২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের ক্যারিয়ারের কঠিনতম আর মধুরতম স্মৃতি

শততম ম্যাচে শতরানের আনন্দের দিনে মুশফিক স্মৃতি হাতড়ে তুলে আনলেন তার ক্যারিয়ারের অম্ল-মধুর সময়গুলো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 08:39 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

সাড়ে ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত অভিজ্ঞতাই তো হয়েছে মুশফিকুর রহিমের। তার সবচেয়ে কঠিন আর সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোন দুটি? প্রশ্ন শুনে মুশফিক ছুড়ে দিলেন পাল্টা প্রশ্ন, ‘শুধু টেস্টে নাকি সব মিলিয়ে?’ তাকে বলা হলো সব মিলিয়েই বলতে। তিনি অবশ্য দুটির ক্ষেত্রেই বেছে নিলেন টেস্ট ক্রিকেটকেই। 

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার অসাধ্য সাধন করেছেন তিনি। এই মাইলফলক ছুঁতে টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি সময় খেলতে হয়েছে তাকে। বাংলাদেশের মতো দেশের ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার জন্য হাপিত্যেশও করতে হয়েছে অনেক সময়। 

ক্যারিয়ারে তাই সুনির্দিষ্ট কঠিন মুহূর্তের কথা তিনি বললেন না, বরং প্রতিটি টেস্টই তার জন্য চ্যালেঞ্জের। 

‘‘বাংলাদেশের হয়ে পরের টেস্ট খেলাই কঠিনতম মুহূর্ত। এটা হচ্ছে সবচাইতে বড় বাস্তবতা। ব্যাটসম্যান হিসাবে এটা ছাড়া আমার আর কোনো দিক নাই, তাই এটা সবচাইতে কঠিন দিক। প্রতিটি ইনিংস যেমন আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক তেমনি প্রতিটি ইনিংসিই আবার আমার কাছে বিশেষ।’’

১০০ টেস্ট খেলার মতো বাংলাদেশের ক্রিকেটে ‘প্রথম’ জন্ম হয়েছে তার হাত ধরে। দেশের প্রথম ডাবল সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। টেস্ট ক্রিকেটে প্রথম কিপার-ব্যাটসম্যান হিসেবে করেছেন একাধিক ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে করেছেন তিনটি দ্বিশতক, একটির বেশি নেই আর কারও।

ক্যারিয়ারের মধুরতম স্মৃতি হিসেবে বেছে নিলেন সেটির একটিকেই। 

‘‘আমার মধুর মুহূর্ত সামনে টানলে আমার কাছে, যে ইনিংসটায় আমি প্রথম দ্বিশতক করেছি। আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ক্রিকেটটাকে কিভাবে ওপরে নিয়ে যাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত আপনার চোখের সামনে প্রত্যাশা পূরণ হবে না, ততক্ষণ আপনার বিশ্বাস জন্মাবে না। আমি দুইশ রান করার পর থেকে সবাই বিশ্বাস করতে শুরু করেছে চাইলে বড় রান করা সম্ভব।’’

‘‘আমি মনে করি, ১০০ টেস্ট খেলার পর বাংলাদেশের আরও অনেক খেলোয়াড় টেস্ট খেলতে উৎসাহিত হবে। যারা ১০০টি টেস্ট খেলবে, তাদের মানসিকতা আর দক্ষতা অন্যদের জন্য দৃষ্টান্ত হবে। এগুলো বাংলাদেশের ক্রিকেটকেও উন্নতির পথে এগোতে সাহায্য করবে- আমি আশা করি।’’

ক্যারিয়ারে মুশফিক কোথায় গিয়ে থামবেন সেই প্রশ্নের উত্তরে সহসাই শেষের ইঙ্গিত নেই। তবে ২০ বছর আগে যে সময় ক্রিকেট শুরু করেছেন, সেখান থেকে এই সময়ে এসে বাংলাদেশের জন্য প্রত্যাশার চেয়ে পিছিয়ে থাকা নিয়ে খানিক আক্ষেপে ঝরে তার কণ্ঠে। 

‘‘আক্ষেপ তো যদি বলেন, এখানে আসলে উন্নতি...। মানে মানুষের চাহিদার কোনো শেষ নেই। কিন্তু সিনিয়র খেলোয়াড় হিসেবে আমি টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় খেলার পর আশা করি, যখন আমি দলের সঙ্গে থাকব না, তখনও বাংলাদেশ অন্তত শীর্ষ ছয় দলের মধ্যে থাকতে পারবে। এটিই আমার একটি লক্ষ্য। আল্লাহ কতটুকু পূরণ করেন, সেটা দেখা যাক।’’

দীর্ঘ ক্যারিয়ারে মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে ৩৪টি টেস্টে অধিনায়কত্ব করেছেন, যা দেশের ক্রিকেটে সর্বাধিক। সবথেকে বেশি ম্যাচ জেতার রেকর্ডও (৭টি জয়) তার নেতৃত্বে, যা এখনও অক্ষত। 

নানা সমালোচনার মুখে শেষ হয়েছিল তার নেতৃত্বের অধ্যায়। পেছন ফিরে তাকিয়ে বললেন, এটা নিয়ে আফসোস নেই তার। তবে কথায় সেই সুরটা ঠিকই ফুটে উঠল। 

‘‘নাহ, কোনো আক্ষেপ নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে অধিনায়ক থাকা স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রতিটি অধিনায়কের জন্য প্রয়োজন যথাযথ রিসোর্স আর স্পষ্ট নীতি, যা তখন পুরোপুরি আমাদের পেশাদারিত্বের ধারায় ছিল না। সেই প্রেক্ষাপট থেকে আমি নিজে কতটা করতে পেরেছি, তা নিয়ে নিশ্চিত ন। তবু সেই দায়িত্ব নেওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করি।’’

‘‘চ্যালেঞ্জ অবশ্য ছিল, তবে আমার বিশ্বাস, যেকোনো অধিনায়ককে দীর্ঘ সময় দেওয়া হলে দলকে পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা সহজ হয়। যদি টিম ম্যানেজমেন্ট বা যারা দায়িত্বে আছেন এই দিকটায় আরও ফোকাস করে, আমি নিশ্চিত দলের ফলাফল আরও ধারাবাহিক ও শক্তিশালী হবে।’’