২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উডের গতির ঝড় আর দেখা যাবে না এই বছর

মার্ক উডের কাছ থেকে ১০০ মাইল গতির ডেলিভারি দেখতে চেয়েছিলেন বেন স্টোকস, কিন্তু আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ফাস্ট বোলারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2024, 10:25 AM

Updated : 26 Aug 2026, 10:25 AM

উরুর চোটের কারণে সতর্কতা হিসেবে বিরতি নিয়েছিলেন মার্ক উড। এখন দেখা যাচ্ছে আরও গুরুতর চোট আছে তার কনুইয়ে! তাই অনেক বেশিই দীর্ঘায়িত হচ্ছে তার সেই বিরতি। এই বছর আর ইংল্যান্ডের হয়ে বল হাতে ছুটতে পারবেন না এই ফাস্ট বোলার।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় উরুতে টান লাগে উডের। মাঠ ছেড়ে যান তিনি তখনই। সাবধানতার অংশ হিসেবে পরের দুই টেস্টের দলে তাকে রাখা হয়নি।

এখন বছরে ইংল্যান্ডের বাকি ছয়টি টেস্টেও দেখা যাবে না ৩৪ বছর বয়সী ফাস্ট বোলারকে। এর তিনটি টেস্ট ছিল পাকিস্তানের, তিনটি নিউ জিল্যান্ডে। এছাড়া এই সময়টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে আছে পাঁচটি, টি-টোয়েন্টি তিনটি, ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি।

কনুইয়ে একটু অস্বস্তি ছিল তার আগে থেকেই। তিনি ভেবেছিলেন ছোটখাটো কোনো সমস্যা, ফাস্ট বোলারদের যেগুলো প্রায় সবসময়ের সঙ্গী। এবার উরুর চোটের পুনবার্সনের ফাঁকে সেই কনুই পরীক্ষা করান তিনি। সেই স্ক্যান থেকেই চমকে যাওয়ার মতো দুঃসংবাদ পান বলে সামাজিক মাধ্যমে জানান উড।

“কনুইয়ে আগে থেকেই অস্বস্তি ছিল, ভেবেছিলাম এটি রুটিন চেক-আপ। কিন্তু বিস্মিত হয়ে জানতে পারলাম, আমার ডান কনুইয়ে খানিকটা ‘বোন-স্ট্রেস’ চোট আছে। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে কুঁচকিতে সামান্য টান লাগার পর আমি ও মেডিকেল স্টাফরা মনে করেছিলাম, কনুইটা পরীক্ষা করার উপযুক্ত সময় এটিই। ধরেই নিয়েছিলাম, এটা ছোটখাটো কোনো সমস্যা, যেসব নিয়ে ফাস্ট বোলারদের খেলতে হয়।”

“খুবই অবাক হয়েছি যে, এত বড় সমস্যা নিয়েই টেস্ট ক্রিকেট খেলছিলাম এবং গতি ক্রমেই বাড়ছিল। ফিটনেস নিয়ে বরাবরই অবিশ্বাস্যরকমের খেটেছি আমি, বাড়তি কাজ করেছি কোচ ও ফিজিওদের সঙ্গে। এসব কারণ এই চোট আরও বেশি হতাশাজনক। তবে ফাস্ট বোলারদের এসব মেনে নিতেই হয়। বছরের বাকি সময়টায় বিশ্রাম নেব, নিজেকে আবার তৈরি করব ও আশা করি, আগামী বছরের শুরুতে পুরো দমে আবার ফিরব।”

মাঠের বাইরে ছিটকে পড়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে গতির ঝড় তোলেন উড। ট্রেন্ট ব্রিজ টেস্টে ৯৭.১ মাইল গতি (প্রায় ১৫৭ কিলোমিটার) স্পর্শ করেন তিনি। এজবাস্টনে বিধ্বংসী এক স্পেলে ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন ক্যারিবিয়ান ব্যাটিং। 

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ওই সময়টায় বলেছিলেন, শিগগিরই উডের কাছ থেকে ১০০ মাইল গতির ডেলিভারি আশা করছেন তিনি। এখন বিস্ময়কর যে, কনুইয়ের হাড়ে এত বড় চোট নিয়েই অমন গতি তিনি তুলতে পেরেছিলেন। 

ক্যারিয়ারজুড়েই নানারকম চোটের সঙ্গে লড়তে হয়েছে উডকে। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তাই টেস্ট খেলতে পেরেছেন কেবল ৩৭টি। ওয়ানডে খেলেছেন তিনি ৬৬টি, টি-টোয়েন্টি ৩৪টি।