২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান অধ্যায়ের ইতি টেনে গ্ল্যামরগনে ব্র্যাডবার্ন

ইংলিশ কাউন্টি ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন নিউ জিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 08:21 PM

Updated : 08 Jan 2024, 08:21 PM

দুই বছরের চুক্তির এখনও শেষ হয়নি এক বছরও। তার আগেই পাকিস্তান দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগনে যোগ দিয়েছেন তিনি। 

পাকিস্তান অধ্যায়ের ইতি টানার পাশাপাশি নতুন ঠিকানায় যোগ দেওয়ার কথা সোমবার জানান ব্র্যাডবার্ন। আগামী মাস থেকে গ্ল্যামরগনের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি। ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার। 

“পাকিস্তান ক্রিকেটের সঙ্গে চমৎকার অধ্যায়ের ইতি টানার এখনই সময়। ৫ বছরে তিনটি ভূমিকায় কাজ করেছি, নিজের অর্জন নিয়ে আমি গর্বিত। দারুণ সব খেলোয়াড়, কোচ ও স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। পাকিস্তান দল, স্টাফ ও দলের সঙ্গে সম্পৃক্ত সবার সাফল্য ও উন্নতি কামনা করি।”

২০১৮ সালে ফিল্ডিং কোচ হিসেবে পাকিস্তান দলে যোগ দেন ব্র্যাডবার্ন। ২০২০ সাল পর্যন্ত পালন করে এই দায়িত্ব। এরপর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে। গত বছরের মে মাসে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে সাকলায়েন মুশতাকের স্থলাভিষিক্ত হন তিনি।

নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ এবং অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্র্যাডবার্নের কোচিংয়ে খেলে পাকিস্তান। এই সময়ে আবার মিকি আর্থারকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয় দলটি। আর্থারের সঙ্গে মিলে কাজ করতেন ব্র্যাডবার্ন।

ভারত বিশ্বকাপে পাকিস্তান সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হলে শঙ্কায় পড়ে যায় ব্র্যাডবার্ন ও আর্থারের চাকরি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, এই দুইজনকে চাকরিচ্যুত করার ক্ষমতা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের অস্থায়ী ব্যবস্থাপনা কমিটির। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে যাননি তারা কেউ। টিম ডিরেক্টর ও প্রধান কোচের ভূমিকায় দলের সঙ্গে ছিলেন মোহাম্মদ হাফিজ। 

এবার নিজ থেকে পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিলেন ব্র্যাডবার্ন। এখন নতুন অধ্যায় শুরু করবেন তিনি গ্ল্যামরগনে।