২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুল্ডারের সেঞ্চুরির পর ব্যাটিং ধসে বিপদে বাংলাদেশ

টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন ভিয়ান মুল্ডার, পরে দিনের শেষ দিকে ধসে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2024, 06:02 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে দক্ষিণ আফ্রিকার ওপরের ব্যাটসম্যানরা তো বটেই, সাত-আট নম্বরে নামা ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামিও করলেন সাবলীল ব্যাটিং। কিন্তু ইনিংস বদলাতেই ভোজবাজির মতো বদলে গেল সব। দিনের শেষ ঘণ্টায় ধসে পড়ল স্বাগতিকদের টপ-অর্ডার! 

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচের প্রথম দুই দিনে ১৪৪.২ ওভারে ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এই সময়ে ৫৭৫ রান করে ঘোষণা করে প্রথম ইনিংস। এরপর ব্যাটিংয়ে নেমে ৭ ওভারের মধ্যে বাংলাদেশ হারায় ৪ উইকেট। 

দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ করে ৩৮ রান। এর মধ্যে ১৩ রানই অতিরিক্ত থেকে। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৩৭ রানে পিছিয়ে থেকে নতুন দিনে খেলতে নামবেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।

এমন নয় যে, বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর বদলে গেছে উইকেটের আচরণ। বরং নিরীহ দর্শন ডেলিভারিতেই উইকেট বিলিয়ে এসেছেন সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়। পরে নাইটওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদও টিকতে পারেননি।

অথচ দিনের প্রায় আড়াই সেশন ব্যাটিং করে ছয়শ রানের কাছাকছি পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে সেঞ্চুরি করা টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের সঙ্গে যোগ দেন ভিয়ান মুল্ডার। তিন জনেরই এটি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার দেখা গেল এমন ঘটনা। ১৯৪৮ সালে ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে একই ইনিংসে নিজেদের প্রথম সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের গ্যারি গোমেজ, রবার্ট ক্রিশ্চিয়ানি ও ক্লাইড ওয়ালকট। 

তাইজুল ইসলামের বলে ছক্কা মেরে তিন অঙ্ক ছুঁয়ে ৭৬ বছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তি করেন মুল্ডার। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করে দেন এইডেন মার্করাম। সে সময় মুল্ডার ১০৫ ও মুথুসামি ৭০ রানে অপরাজিত ছিলেন।

আগের দিনের মতো বুধবারও নির্বিঘ্নে শুরু করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় নতুন বল চকচকে অবস্থায় থাকলেও দুই প্রান্তে পেসার আনেননি শান্ত। স্পিন-পেসের মিশেলে শুরু করেন দিনের খেলা।

দিনের দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের বলে ডেভিড বেডিংহ্যামকে এলবিডব্লিউ আউট দিয়ে দেন আম্পায়ার জোয়েল উইলসন। রিভিউ নিয়ে সেই দফায় বেঁচে যান ১৮ রানে থাকা বেডিংহ্যাম।

এরপর সাবলীল ব্যাটিংয়ে একশ রানের জুটি গড়েন জর্জি ও বেডিংহ্যাম। দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন বেডিংহ্যাম।

পানি বিরতির পর প্রান্ত বদলে নতুন স্পেলে বোলিংয়ে এসে আলো ছড়ান তাইজুল। পরপর তিন ওভারে তিনি নেন ৩ উইকেট। 

তাইজুলের বলে ছক্কা মেরে পরের ডেলিভারিতে বোল্ড হন ২ চার ও ৪ ছক্কায় ৫৯ রান করা বেডিংহ্যাম। বাঁহাতি স্পিনারের পরের ওভারে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ডি জর্জি। ক্যারিয়ার সেরা ইনিংসে তিনি থামেন ২৬৯  বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৭৭ রান করে।

এরপর টিকতে পারেননি কাইল ভেরেইনা। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হন প্রথম টেস্টে সেঞ্চুরি করা উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ৫ উইকেট পূর্ণ হয় তাইজুলের। সেশনে ৩ উইকেট নিয়ে ভালো কিছুর আভাস দেয় বাংলাদেশ। 

মধ্যাহ্ন বিরতির পর দ্রুতই রায়ান রিকেল্টনকে ফিরিয়ে আশা আরও বাড়ান নাহিদ রানা। কিন্তু এরপর শুধুই হতাশা। বাংলাদেশকে কোনো সুযোগ না দিয়ে একের পর এক বাউন্ডারি মারতে থাকেন মুল্ডার ও মুথুসামি।

টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন মুথুসামি। আর দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে তিন অঙ্কে নিয়ে যান মুল্ডার। দুজনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে আসে ১৫৪ রান। যা এই মাঠে ছয় উইকেট পড়ার পর সর্বোচ্চ জুটি। 

৫ উইকেট নিলেও ১৯৬ রান খরচ করেন তাইজুল। বাংলাদেশের হয়ে এটিই সবচেয়ে খরুচে ৫ উইকেট। আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ ৩৯ ওভার বোলিং করেও থাকেন উইকেটশূন্য। 

ইনিংসে মোট ১৭টি ছক্কা মারে দক্ষিণ আফ্রিকা। ২০১৯ সালে ইন্দোর টেস্টে ভারতের ১৩ ছক্কা ছিল বাংলাদেশের বিপক্ষে ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। সব মিলিয়ে ইনিংসে প্রোটিয়াদের চেয়ে বেশি ছক্কা দেখে গেছে আর দুইবার। 

রেকর্ড জুটি গড়ার পথে মুথুসামি বেশ কয়েকবার ক্রিজে মাঝ দিয়ে দৌড়ানোয় পেনাল্টি করা হয় দক্ষিণ আফ্রিকাকে। তাই ৫ রান নিয়ে ইনিংস শুরু করে বাংলাদেশ। পরে ইনিংসের প্রথম বলেই ‘নো’ বলে ‘বাই’ চার দেন কাগিসো রাবাদা।

কোনো বৈধ ডেলিভারি হওয়ার আগেই ১০ রান পায় বাংলাদেশ। ওই ওভারেই প্রথম সাফল্যও পান রাবাদা। লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন সাদমান। মিরপুরের মতো চট্টগ্রামেও প্রথম ইনিংসে রানের খাতা খোলা হয়নি বাঁহাতি ওপেনারের।

রাবাদার তৃতীয় ওভারে কট বিহাইন্ড হন সিলেটে জাতীয় লিগ খেলে থেকে ম্যাচের আগের রাতে উড়ে এসে খেলতে নামা জাকির হাসান। আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নিলেও লাভ হয়নি ২ রান করা জাকিরের।

পরের ওভারে ড্যান প্যাটারসনের অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি তাড়া করে স্লিপে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। আর নাইটওয়াচম্যান হিসেবে নামা হাসানকে বোল্ড করেন কেশাভ মহারাজ।   

দিনের শেষ দুই ওভারে কোনো বিপদ ঘটতে দেননি মুমিনুল ও শান্ত। তৃতীয় দিন বিশাল রানের বোঝা মাথায় নিয়ে নামতে হবে তাদের। 

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ৩০৭/২) ১৪৪.২ ওভারে ৫৭৫/৬ ডিক্লে. (ডি জর্জি ১৭৭, স্টাবস ১০৬, বেডিংহ্যাম ৫৯, রিকেলটন ১২, ভেরেইনা ০, মুল্ডার ১০৩*, মুথুসামি ৭০*; হাসান ২৩-১-৮৩-০, নাহিদ ২৪-২-৮৩-১, তাইজুল ৫২.২-৫-১৯৬-৫, মিরাজ ৩৯-২-১৭১-০, মুমিনুল ৪-০-১৫-০, জয় ২-০-১৪-০)

বাংলাদেশ ১ম ইনিংস: ৯ ওভারে ৩৮/৪ (সাদমান ০, জয় ১০, জাকির ২, মুমিনুল ৬*, হাসান ৩, শান্ত ৪; রাবাদা ৩-০-৮-২, প‍্যাটারসন ৩-০-১৫-১, মহারাজ ২-১-৪-১, মার্করাম ১-০-২-০)