২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পিচ নিয়ে না ভেবে নিজেদের শক্তিতে আস্থা শান্তর

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে ভারত যাওয়ার আগে নিজেদের শক্তিমত্তায় ভরসা রাখার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 03:06 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

‘প্রতিটি ম্যাচ আমরা জেতার জন্য খেলব’- ভারতের বিপক্ষে কখনও টেস্ট না জেতার প্রসঙ্গে এবার ভালো কিছুর আশাবাদ শোনালেন নাজমুল হোসেন শান্ত। এই অভিযানে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে ভারতের উইকেট। তবে তা নিয়ে বেশি ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক। দেশ ছাড়ার আগে নিজেদের শক্তিতে আস্থা রাখার কথা বললেন তিনি। 

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে রোববার দুপুরের ফ্লাইটে ভারত গেছে বাংলাদেশ। তিন দিন অনুশীলনের পর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

সাধারণত তুলনামূলক ধীর ও নিচু গতির হয়ে থাকে চেন্নাইয়ের উইকেট। তাই সামনের ম্যাচে স্পিন সহায়ক উইকেট রাখা হবে কিনা, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে ২০১৯ সালে বাংলাদেশের সবশেষ ভারত সফরে দাপট দেখান স্বাগতিক পেসাররা। দুই টেস্টে ৪০ উইকেটের ৩৩টি নেন তারা। 

ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে শুরুতেই শান্তর কাছে জানতে চাওয়া হয় ভারতের উইকেটের ব্যাপারে। সেই বিষয়ে তেমন কিছু না ভেবে নিজেদের বোলিং বিভাগের ওপর আস্থার কথা বলেন তিনি। 

“(পিচের ব্যাপারে) ওই দল (ভারত) কী চিন্তা করছে, এটা তো বলতে পারব না। তবে আমাদের স্পিন, পেস বিভাগ ভালো একটা অবস্থানে আছে। তবু ওই দলের সঙ্গে অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা তুলনামূলকভাবে একটু পিছিয়ে আছে। স্কিলের দিক থেকে হয়তো কাছাকাছি আছে। তবে অভিজ্ঞতার দিক থেকে ওই দলকে এগিয়ে রাখব।” 

“আমাদের স্পিনারদের খুব ভালো অভিজ্ঞতা আছে যে কোনো কন্ডিশনে বোলিং করার। ওই সামর্থ্য তাদের আছে। আমি এতটুকু বলতে পারি পেসার, স্পিনার, ব্যাটসম্যান যারাই খেলবে এই সিরিজে, প্রত্যেকে শতভাগ দেবেন। আর আমি বিশ্বাস করি, পাঁচদিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, রোমাঞ্চকর একটা ম্যাচ হবে।”

২০০০ সালে অভিষেক টেস্টের পর থেকে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১১টিই জিতেছে ভারত। বৃষ্টির সৌজন্যে ২০০৭ ও ২০১৫ সালে একটি করে ম্যাচ ড্র করতে পেরেছে বাংলাদেশ। 

সবশেষ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে একই ধরনের পরিসংখ্যান ছিল বাংলাদেশের। পরে দাপুটে ক্রিকেট খেলে নিজেদের জয়ের খাতা খুলেছে বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষেও বড় সুযোগ দেখছেন শান্ত।

“এটা একটা সুযোগ (ভারতের বিপক্ষে জেতার)। প্রত্যেকে ম্যাচই আমরা জেতার জন্য খেলব। সুযোগ থাকবে জেতার। কিন্তু যেটা বললাম আগে এত লম্বা চিন্তা না করে শক্তি অনুযায়ী যেন পাঁচটা দিন ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।”

শনিবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের বোনাস দেওয়ার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ভারতের বিপক্ষে ফলাফল নিয়ে না ভেবে, দলের কাছে ভালো খেলা দেখতে চান তিনি। দেশ ছাড়ার আগে অধিনায়কের কণ্ঠেও একই সুর।

“আমি একটু আগে যেটা বললাম সিরিজটা খুব চ্যালেঞ্জিং হবে। যদি র‍্যাঙ্কিংও দেখেন, ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। তবে সম্প্রতি আমরা খুব ভালো একটা সিরিজ পার করে এসেছি।” 

“সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা কীভাবে পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারি। ফল হয়তো পাঁচ দিন পরে শেষ সেশনে গিয়ে হয়। আমরা যদি পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারি, শেষ সেশনে সুযোগ থাকে কোন দল জিতবে। তাই পাঁচটা দিন কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এটার জন্য কীভাবে পরিকল্পনা করা দরকার, এটা গুরুত্বপূর্ণ।”