আফ্রিদি-সালমানদের শাস্তি
ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে পাকিস্তান দল। শাহিন শাহ আফ্রিদি, সালমান আলি আগাদের আর্থিক জরিমানা করা হয়েছে।
পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার কথা বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।
রাওয়ালপিন্ডিতে গত মঙ্গলবার ৬ রানের রোমাঞ্চকর জয়ের ম্যাচে নির্ধারিত সময়ে ৪ ওভার কম করেছে পাকিস্তান। যে কারণে স্বাগতিকদের শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি আলি নাকভি।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়।
পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি শাস্তি মেনে নেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচটিতে সালমানের সেঞ্চুরিতে ২৯৯ রানের পুঁজি গড়ে পাকিস্তান। পরে হারিফ রউফের চমৎকার বোলিংয়ে লঙ্কানদের ২৯৩ রানে থামিয়ে দেয় তারা।
তিন ম্যাচের সিরিজে এখন ১-০ তে এগিয়ে পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে শুক্রবার।
