Published : 28 Jul 2026, 11:41 PM
ইনিংসের বাকি তখন ১১ বল। ক্রিজে গিয়ে প্রথম দুই বলে এক রান নিলেন তাওহিদ হৃদয়। এরপর, শেষ ওভারে শাহনাওয়াজ দাহানির ওপর ঝড় বইয়ে দিলেন তিনি। মারলেন চারটি ছক্কা ও একটি চার।
লঙ্কা প্রিমিয়ার লিগে মঙ্গলবার কলম্বো ক্যাপসের বিপক্ষে ছয় নম্বরে নেমে এই তাণ্ডব চালান হৃদয়। স্রেফ আট বল খেলে ৩১ রান করেন জাফনা কিংসের এই ক্রিকেটার।
হৃদয়ের ঝড়ে ৫ উইকেটে ২০২ রান করে জাফনা। এদিন ব্যাটিংয়ে নামতে হয়নি জাফনার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
আগের ম্যাচে হৃদয়কে তিনে নামায় জাফনা। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে সেদিন এক ছক্কা ও দুটি চারে ২১ বলে ৩৫ রান করেন তিনি।
টস হেরে ব্যাটিংয়ে নামা জাফনা তৃতীয় ওভারে আভিশকা ফের্নান্দোকে হারায়। সেই ধাক্কা কাটিয়ে ওঠে দল কামিল মিশারা ও ইব্রাহিম জাদরানের ৫০ রানের জুটিতে। দুটি ছক্কা ও ছয়টি চারে ১৯ বলে ৪৪ রান করেন মিশারা।
১৮তম ওভারে প্রথম বলে যখন বোল্ড হন ভানুকা রাজাপাকসে, ক্রিজে যান হৃদয়। প্রথম বলে আলতো হাতে পয়েন্টে খেলে সিঙ্গল নিয়ে রানের খাতা খোলেন তিনি। ওভারের পঞ্চম বলে রান আউট হন তিন ছক্কা ও ১২ চারে ৬৫ বলে ৯৫ রান করা ইব্রাহিম।
এরপর শুরু হৃদয়ের ঝড়। শেষ ওভারের প্রথম বলটি লেগ সাইড দিয়ে ছক্কা মারেন তিনি। দ্বিতীয় ডেলিভারিটি ছিল ফুল লেংথ, লং অন দিয়ে ওড়ান ডানহাতি ব্যাটসম্যান। এরপর, অফ স্টাম্পের অনেক বাইরের ইয়র্কার ডেলিভারিটি ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে উড়িয়ে সীমানার বাইরে ফেলেন তিনি।
টানা তিন ছক্কা মারার পর, নিচু ফুলটসে টাইমিং ঠিকমতো করতে পারেননি হৃদয়। লং অফে সহজ ক্যাচ ফেলেন থারুপাথি, আসে দুটি রান।
ওভারের পঞ্চম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। আগেই জায়গা বানিয়ে চোখধাঁধানো শটে কাভারের ওপর দিয়ে আরেকটি ছক্কা ওড়ান হৃদয়। শেষ বলে অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারেন তিনি।
এদিন ৪ ওভারে ৭১ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি দাহানি। এলপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার বিব্রতকর রেকর্ডটি এখন তার। ২০২০ সালে জাফনা স্ট্যালিয়ন্সের বিপক্ষে ৪ ওভারে ৬৩ রান দিয়েছিলেন ডাম্বুলা ভাইকিংসের লাহিরু কুমারা। সেদিন অবশ্য একটি উইকেট পেয়েছিলেন তিনি।
হৃদয়ের দুর্দান্ত দিনে বল হাতে ভালো করতে পারেননি সাকিব। বাঁহাতি স্পিনে ৩ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
বড় লক্ষ্য তাড়ায় সম্মিলিত চেষ্টায় ১৮৩ রান পর্যন্ত করতে পারে কলম্বো। ১৯ রানের জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে জাফনা।