Published : 06 Jul 2026, 12:07 PM
টুর্নামেন্টের শুরু থেকেই দলের সঙ্গে আছেন সাকিব আল হাসান। কিন্তু খেলার সুযোগ মিলছিল না। অবশেষে দলের সপ্তম ম্যাচে প্রথমবার মাঠে নামার সুযোগ পেলেন বাংলাদেশের অলরাউন্ডার। তবে দীর্ঘ বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফিরে খুব ভালো কিছু করতে পারলেন না তিনি।
মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্কের হয়ে প্রথম খেলতে নেমে ব্যাটিংয়ে ৩ বলে ১ রান করে আউট হয়ে যান সাকিব। বল হাতে বেশ আঁটসাঁট ছিলেন। তবে ছোট পুঁজির ম্যাচে দলের জন্য জরুরি ছিল উইকেট। সেটা তিনি আদায় করতে পারেননি। ৪ ওভারে ২৫ রান দিয়ে রয়ে যান উইকেটশূন্য।
এই ম্যাচ দিয়ে ৬ মাস পর স্বীকৃত ক্রিকেটে ফিরলেন সাকিব। এটির আগে তার সবশেষ ম্যাচটি ছিল সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে গত ৪ জানুয়ারি।
ক্যালিফোর্নিয়ার পোমোনায় নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সোমবার সকালের ম্যাচটিতে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউ ইয়র্ক প্রথম ওভারে হারায় কুইন্টন ডি কককে। পাওয়ার প্লের ভেতর মোনাঙ্ক প্যাটেল ও তাজিন্দার সিংও আউট হলে পঞ্চম ওভারে ক্রিজে যান সাকিব। তবে টিকতে পারেননি বেশিক্ষণ। অস্ট্রেলিয়ার পেসার ব্রডি কাউচের বাড়তি লাফানো ডেলিভারিতে স্লিপে ফিন অ্যালেনের হাতে ধরা পড়েন তিনি।

৪৬ রানে ৬ উইকেট হারানো ২০ ওভারে নিউ ইয়র্ক কোনোরকমে করতে পারে ১০৪ রান। করবিন বশ করেন ২১ রান, নিকোলাস পুরান ২০।
স্যান ফ্রান্সিসকোর ম্যাথু শর্ট চার উইকেট শিকার করেন, কাউচ তিনটি।
রান তাড়ায় দুই ওপেনার ফিন অ্যালেন ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে দ্রুত হারালেও জিততে বেগ পেতে হয়নি স্যান ফ্রান্সিসকোর। ৪৮ রানে অপরাজিত থাকেন সাঞ্জায় কৃষ্ণমূর্তি। শর্ট করেন ২১ রান।
মেজর লিগ ক্রিকেটে সাকিবের দ্বিতীয় মৌসুম এটি। গত আসরে তিনি চারটি ম্যাচ খেলেছিলেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে। এই টুর্নামেন্টের পর তিনি খেলবেন লঙ্কা প্রিমিয়ার লিগে।