ভারতের বিপক্ষে ১০ বছরের খরা কাটাতে মরিয়া অস্ট্রেলিয়া
সিরিজ জিততে দলের সবাই দৃঢ়প্রতিজ্ঞ, বললেন অস্ট্রেলিয়ান পেসার জশ হেইজেলউড।
দুটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ- গত প্রায় এক দশকে অনেকগুলো বড় সাফল্যই পেয়েছে অস্ট্রেলিয়া। তবে এই সময়ে একটি অপ্রাপ্তি তাদের রয়েই গেছে- ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়! অস্ট্রেলিয়ান পেসার জশ হেইজেলউড বলছেন, দীর্ঘ খরা কাটিয়ে এবার বোর্ডার-গাভাস্কার ট্রফি উঁচিয়ে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ দলের সবাই।
আগামী শুক্রবার পার্থ টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। তিন দশকের বেশি সময় পর পাঁচ টেস্টের সিরিজ খেলবে দল দুটি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই বর্তমান অস্ট্রেলিয়া দলের বেশিরভাগেরই। এমনকি বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও এই স্বাদ পাননি কখনও। গত বছর তার নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে অস্ট্রেলিয়া। উপমহাদেশের দলটির বিপক্ষে এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলে তিনি জয়ের স্বাদ পেয়েছেন কেবল তিনটিতে।
২০১৪-১৫ মৌসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে দুই দলের সবশেষ চারটি সিরিজই জিতেছে ভারত, এর মধ্যে দুটি অস্ট্রেলিয়ার মাটিতে।
২০১৪-১৫ মৌসুমের সিরিজেই টেস্ট অভিষেক হয়েছিল হেইজেলউডের। ৩৩ বছর বয়সী পেসার ফিরে গেলেন সেই স্মৃতিতে।
“এখনও আমার প্রথম সিরিজের কথা মনে আছে, যখন আমরা ২-০ ব্যবধানে জিতেছিলাম। আমি তিনটি ম্যাচ খেলেছিলাম। সেগুলোতে সত্যিই ফ্ল্যাট উইকেট ছিল এবং সব ম্যাচে (প্রায়) ৫০ ওভার বোলিং করেছিলাম। ওই সিরিজ শেষে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। কঠিন ছিল। আমার মনে হয়, এবারও ভিন্ন হবে না।”
“আমি জানি, দলে এমন অনেক ছেলে আছে যারা ভারতকে কখনও টেস্ট সিরিজে হারাতে পারেনি। অবশ্যই আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের হারিয়েছি, কিন্তু ২০১৪-১৫ মৌসুমে তাদের ২-০তে হারানোর সময় সেখানে ছিল এখনকার মাত্র কয়েকজন। হ্যাঁ, সবাই দৃঢ়প্রতিজ্ঞ (এবার সিরিজ জিততে)।”
