২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বলে ২ উইকেট মুস্তাফিজের

পেশাওয়ার জালমির বিপক্ষে শুরু ও শেষে ভালো বোলিং করেন লাহোর কালান্দার্সের অভিজ্ঞ পেসার।

৩ বলে ২ উইকেট মুস্তাফিজের
লাহোর কালান্দার্সের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। ছবি: পিএসএল ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 05:24 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

কোটার শেষ ওভারের প্রথম বলে ছক্কা হজম করলেন মুস্তাফিজুর রহমান। তবে ঘুরে দাঁড়াতে সময় নিলেন না তিনি। দারুণ বোলিংয়ে শেষ তিন বলে দুই শিকার ধরলেন লাহোর কালান্দার্সের অভিজ্ঞ পেসার।

করাচিতে শনিবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশাওয়ার জালমির বিপক্ষে শুরুতেও দারুণ বোলিং করেন মুস্তাফিজ। তাতে ইনিংস শেষে তার বোলিং ফিগার ৪-০-৩০-২।

এদিন পঞ্চম ওভারে মুস্তাফিজকে আক্রমণে আনেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। চমৎকার বোলিংয়ে ওভারটিতে কেবল চারটি সিঙ্গেল দেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ।

সপ্তম ওভারে ফের নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি। এবারও কোনো উইকেট না পেলেও হজম করেননি কোনো বাউন্ডারি। দেন কেবল পাঁচ রান।

দ্বিতীয় স্পেলের শুরুটাও ভালো করেন মুস্তাফিজ। পঞ্চদশ ওভারের প্রথম চার বলে কোনো বাউন্ডারি না খেয়ে দেন পাঁচ রান। পঞ্চম বলে স্কুপ করে ফাইন লেগ দিয়ে তাকে ছক্কায় ওড়ান ছন্দে থাকা কুসাল মেন্ডিস। শেষ বলে আসে সিঙ্গল। ১৩ রান দিয়ে নিজের তৃতীয় ওভার শেষ করেন মুস্তাফিজ।

১৯তম ওভারে বোলিং করতে আসা মুস্তাফিজকে লং-অন দিয়ে ছক্কায় উড়িয়ে স্বাগত জানান মাইকেল ব্রেসওয়েল। পরের দুই বলে আসে দুটি সিঙ্গল। চতুর্থ ডেলিভারিটি ছিল লো ফুলটস, ছক্কার চেষ্টায় লেগ সাইডে ধরা পড়েন ব্রেসওয়েল।

পঞ্চম বলটি স্লোয়ার বাউন্সার করেন মুস্তাফিজ। ব্যাটেই লাগাতে পারেননি আমের জামাল। শেষ বলে উড়িয়ে মেরে লং-অনে ধরা পড়েন তিনি।

এবারের পিএসএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে মুস্তাফিজের উইকেট হলো ছয়টি। সবশেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে শিকার ধরতে পারেননি তিনি।

পেশাওয়ারের বিপক্ষে লাহোরের সেরা বোলার আফ্রিদি। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার। একটি করে প্রাপ্তি উবাইদ শাহ ও উসামা মিরের।

বাবর আজমের ৪৩ ও কুসাল মেন্ডিসের ৭৪ রানের ইনিংসে ৭ উইকেটে ১৭৩ রান করে পেশাওয়ার জালমি।