২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল শুরুর আগে কোহলির মনের পর্দায় নানা স্মৃতির আলোড়ন

আইপিএলের শিরোপা জয়ের অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে ভারতীয় ব্যাটিং গ্রেটের।

আইপিএল শুরুর আগে কোহলির মনের পর্দায় নানা স্মৃতির আলোড়ন
ভিরাট কোহলি। ছবি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 09:33 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

তিনবার ফাইনাল খেলেও ট্রফিতে চুমু আঁকতে না পারার হতাশা দূর হয়েছে চতুর্থবারে। প্রথমবারের মতো এবার শিরোপা ধরে রাখার অভিযানে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বারবার হৃদয় ভাঙার পর প্রাপ্তির পূর্ণতা, প্রতিটি গল্পেই জড়িয়ে ছিলেন এবং আছেন একজন, ভিরাট কোহলি। আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে ভারতের ব্যাটিং গ্রেট ফিরে তাকালেন সেই পূর্ণতার ক্ষণে, যখন মনের পর্দায় ভেসে উঠেছিল ১৮ বছরের নানা স্মৃতি।

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। দীর্ঘদিন দলটির নেতৃত্বও দিয়েছেন তিনি। ব্যাট হাতে পারফর্ম করে যাচ্ছেন অসাধারণ ধারাবাহিকতা।

আইপিএলে এখন পর্যন্ত আট হাজার ৬৬১ রান করেছেন কোহলি। এই তালিকায় তার ধারেকাছে নেই কেউ। সাত হাজার ৪৬ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে রোহিত শার্মা।

গত আসরে পাঞ্জাব কিংসকে হারিয়ে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান হয় তাদের। সাফল্যের সেই যাত্রাপথে সবচেয়ে বড় অবদান রাখেন কোহলি। ১৫ ম্যাচে আট ফিফটিতে ৬৫৭ রান করেন তিনি, ফাইনালে খেলেন ৪৩ রানের ইনিংস। 

২০০৯, ২০১১ ও ২০১৬ আসরে ফাইনাল খেলেছিল বেঙ্গালুরু। কিন্তু তিনবারই স্বপ্ন ভাঙে তাদের। ব্যক্তিগতভাবে ২০০৯ আসরে খুব একটা ভালো করতে না পারলেও, অন্য দুই আসরে দলকে ফাইনালে তোলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন কোহলি। ২০১৬ আসরে তো একাই ৯৭৩ রান করেন তিনি, আইপিএলের এক মৌসুমে যা সর্বোচ্চ।

বারবার খুব কাছে গিয়েও শিরোপা জিততে না পারা বেঙ্গালুরু ২০২৫ সালে কাঙ্ক্ষিত ঠিকানায় পা রাখে। এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ তাদের সামনে। সেই লক্ষ্যে মাঠে নামার আগে কোহলি পিছু ফিরে তাকালেন। 

“আরসিবির সবার জন্য ওই রাত ছিল খুবই স্পেশাল। প্রথম দিন থেকে আমি এখানে, রামেশ (স্টাফ) মানেও তাই। আমরাই সম্ভবত আরসিবি গ্রুপের সবচেয়ে পুরনো সদস্য।”

“ফাইনালে পৌঁছানোর পর আত্মবিশ্বাস অনুভব করছিলাম। তবে বুঝতেছিলাম যে, (ফাইনাল জয়) মোটেও সহজ হবে না। এটা ফাইনাল, প্রতিপক্ষও দুর্দান্ত খেলেই সেখানে পৌঁছেছে। অবশ্যই তারা অনেক ভালো দলকে হারিয়েছে, তাই কী করতে চায়, সেই ব্যাপারে তারাও যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল।”

বারবার ফাইনালে পরাজয়ও একভাবে গত মৌসুমে শিরোপা জিততে বেঙ্গালুরুকে সাহায্য করেছিল বলে মনে করছেন কোহলি।

“অতীতে বারবার খুব কাছে গিয়েও জিততে না পারার যে ইতিহাস, আমার মনে হয়, সেটা আমাদের স্নায়ুচাপ ধরে রাখতে বাড়তি অনুপ্রেরণা যুগিয়েছিল। লিগ এখন এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে গেছে যে, ফাইনালে ওঠার জন্য আমাদের খুব ভালো ক্রিকেট খেলতেই হতো। এটা কোনো আকস্মিক ঘটনা কিংবা ভাগ্যের জোরে ছিল না। আমরা শক্তিশালী দলগুলোকে হারিয়েছিলাম এবং আমরা নিজেরাও অসাধারণ দল, যারা সেদিন ওই জায়গায় (ফাইনালে) থাকার যোগ্যতা অর্জন করেছিল।”

শিরোপা জয়ের অনুভূতি কেমন ছিল ভাষায় প্রকাশ করতে পারছেন না কোহলি। ওই অভিজ্ঞতা তার সারাজীবন মনে থাকবে।

“সব মিলিয়ে ওটা আমাদের সবার জন্য এক অবিশ্বাস্য রাত ছিল। সত্যি বলতে, যখন সবকিছু ঘটছিল, আমার কাছে পরাবাস্তব অনুভূতি হচ্ছিল। চোখের সামনে কত কিছু ভেসে উঠছিল। গত ১৮ বছরের পুরো পথচলা। চড়াই-উতরাই, ভালো সময়, খারাপ সময়; সবকিছু। মনে হচ্ছিল যেন, সবকিছু আগামী ১০ মিনিটে চোখের সামনে ফুটে উঠতে যাচ্ছে। এটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। কেবল অনুভব করার বিষয়। আর সেই অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলব না।”

ফাইনালে ১৯০ রান করে পাঞ্জাবকে ১৮৪ রানে আটকে দিয়েছিল বেঙ্গালুরু। সেদিন শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়েছিল কিছুটা। ছয় বলে পাঞ্জাবের দরকার ছিল ২৯ রান। প্রথম দুই বল ডট দেওয়া জশ হেইজেলউডকে শেষ চার বলে তিনটি ছক্কা ও একটি চার মারেন শশাঙ্ক সিং। ওই ওভারের শেষ তিন বল সবচেয়ে বেশি স্নায়ু চাপের ছিল কোহলিদের জন্য।

“বিশেষ করে শেষ ওভারটি, যখন আপনি জানেন যে, জয় নিশ্চিত। শুধু আশা করছিলাম, জশ (হ্যাজেলউড) যেন নো বল না করে, যা সে সাধারণত কখনোই করে না। মনে যথেষ্ট বিশ্বাস ছিল, তবুও আমি যেমনটা বললাম, আপনি একদম নিখুঁত ফলাফলের অপেক্ষায় থাকেন। তাই খেলা আমাদের নিয়ন্ত্রণে আছে জেনেও, সেই শেষ তিন বলের জন্য অপেক্ষা করাটাই ছিল সম্ভবত ওই রাতের সবচেয়ে কঠিন অংশ।”