নিজেকেই বাইরে রাখলেন অধিনায়ক রোহিত, বুমরাহ বললেন, ‘দলে স্বার্থপরতা নেই’
সিডনি টেস্টে নিজ থেকেই সরে দাঁড়িয়ে রোহিত নেতৃত্বের ব্যপারটিই তুলে ধরেছেন বলে মনে করেন এই টেস্টে ভারতের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।
ভারতীয় সংবাদমাধ্যম হয়ে ক্রিকেট বিশ্বে খবরটি ছড়িয়ে পড়েছিল আগের দিনই। সিডনি টেস্টের টসের সময় শুক্রবার সেটিই নিশ্চিত হলো। সিডনি টেস্টে নেই ভারতের অধিনায়ক রোহিত শার্মা। দলের সহ-অধিনায়ক ও এই টেস্টের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ বললেন, এতেই ফুটে উঠছে যে, দলের ভেতর একতা কতটা।
ম্যাচ শুরুর আগে দলের সবার সঙ্গেই টিম বাসে মাঠে আসেন রোহিত স্থানীয় সময় সকাল ৯টার দিকে। এরপর দলের অন্যরা মাঠে এলেও তিনি ছিলেন ড্রেসিং রুমেই। ১৫ মিনিট পর তাকে মাঠে দেখা যায়। বুমরাহ ততক্ষণে মাঠে গিয়ে পিচ দেখে এসে স্পট বোলিং অনুশীলন শুরু করেছেন। ইঙ্গিতটা তখন পরিষ্কার হয় আরও।
তবে রোহিতও মাঠে নামার পর পিচের দিকে এগিয়ে যান। সেখানে হাঁটু গেড়ে বসে পিচ দেখেন তিনিও। পরে কিছুক্ষণ ফুটবল খেলেন সারফারাজ খান ও রিশাভ পান্তের সঙ্গে। দল যখন বৃত্ত তৈরি করে একত্রিত হয়, তখন রোহিতকে চুপচাপই দেখা যায়। কথা বলেন তখন কোচ গৌতাম গাম্ভির ও অভিজ্ঞ ভিরাট কোহলি। পরে টস করতে যান বুমরাহ।
চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজে রোহিতের ফর্ম নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েক দিন ধরেই। সঙ্গে প্রশ্নবিদ্ধ হচ্ছিল তার নেতৃত্বও। সিরিজের প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি পারিবারিক কারণে। সেই টেস্টে বুমরাহর দুর্দান্ত বোলিং ও নেতৃত্বে দারুণ জয় পায় ভারত। রোহিত আসার পর তিন টেস্টের দুটিতে ভারত হেরে যায়, আরেকটি ড্র হয় মূলত বৃষ্টির কারণে।
রোহিতের নিজের ফর্ম ছিল ভয়াবহ। অ্যাডিলেইড ও ব্রিজবেনে মিডল অর্ডারে নেমে তিনি ব্যর্থ হন। পরে মেলবোর্নে ওপেনিংয়ে ফিরেও নিজেকে ফিরে পাননি। সিরিজে ৫ ইনিংস খেলে তার মোট রান ৩১।
সব মিলিয়ে তাকে নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। ম্যাচের আগের দিন তার সঙ্গে কথা বলতে দেখা যায় কোচ গাম্ভিরকে। এ দিন সংবাদ সম্মেলনে আসেননি ভারতীয় অধিনায়ক। কোচ গাম্ভির সংবাদ সম্মেলনে এসে নিশ্চিত করে জানাননি যে, রোহিত খেলবেনই। ড্রেসিংরুমে অস্থিরতার খবর অবশ্য উড়িয়ে দেন কোচ।
পরে ভারতীয় সংবাদমাধ্যমের খবর ছড়িয়ে পড়ে, নিজ থেকেই বিশ্রাম বেছে নিয়েছেন রাহিত। টসের সময় অধিনায়ককে নিয়ে প্রশ্নে বুমরাহও একই কথাই বললেন।
“এই ম্যাচে বিশ্রাম বেছে নিয়ে নেতৃত্বের ব্যাপারটিই দেখিয়েছেন আমাদের অধিনায়ক। এতেই ফুটে ওঠে যে, এই দলে কতটা একতা। কোনো স্বার্থপরতা নেই। দলের সর্বোচ্চ স্বার্থের জন্য যা কিছু প্রয়োজন, করতে রাজি আমরা।”
শুধু এই সিরিজেই নয়, ব্যাট হাতে রোহিতের বাজে সময় কাটছে আগে থেকেই। বাংলাদেশের বিপক্ষে চার ইনিংসে তার রান ছিল ৪২। নিউ জিল্যান্ডের বিপক্ষে ছয় ইনিংসে করেছিলেন একটি ফিফটি, সিরিজে মোট রান ছিল ৯১।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হয় ভারত। রোহিতের দিকে আঙুল উঠছিল তখন থেকেই। এবার সিডনি টেস্টের না থাকায় তার টেস্ট ক্যারিয়ারই শেষ বলে ধরে নেওয়া যায় একরকম।
