দলের পারফরম্যান্স।
দুজনই অবশ্য ইতোমধ্যে বলেছেন, এই সফরের পরও দায়িত্ব চালিয়ে যেতে চান তারা। স্টোকস শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ম্যাককালামকে সঙ্গে নিয়েই দায়িত্ব চালিয়ে যেতে চান তিনি।
‘আমার মনে কোনো সংশয় নেই যে, আমি ও ব্রেন্ডন নিকট ভবিষ্যতে এই কাজ চালিয়ে যাওয়ার জন্য সঠিক ব্যক্তি।”
“দেখুন, ব্রেন্ডনের সঙ্গে কাজ করার সময়টা আমি পুরোপুরি উপভোগ করেছি। আমি এমন কাউকে দেখতে পাচ্ছি না যাকে সঙ্গে নিয়ে এখন যেখানে আছি, সেখান থেকে এই দলকে আরও বড় উচ্চতায় নিয়ে যেতে পারব।”