ভারতের বাড়তি সুবিধা কোথায়, বুঝতে পারছেন না ব্যাটিং কোচ
ভারত একের পর এক ম্যাচ জিতে চলেছে বলেই লোকে বাড়তি সুবিধার কথা তুলছে, বললেন ভারতের ব্যাটিং কোচ।
সেমি-ফাইনাল জয়ের পর যে কথা বলেছিলেন গৌতাম গাম্ভির, ফাইনালের দুদিন আগে সেই কথা সিতানশু কোটাকের কণ্ঠে। ভারতের প্রথান কোচ বেশ চটে গিয়েছিলেন ভারতের বাড়তি সুবিধার প্রসঙ্গে। এবার ব্যাটিং কোচের কণ্ঠে বিস্ময়। তিনি বুঝতেই পারছেন না, তাদের দল বাড়তি সুবিধা পেল কীভাবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়েই এবার সবচেয়ে আলোচিত প্রসঙ্গ। টুর্নামেন্টে একমাত্র ভারতীয় দলই তাদের সব ম্যাচ খেলছে একই শহরে একই মাঠে। অন্য সব দলকেই একাধিক শহরে, এমনকি একাধিক দেশেও খেলতে হয়েছে বেশির ভাগ দলকে।
ভারতীয় দলকে তাদের সরকার পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়াতেই তাদের সব ম্যাচ রাখা হয়েছে দুবাইয়ে। ভারতের এই সুবিধা নিয়ে সরাসরি বলেছেন অনেকে, কেউ কেউ তীব্র সমালোচনা করেছে, কেউ বলেছেন আকারে-ইঙ্গিতে। সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর বাড়তি ভ্রমণ নিয়ে বিরক্তি প্রকাশ করে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার সরাসরিই বলেছেন, ফাইনালে নিউ জিল্যান্ডকে সমর্থন করবেন তিনি।
তবে ভারতীয় দল অটল নিজেদের ভাবনাতেই। দুবাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই বার্তাই আবার দিলেন ব্যাটিং কোচ।
“আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।”
পরে আরেক দফায় তিনি শোনালেন প্রায় একই কথা।
“টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছে গেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রুঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়।”
দুবাইয়ে একই স্টেডিয়ামে খেলা হলেও ভারতের চারটি ম্যাচ হয়েছে ভিন্ন চারটি উইকেটে। সেই দিকটি তুলে ধরলেন কোটাক।
“জানি নাম কীভাবে এসবের জবাব দিতে হয়। দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই।”
“হ্যাঁ, আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি। কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। এভাবেই সূচি ঠিক করা হয়েছে। এখানে তো কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গিয়েছে।”
