২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভাল টেস্টেও খেলতে পারেন বুমরাহ

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ ম্যাচে অভিজ্ঞ এই পেসারের খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি ভারত কোচ গৌতম গাম্ভির।

ওভাল টেস্টেও খেলতে পারেন বুমরাহ
জাসপ্রিত বুমরাহ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 04:10 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ইংল্যান্ড সফরের চলতি টেস্ট সিরিজে পিছিয়ে আছে ভারত। সমতা টানতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। স্বাভাবিকভাবেই, ওভাল টেস্টে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে চাইবে তারা। টানা তৃতীয় ম্যাচে তাই জাসপ্রিত বুমরাহকে খেলাতে পারে সফরকারীরা।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টটি রোববার শেষ দিনে ড্র হয়। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় ইনিংসে শুবমান গিল, রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দারের সেঞ্চুরিতে ম্যাচ বাঁচায় ভারত।

হেডিংলিতে হার দিয়ে পাঁচ ম্যাচের সিরিজটি শুরু করে গিলের দল। এজবাস্টনে পরের ম্যাচ জিতে সমতা ফেরায় তারা। লর্ডসে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে গিয়ে ফের পিছিয়ে পড়ে ভারত। আর ম্যানচেস্টারের ড্রয়ে সিরিজ হার এড়াতে এখন শেষ ম্যাচ জিততেই হবে তাদের।

সিরিজের এমন পরিস্থিতিতে লন্ডনের আসছে ম্যাচে দলের সেরা বোলার বুমরাহকে প্রয়োজন ভারতের। যদিও ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের’ জন্য সফর শুরুর আগেই তাকে তিন টেস্ট খেলানোর কথা বলা হয়েছিল দলটির পক্ষ থেকে। এরই মধ্যে চলতি সিরিজে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

তাই শেষ ম্যাচে বুমরাহকে খেলানো হবে কিনা, উঠছে এই প্রশ্ন। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে সেটি খোলাসা করেননি ভারত অধিনায়ক শুবমান গিল। 

“সে যদি নিজেকে পুরোপুরি ফিট মনে করে এবং খেলতে প্রস্তুত থাকে, আমার মনে হয়, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। আর সে যদি না খেলে, আমি মনে করি, তবুও আমাদের ভালো একটি বোলিং আক্রমণ আছে।”

ওল্ড ট্র্যাফোর্ডে নিজেকে মেলে ধরতে পারেননি বুমরাহ। একমাত্র ইনিংসে ৩৩ ওভার করে ২ উইকেট নিতে রান খরচ করেছেন ১১২ রান। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম একশ বা এর বেশি রান দিয়েছেন তিনি। ম্যাচটিতে তার বলের গতিও ছিল কম।

ম্যানচেস্টারে বুমরাহকে না খেলিয়ে অবশ্য উপায়ও ছিল না ভারতের। চোটের ছোবলে যে জর্জরিত ছিল তাদের পেস বোলিং বিভাগ। কুঁচকির সমস্যায় আকাশ দিপ ও আঙুলের চোটে আর্শদিপ সিং ম্যাচটি থেকে ছিটকে যান। প্রাসিধ কৃষ্ণাকে বসিয়ে ম্যাচটিতে আনশুল কাম্বোজকে অভিষেক করায় ভারত।

গিল নিশ্চিত করেছেন, সিরিজে দুটি টেস্ট খেলা আকাশ দিপ সেরে উঠেছেন। আর গাম্ভির জানিয়েছেন, বুমরাহসহ তার সব পেসারই এখন ফিট। টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার বুমরাহর পরের টেস্ট খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

“সব ফাস্ট বোলারই ফিট আছে। চোট নিয়ে কোনো দুর্ভাবনা নেই।”

“শেষ টেস্টে কম্বিনেশন নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। জাসপ্রিত বুমরাহ খেলবে কি খেলবে না, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শেষ পর্যন্ত যারা-ই খেলবে, চেষ্টা করবে দেশের জন্য ম্যাচটি জিততে।”

চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। ২-২ সমতা নিয়ে সিরিজ শেষ করার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার পঞ্চম টেস্ট শুরু করবে তারা।