আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা, প্রথম সুপার ওভার: মিরাজ
প্রথমবার সুপার ওভার খেলে মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ, অধিনায়ক মিরাজ আক্ষেপ করলেন শেষ বলে সোহান ক্যাচ ছেড়ে দেওয়াতেও।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলায় সুপার ওভারের অভিজ্ঞতা আগে কখনও ছিল না বাংলাদেশের। প্রথমবার সুপার ওভার খেলায় দল খেই হারিয়েছে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। মূল ম্যাচের শেষ বলে নুরুল হাসান সোহান ক্যাচ নিতে না পারা নিয়েও আক্ষেপ করলেন বাংলাদেশ অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৪০ বছরের পথচলায় ৮১৪ ম্যাচ খেলে বাংলাদেশ প্রথমবার ম্যাচ ‘টাই’ করল মঙ্গলবার। রোমাঞ্চ-উত্তেজনার নানা স্রোত পেরিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলই থামে ২১৩ রানে। পরে সুপার ওভারে ১ রানে হেরে যায় বাংলাদেশ।
সুপার ওভারে ক্যারিবিয়ানরা তোলে ১০ রান। বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর কোনো বৈধ ডেলিভারির আগেই স্কোরবোর্ডে জমা হয় চার রান। প্রথম বলটি ওয়াইড করেন আকিল হোসেন, পরের বলটি করেন ‘নো’, সেই বল থেকে দৌড়ে রান আসে আরও দুটি। এরপর ছয় বলে কেবল সাত রান দরকার ছিল জয়ের জন্য। আকিল পরে ওয়াইড করেন আরও একটি। তার পরও জিততে পারেনি বাংলাদেশ।
ম্যাচের পর মিরাজ বললেন, নতুন কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারেননি তারা।
“আমাদের জন্য এটা ছিল নতুন অভিজ্ঞতা, আমাদের প্রথম সুপার ওভার। মুস্তাফিজ দারুণ বোলিং করেছে (সুপার ওভারে)। আমরা খুশি হতাম, যদি জিততে পারতাম।”
“১০ রান (১১) দরকার ছিল আমাদের। একটি বাউন্ডারি পেলেই ভিন্ন কিছু হতে পারত।”
বাংলাদেশ হেরে যেতে পারত মূল ম্যাচেই। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। মিরাজ তখন বল তুলে দেন সাইফ হাসানের হাতে।
মূল বোলার না হলেও ওভারজুড়ে দারুণ বোলিং করেন সাইফ। শেষ বলে যখন ক্যারিবিয়ানদের প্রয়োজন পড়ে তিন রানের। শেষ ব্যাটসম্যান খ্যারি পিয়ের উড়িয়ে মারেন। কিপার নুরুল হাসান সোহান ছুটে যান বলের নিচে। কিন্তু ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টায় ফসকে যায় বল। দুই রান নিয়ে ম্যাচ ‘টাই’ করে ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওভারে সাইফকে বোলিং দেওয়ার কারণ জানালেন মিরাজ। আক্ষেপ করলেন ক্যাচ পড়ে যাওয়া নিয়েও।
“আমাদের আর কোনো বিকল্প ছিল না। আমাদের বিশ্বাস ছিল, একটি উইকেট নিতে পারলেই ম্যাচ জিততে পারব। ওই ক্যাচটি নিতে পারলে (শেষ বলে) আমরা ম্যাচ জিততে পারতাম। এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে আমরা।”
