২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বপ্নের ঠিকানায়’ ২০ বছর বয়সী হালামবাগে

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন শ্রীলঙ্কার এই তরুণ সম্ভাবনাময় ব্যাটসম্যান।

‘স্বপ্নের ঠিকানায়’ ২০ বছর বয়সী হালামবাগে
ভিশেন হালামবাগে। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 03:58 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়িয়ে প্রথমবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ভিশেন হালামবাগে। সম্ভাবনাময় তরুণ টপ অর্ডার ব্যাটসম্যানকে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে রেখেছে শ্রীলঙ্কা।

তিন ম্যাচের সিরিজটির জন্য বৃহস্পতিবার ১৭ জনের দল ঘোষণা করে লঙ্কানরা। গত মাসে বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দল থেকে আনা হয়েছে পাঁচটি পরিবর্তন।

গত মে-জুনে অনুষ্ঠিত শ্রীলঙ্কার টি-টোয়েন্টি প্রতিযোগিতা মেজর ক্লাব টি-টোয়েন্টিতে নিজের দলকে ফাইনালে তোলার পথে বড় অবদান রাখেন ২০ বছর বয়সী হালামবাগে। ৯ ইনিংসে ১৭৯.৭৯ স্ট্রাইক রেট ও ৩৯.৫৫ গড়ে করেন ৩৫৬ রান। আড়াইশ রানও করতে পারেননি আর কেউ।

আসরে ডানহাতি এই ব্যাটসম্যানের পাঁচ ফিফটির দুটি আসে সেমি-ফাইনাল ও ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বো ক্রিকেট ক্লাবের বিপক্ষে পেরে ওঠেনি তার দল পানাদুরা স্পোর্টস ক্লাব।

দুর্দান্ত ওই পারফরম্যান্সের পরও বাংলাদেশ সিরিজের দলে জায়গা পাননি হামালবাগে। চলতি মাসের শুরুতে এশিয়া কাপ ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে তিন দলের একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে শ্রীলঙ্কা। সেখানেও ভালো করে এবার জাতীয় দলে সুযোগ পেলেন তিনি।

এখন পর্যন্ত ২০টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলে হালামবাগের রান পাঁচ ফিফটিতে ৫৩৯। স্ট্রাইক রেট ১৬৩.৩৩ ও গড় ২৬.৯৫।

দলে ফেরানো হয়েছে দুই ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা, লেগ স্পিনিং অলরাউন্ডার দুশান হেমান্থা এবং পেসার দুশমান্থা চামিরাকে। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন আভিশকা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, জেফ্রি ভ্যান্ডারসে, ইশান মালিঙ্গা।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। যার ফলে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন লেগ স্পিনিং অলরাউন্ডার। সময়মতো সেরে না ওঠায় জিম্বাবুয়েতে যেতে পারছেন না ২৮ বছর বয়সী তারকা ক্রিকেটার।

নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন নিরোশান ডিকওয়েলা। তিন দল নিয়ে আয়োজিত ঘরোয়া টুর্নামেন্টটিতে ওপেনিংয়ে নেমে পাঁচ ইনিংসে দুই ফিফটি ও ১৬১.৪৪ স্ট্রাইক রেটে ১৩৪ রান করেন তিনি। কিন্তু লঙ্কানদের ব্যাটিং লাইন-আপে এই জায়গা অনেকদিন ধরেই পাথুম নিসাঙ্কা ও কুসাল মেন্ডিসের।

হাসারাঙ্গা না থাকায় হেমান্থাকে দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা। তার সঙ্গে স্পিন বিভাগ সামলানোর জন্য আছেন মাথিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে। প্রয়োজনে হাত ঘোরাতে পারেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও কামিন্দু মেন্ডিস।

বিশেষজ্ঞ পেসার হিসেবে দলে রাখা হয়েছে মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, চামিরা ও বিনুরা ফার্নান্দোকে। পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা ও চামিকা কারুনারাত্নেকেও রাখা হয়েছে দলে।

জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি তিনটি মাঠে গড়াবে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর। তার আগে ২৯ ও ৩১ অগাস্ট দুটি ওয়ানডে খেলবে তারা। সবগুলো ম্যাচই হবে হারারেতে।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), কুসাল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ভিশেন হালামবাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, চামিকা কারুনারাত্নে, মাহিশ থিকশানা, দুশান হেমান্থা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো।