এশিয়া কাপ শেষেই আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সিরিজ
বাংলাদেশের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান।
এশিয়া কাপে তো বাংলাদেশ-আফগানিস্তানের লড়াই হবেই। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর শেষেই আবার মুখোমুখি হবে দুই দল। গত বছর স্থগিত হওয়া সিরিজটির নতুন সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে দুই দল। যথারীতি সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে, যেটিকে ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করে আসছে আফগানিস্তান।
২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু মাঠের লড়াই। পরের দুটি ম্যাচ ৩ অক্টোবর ও ৫ অক্টোবর। ওয়ানডের লড়াই শুরু ৮ অক্টোবর। পরের দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর।
ম্যাচগুলোর ভেন্যু অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।
এশিয়া কাপের গ্রুপ পর্ব উতরাতে পারলে এই টুর্নামেন্ট শেষে একবারে আফগানদের সঙ্গে সিরিজ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেলে অবশ্য দেশে ফিরে পরে আবার আমিরাতে যাবেন লিটন দাসরা।
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তান সবশেষ মুখোমুখি হয়েছিল গত বছর। শারজাহতে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল আফগানরা।
ওয়ানডেতে দুই দলের সিরিজ সাফল্য এখনও সমানে সমান। চার সিরিজের প্রথম দুটি জিতেছিল বাংলাদেশ, পরের দুটি আফগানিস্তান।
টি-টোয়েন্টিতে এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে তিনটি। প্রথমটি জিতেছিল আফগানিস্তান, পরেরটি শেষ হয়েছিল ১-১ সমতায়। সবশেষ ২০২৩ সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
