২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়ে তিনশ ছাড়িয়ে রিজওয়ান

এক দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে প্রথমবার তিনশ রানও ছাড়ালেন পাকিস্তানি ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2022, 12:29 PM

Updated : 29 Sep 2022, 01:57 PM

টি-টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ান মানেই রান। রিজওয়ান মানে রেকর্ডও। টি-টোয়েন্টির বেশ কিছু রেকর্ডে নাম আছে তার। রানের স্রোতে এবার আরও একটি রেকর্ড গড়ে ফেললেন আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে তিনশ রান করা প্রথম ব্যাটসম্যান এখন পাকিস্তানের এই ওপেনারই।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে বুধবার রিজওয়ান এই কীর্তি গড়েন। ৪৬ বলে ৬৩ রানের ইনিংসের পথে দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন তিনি। পরে প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেন সিরিজে তিনশ রানের মাইলফলকও।

৬৮ রানের ইনিংস দিয়ে এই সিরিজ শুরু করেছিলেন রিজওয়ান। পরে ৮৮ রানের ইনিংস খেলেন দুই ম্যাচে। এরপর বুধবার ৬৩। সিরিজের ৫ ম্যাচে রিজওয়ানের রান এখন ৩১৫।

দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এতদিন যার ছিল, ক্রিকেট বিশ্বে তার নামটি খুব বেশি কারও জানার কথা নয়। সার্বিয়ার ক্রিকেটারকে কজনই বা চিনবেন!

গত জুনে বুলগেরিয়ার বিপক্ষে ৪ ম্যাচের সিরিজে লেসলি ডানবার খেলেছিলেন ৭০, ৮৯, ৮ ও ১১৭ রানের ইনিংস। সিরিজে তার রান ছিল ২৮৪।

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে ম্যাচ আছে আরও দুটি। রিজওয়ানের সামনেও তাই সুযোগ আছে রেকর্ডকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার।

এই রেকর্ডের তিনে আছেন কুইন্টন ডি কক। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচে দক্ষিণ আফ্রিকান ওপেনারের রান ছিল ২৫৫।

দ্বিপাক্ষিক সিরিজে আড়াইশ রান নেই আর কারও।