শিক্ষা সফর নয়, অস্ট্রেলিয়ায় ট্রফি জিততে চান সোহানরা
টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।
‘এ’ দলের খেলায় সাধারণত ‘দল’ ব্যাপারটি কমই থাকে। নিজেকে মেলে ধরা, জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবি জানানো, শেখার পথ ধরে নিজেকে সমৃদ্ধ করা, মূলত এসবই থাকে চাওয়া। তবে নুরুল হাসান সোহানের ভাবনায় নেই শেখার প্রক্রিয়া। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক বললেন, ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে যাচ্ছেন তারা।
ডারউইনে এই টুর্নামেন্ট খেলতে দুই ধাপে বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ার নিয়মিত ক্রিকেট মৌসুমের বাইরে গত তিন বছর ধরে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ প্রথমবার গত অংশ গত আসরে। ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্স আপ হয়েছিল আকবর আলির নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল।
দেশ ছাড়ার আগে বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক সোহান একবার বললেন, আবারও ফাইনাল খেলাটা তাদের লক্ষ্য। পরে আবার বললেন, ট্রফিতেই চোখ রাখছেন দলের সবাই।
“একটা ভালো টুর্নামেন্টে আমরা যাচ্ছি। খুব ভালো ভালো দলই আছে এখানে। আমাদের জন্য ভালো সুযোগ। অবশ্যই চাইব যেন ফাইনাল খেলতে পারি।”
“শেখার প্রক্রিয়ায় বিশ্বাস করি না, কারণ আমরা শিখতেই আছি। অবশ্যই শিখব, সেটা জীবনেরই অংশ। কিন্তু যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, অবশ্যই লক্ষ্য ফাইনাল খেলার। দলের প্রতিটি ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টে যারা আছেন, সবারই লক্ষ্য ট্রফির দিকে।”
বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অস্ট্রেলিয়া সফরের সুযোগ খুব বেশি হয় না। সেদিক থেকে পরপর দুই বছর এই টুর্নামেন্টে খেলতে পারা ক্রিকেটারদের জন্য বড় ব্যাপার। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো কয়েকটি প্রতিপক্ষের সঙ্গে লড়িয়ে ক্রিকেট উপহার দেওয়ার আশা সোহানের।
“অনেকগুলো ভালো দল আছে এই টুর্নামেন্টে। পাকিস্তান ‘এ’ দল আছে, নেপাল জাতীয় দল… ওখানকার যে দলগুলো আছে, ওখানে যাওয়ার পর বোঝার সুযোগ পাব ভালোভাবে। সবই ভালো দল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। এই কন্ডিশনে ভালো করার ভালো সুযোগ আমাদের সামনে।”
সোহানের নিজের জন্যও এই সফর গুরুত্বপূর্ণ। জাতীয় দলে ফেরার যে লড়াই তিনি করছেন, ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে ‘এ’ দলে পারফর্ম করছেন নিয়মিত, সেই পথ ধরেই তিনি ছুটতে চান। দেশের জার্সিতে আবার খেলার স্বপ্ন তিনি হৃদয়ে ধারণ করেন প্রবলভাবেই।
“এটা (জাতীয় দলে সুযোগ পাওয়া) আসলে আমার হাতে নয়, এটা নিয়ে মন্তব্য করাটাও ঠিক হবে না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যেখানে খেলছি, ভালো করার চেষ্টা করছি। নিজের জায়গা থেকে আরও উন্নতি করার চেষ্টা করছি। অবশ্যই বাংলাদেশ দলের হয়ে খেলা একটা বড় গর্বের ব্যাপার। এটা খেলার জন্যই ছোট থেকে স্বপ্ন দেখেছি, এখনও স্বপ্ন দেখছি। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
এই অস্ট্রেলিয়া সফরে ভালো করতে পারলে সেই স্বপ্নের দুয়ার খুলে যেতে পারে তার সামনে। এই মাসের শেষেই তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতেবাংলাদেভে আসবে নেদারল্যান্ডস। এরপরই আছে এশিয়া কাপ। তবে সেসব না ভেবে আপাতত শুধু অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টকেই ভাবনায় রাখতে চান বাংলাদেশের হয়ে ৪৬ টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার।
“আমার জন্য প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সেটা অনুশীলন ম্যাচ হোক বা ঘরোয়া ম্যাচ।”
“সামনে যা থাকে, আমি সেটাতেই মনোযোগ দিতে চাই। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার কাছে মূল মনোযোগ এখানেই। আমার কাজ মাঠে পারফর্ম করা বা খেলা। সবসময় শতভাগ দেওয়ার চেষ্টা করি। কোনো সময় হয়, কোনো সময় হয় না। এটা (জাতীয় দল) তাদের চিন্তার বিষয়। আমার ভাবনা পুরোটাই এই টুর্নামেন্ট ঘিরে।”
সবশেষ শ্রীলঙ্কা সফরের আগে সোহানের জাতীয় দলে ফেরা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত সুযোগটি তিনি পাননি। নির্বাচকদের কাছে এটা নিয়ে যেমন অনেক প্রশ্ন ছুটে গিয়েছিল, তেমনি এমন আলোচনাও ছিল যে, রংপুর রাইডার্সের হয়ে গায়ানায় গ্লোবাল সুপার লিগে খেলার জন্য তিনি নিজেই তখন জাতীয় দলের সিরিজে থাকতে চাননি।
তবে সেই অভিযোগ উড়িয়ে দিলেন ৩১ বছর বয়সী ক্রিকেটার।
“আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই, আমার প্রথম প্রাধান্য গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না। ওই টুর্নামেন্টের জন্য জাতীয় দলে ছিলাম না, এরকম কোনো ব্যাপারও ছিল না। চট্টগ্রামে ক্যাম্পে ছিলাম। যখন জাতীয় দলে সুযোগ হয়নি, তখন ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার চেয়ে গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলা ভালো। সেজন্যই এটা নিয়ে চিন্তা করেছি।”
টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ অগাস্ট পাকিস্তান শাহিন্সের (এ দল) বিপক্ষে। পরের ম্যাচ ১৬ অগাস্ট নেপালের বিপক্ষে। এরপর ১৭ অগাস্ট লড়াই পার্থ স্কর্চার্সের সঙ্গে, ১৯ অগাস্ট প্রতিপক্ষ নর্দান টেরিটরি স্ট্রাইক, ২১ অগাস্ট খেলা মেলবোর্ন স্টার্সের সঙ্গে এবং ২৩ অগাস্ট অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে।
টুর্নামেন্টের সেমি-ফাইনাল ও ফাইনাল ২৪ অগাস্ট। ফাইনালে উঠতে পারলে তাই দুই দিনে তিনটি ম্যাচ খেলবে হবে সোহানদের। সফরের জন্য সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে দুই দিন আগে।
বাংলাদেশ ‘এ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি চৌধুরি, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরি, রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুসফিক হাসান, রিপন মন্ডল, হাসান মাহমুদ।
