২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কামিন্সের চোটে ফিরলেন বোল্যান্ড, অধিনায়ক স্মিথ

ফিটনেস টেস্টে অস্বস্তি না থাকলেও অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিচ্ছে না অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2022, 01:00 PM

Updated : 07 Dec 2022, 02:28 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। পায়ের চোটে দ্বিতীয় ম্যাচটিতে খেলা হবে না ২৯ বছর বয়সী ডানহাতি এ পেসারের।

আনুষ্ঠানিক বিবৃতিতে বুধবার এ খবর জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্সের জায়গায় একাদশে ফিরছেন ৩৩ বছর বয়সী পেসার স্কট বোল্যান্ড। ম্যাচটিতে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভ স্মিথ। 

পার্থে সিরিজের প্রথম ম্যাচের সময় চোট পান কামিন্স। দ্বিতীয় ম্যাচের আগে মঙ্গলবার দলের অনুশীলনে ফিজিও নিক জোন্সের তত্ত্বাবধানে ফিটনেস পরীক্ষা দেন তিনি। সেখানে অস্বস্তি দেখা না গেলেও  শেষ পর্যন্ত অধিনায়ককে ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। 

কামিন্সের চোটে কপাল খুলেছে বোল্যান্ডের। গত বছরের এশেজ সিরিজে তিন ম্যাচে স্রেফ ৯.৫৫ গড়ে ১৮ উইকেট নেন ডানহাতি এ পেসার। তার পরও তিনি আর সুযোগ পাননি মিচেল স্টার্ক, জশ হেইজেলডউ ও কামিন্স সমৃদ্ধ দলে। প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলার দুয়ারে তিনি। 

২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে অধিনায়কত্ব হারানোর পর এবার দ্বিতীয়বারের মতো এ দায়িত্ব পেলেন স্মিথ। গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেইড টেস্টে কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় খেলতে পারেননি কামিন্স। তখন দলকে নেতৃত্ব দেন স্মিথ। 

এবারও সেই অ্যাডিলেইডে অধিনায়কত্ব করবেন সময়ের সেরা ব্যাটসম্যানদের ছোট তালিকায় ডানহাতি এ ব্যাটসম্যান। দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার।

পার্থে সিরিজের প্রথম ম্যাচে ১৬৪ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।